কৃষকের ঘরে খুশির বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া পৌরসভার রামপুর এলাকায় ধান কাটছেন কৃষকেরা
সাতকানিয়া পৌরসভার রামপুর এলাকায় ধান কাটছেন কৃষকেরা

সাতকানিয়া উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় কৃষক পরিবারে খুশির বন্যা বইছে। প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি না হওয়ায় কৃষকেরা খেতের ধান আগাম কাটতে পেরেছেন। ইতিমধ্যে পুরো উপজেলার বোরো খেতের ধান অধের্েকর বেশি কাটা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলায় এবার লক্ষ্যমাত্রার বেশি পাঁচ হাজার ৮৫০ হেক্টর জমিতে হাইব্রিড ও উফশী জাতের বোরো ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল পাঁচ হাজার ১৭০ হেক্টর। কৃষকেরা হাইব্রিডে ‘সুপার’, ‘রাইসার’ এবং উফশীতে ‘ব্রি ধান ২৯’, ‘ব্রি ধান ৫৫’ ও ‘ব্রি ধান ৫৮’ চাষ করে ভালো ফলন পেয়েছেন।
কৃষকেরা জানান, উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে কাঞ্চনা, চরতি, নলুয়া, সোনাকানিয়া, কালিয়াইশ, ধর্মপুর, ঢেমশা ও পুরানগড়ে বেশি চাষ হয়েছে। কাঞ্চনা ইউনিয়নের গুড়গুড়ি এলাকার কৃষক আবদুল বারি বলেন, ‘প্রায় ছয় একর জমিতে বোরো ধানের চাষ করেছি। এসব খেতে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের বোরো ধানের চারা লাগিয়েছিলাম। প্রত্যেক খেতেই ধানের ফলন ভালো হয়েছে।’
উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি খোট্টাপাড়া গ্রামের কৃষক মো. আলিম উল্লাহ (৭৫) বলেন, ‘এ বছর তিন একরের চেয়ে সামান্য বেশি জমিতে হাইব্রিড সুপার ও হিরা জাতের বোরো ধানের চাষ করেছিলাম। ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। ইতিমধ্যে দুই একর খেতের বোরো ধান ঘরে তুলেছি। বাকি ধান কয়েক দিনের মধ্যে কাটা শেষ হবে।’
সাতকানিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উপজেলায় এবার বোরো ধানের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকেরা জমিতে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন।
কৃষি কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, ‘মাঠ পর্যায়ে খেতের অবস্থা পর্যবেক্ষণ এবং কৃষকদের সঙ্গে সমন্বয় করে জেনেছি ফলন বাম্পার হয়েছে। এবার বোরো চাষে প্রত্যেক কৃষক লাভবান হবেন।’