
ফটিকছড়িতে ভাটায় ইট তৈরির জন্য বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি। অভাবী কৃষকদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে জমির উর্বর মাটি (টপ সয়েল) কিনে নিচ্ছেন ব্যাপারীরা। এরপর ইটভাটায় বেশি মূল্যে বিক্রি করছেন তাঁরা। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
স্থানীয় লোকজন ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে আমন ধান কাটার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য চলছে ফসলি জমির মাটি বেচাকেনা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও পিকআপে করে মাটি সরবরাহ দেওয়া হচ্ছে।
২০ ডিসেম্বর হারুয়ালছড়ি বিলে গিয়ে দেখা গেছে, জমি থেকে উপরিভাগের মাটি কাটা হচ্ছে। এসব মাটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। এ ছাড়া উপজেলার সুয়াবিল, ভুজপুর, কাঞ্চননগর, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকেও কৃষিজমির মাটি সরবরাহ করা হচ্ছে ইটভাটায়।
হারুয়ালছড়ি গ্রামের কৃষক আলী আকবর (৩৩) বলেন, ‘মাটি ব্যবসায়ীর কাছে তিন কানি (১২০ শতক) জমির উপরিভাগের দুই থেকে আড়াই ফুট মাটি সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছি।’
ভুজপুর গ্রামের কৃষক ফরিদ আহমদ (৪৫) বলেন, ‘আমি সাত কানি (২৮০ শতক) জমির উপরিভাগের মাটি নয় হাজার টাকায় বিক্রি করেছি।’ ফসল উৎপাদনে লোকসান হওয়ায় এমনটি করছেন বলে জানান তিনি।
কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নিলে উর্বরতা শক্তি নষ্ট হয়ে ফসল উৎপাদন কমে যায়—এ ব্যাপারে জানেন কি না, জানতে চাইলে দুই কৃষকই বলেন, তাঁরা জানেন না।
নারায়ণহাটে মাটি বেচাকেনার সঙ্গে জড়িত ব্যাপারী আবু ইউসুফ বলেন, ‘এই উপজেলায় আগে ২৫ থেকে ৩০টি ইটভাটা ছিল। এখন অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এ কারণে মাটির চাহিদাও বেড়েছে। যাঁদের প্রয়োজন তাঁরা চুক্তিভিত্তিক অর্ডার দেন। আমরা বিভিন্ন এলাকার কৃষকের কাছ থেকে পতিত জমির মাটি কিনে তা ভাটায় সরবরাহ করি।’
সুয়াবিল গ্রামের বর্গাচাষি টিপু চৌধুরী (৩৮) বলেন, ফসলি জমি থেকে মাটি তুলে নেওয়ায় এসব জমি অপেক্ষাকৃত নিচু হয়ে যায়। এতে স্বাভাবিক চাষাবাদে বিরূপ প্রভাব পড়ছে।
পাইন্দং গ্রামের একটি ভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ইট তৈরির জন্য পতিত জমির সঙ্গে ফসলি জমির মাটিও কেনা হচ্ছে। আর মাটি কেনা হচ্ছে ব্যাপারীদের কাছ থেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, জমির উপরিভাগে এক থেকে দেড় ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরতা শক্তি বিদ্যমান। কিন্তু ওই অংশটিই কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়, যা ফিরে আসতে পাঁচ-ছয় বছর সময় লাগে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য অভাবী কৃষকদের কাছ থেকে মাটি কিনে বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ দেয়নি। এ ধরনের মাটি বিক্রি বন্ধের উদ্যোগ নিতে বলা হবে।’