কৃষকের ঘর থেকে আকাশ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দুজন তখন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর। চরে দেখলাম টেনিস বল সাইজের একটা কী পড়ে আছে। আমার সহযোদ্ধা বলল, ওটা তরমুজ। এত ছোট? ছোট হলেও এটা তরমুজই ছিল। ওটা দুভাগ করে রস খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করলাম। অনেক দূর হাঁটার পর দেখলাম খেতে একজন কৃষক কাজ করছেন। তাঁর কাছে খাবার চাইলাম। তিনি বললেন, আপনারা বসেন। হাতের কাজটা শেষ করে আপনার বাড়ি নিয়ে যাব। একসময় তাঁর কাজ শেষ হলো। আধঘণ্টা হেঁটে তার বাড়ি পৌঁছলাম। ছোট একটা বাড়ি। ডালায় করে তিনি আমাদের মুড়ি ও গুড় খেতে দিলেন। আনন্দের সঙ্গে খেলাম। বিদায় নেওয়ার আগে সেই কৃষক ভাইকে বললাম, আপনার বাড়িটা একটু দেখব। তিনি ভেতরে গিয়ে তার স্ত্রীকে বললেন, তিনি পেছনে সরে গেলেন। আমরা ভেতরের ঘরে ঢুকলাম। দেখলাম, তাঁর ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে। সেই বাড়ি থেকে ফেরার সময় ভাবছিলাম, দেশ যদি স্বাধীন হয়, এই গরিব কৃষকের জন্য কিছু করব। তার নাম-ধাম ডায়েরিতে লিখে রাখলাম—বলছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান। ওই কৃষকের কথা তিনি ভুলতে পারেন না। যুদ্ধের শেষ দিকে তাঁর ডায়েরিটি তিনি হারিয়ে ফেলেছেন। স্বাধীনতার পর সেই বাড়ি খুঁজে বের করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। আজও আমাদের দেশের কৃষকের ঘরের চালে বড় বড় ফুটো। সেই ফুটো দিয়ে আকাশ দেখা যায়। দুঃখের সঙ্গে বলছিলেন এই মুক্তিযোদ্ধা।এটি ছিল রাজশাহী ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। ৬ মার্চ বিকেলে রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের মাস্টার শেফ রেস্তোরাঁর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বইটির প্রকাশক প্রথমা প্রকাশন। ১৯৭১ সালে রাজশাহীতে যাঁরা যুদ্ধ করেছেন, যাঁরা দুঃখ-কষ্ট-নির্যাতনের শিকার হয়েছেন বা ঘটনাগুলো দেখেছেন—এ রকম ১৯ জন মানুষের সাক্ষাৎকার সংকলিত হয়েছে এই বইয়ে। সাক্ষাৎকার দিয়েছেন, এমন মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও উপস্থিতি এই প্রকাশনা অনুষ্ঠানকে একটা গুরুত্বপূর্ণ সমাবেশে পরিণত করেছিল। মো. বদিউজ্জামান বীর প্রতীক ছাড়াও এই বইয়ে আরও দুজন বীর প্রতীকের সাক্ষাৎকার আছে, যেখানে তাঁদের যুদ্ধের অভিজ্ঞতা খোলাখুলিভাবে তুলে ধরা হয়েছে। তাঁরা হলেন মো. আজাদ আলী বীর প্রতীক ও নূর হামীম রিজভী বীর প্রতীক। দর্শক শুনলেন তাঁদের বর্তমান অনুভূতির কথা। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। সভাপতি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক সনৎকুমার সাহা।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, একসময় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয়নি। রাজশাহী ১৯৭১-এর মতো বই বাংলাদেশের আঞ্চলিক ইতিহাস রক্ষা ও রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি একই প্রক্রিয়ায় সারা দেশের জেলা পর্যায়ের মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের আহ্বান জানান। প্রসঙ্গক্রমে তিনি রাজশাহী সিটি করপোরেশনের একটি উদ্যোগের কথা জানান। সিটি করপোরেশন বরেন্দ্র এলাকার ইতিহাসের ওপর ২ খণ্ডে এক হাজার চার শ পৃষ্ঠার একটি বই প্রকাশ করছে, যার একটা অংশে থাকবে রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই বই সরকারি স্কুল-কলেজে তো বটেই, গুরুত্ব বিবেচনা করে বেশ কিছু বেসরকারি স্কুল-কলেজের লাইব্রেরিতেও বিনা মূল্যে দেওয়া হবে। করতালির মধ্য দিয়ে মেয়রের এই ঘোষণা অভিনন্দিত হয়েছে।রাজশাহী ১৯৭১ বইটিতে সংকলিত ১৯টি সাক্ষাৎকারের ১৬টিই নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক। দিনের পর দিন কীভাবে তিনি এই কঠিন কাজটি করেছেন, তার বিবরণও ছিল শোনার মতো। সভাপতি অধ্যাপক সনৎকুমার সাহা অনেক অপ্রাপ্তির মধ্যেও শুনিয়েছেন আশার কথা—আমাদের দেশে এমন অনেকে ক্ষমতা ভোগ করেছে, যাদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে সংশয় দেখা গেছে। অনেকে ছিল মুক্তিযুদ্ধের বিরোধী। তারা দেশকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু আমরা দেখতে পাই, মুক্তিযুদ্ধের পর ৪০ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। তাতে প্রমাণিত হয়, আমাদের মুক্তিযুদ্ধ ছিল সংগত ও যৌক্তিক।রাজশাহী ১৯৭১ সম্পাদনা করেছেন মুহাম্মদ লুৎফুল হক ও রাশেদুর রহমান। মুহাম্মদ লুৎফুল হক দর্শকদের জানিয়েছেন বইটির সম্পাদনার বিষয়ে। তিন বীর প্রতীক মুক্তিযোদ্ধাসহ অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন। তারপর যাঁদের সাক্ষাৎকার এই বইয়ে ছাপা হয়েছে, তাঁদের হাতে বই তুলে দেওয়া হয়।মাস্টার শেফ রেস্তোরাঁর সামনে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ছিল প্রথমা প্রকাশনের বইয়ের বিক্রয় ও প্রদর্শনী, প্রথম আলো জবসের চাকরির বাজার সম্পর্কে পরিচিতি এবং প্রথম আলো ও প্রথম আলো-বন্ধুসভার স্মারক প্রদর্শনী। কোনো গান ছিল না, কবিতা পাঠ ছিল না, তবু মুক্তিযোদ্ধা ও রাজশাহীর আগ্রহী দর্শক-শ্রোতারা সত্যিই একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে নিয়েছিলেন।