
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবার ফসলের খেতে পোকামাকড় ও রোগবালাই কম হওয়ায় আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষিবিদেরা বলছেন, এবার উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে উপজেলার ১১ ইউনিয়নে শুরু হয়েছে ধান মাড়াই। উপজেলার কৃষকের ঘরে ঘরে চলছে নতুন ধান তোলার উৎসব।
আনোয়ারা উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার আনোয়ারায় ৬ হাজার ৫৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে। তার মধ্যে বৈরাগ ইউনিয়নে ৬৫০ হেক্টর, বারশত ইউনিয়নে ৬৮০ হেক্টর, রায়পুরে ২৩০ হেক্টর, বটতলীতে ৭৯০ হেক্টর, বরুমচড়ায় ৭৬৫ হেক্টর, বারখাইনে ১ হাজার ১০ হেক্টর, আনোয়ারা সদর ইউনিয়নে ৩৮০ হেক্টর, চাতরীতে ৫৫৫ হেক্টর, পরৈকোড়ায় ৩৩০ হেক্টর, হাইলধরে ৮৫০ হেক্টর ও জুঁইদণ্ডীতে ৪৬০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, গত বছর উপজেলায় প্রতি হেক্টরে চাল উৎপাদন হয়েছিল ২ দশমিক ৫ মেট্রিক টন। এবারও তাই প্রতি হেক্টরে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছিল ২ দশমিক ৫ মেট্রিক টন। কিন্তু প্রদর্শনী প্লটগুলোর ফলনের হিসাব থেকে দেখা যাচ্ছে, এবার প্রতি হেক্টরে চাল উৎপাদ হবে ৩ দশমিক ৫ মেট্রিক টন।
উপজেলার বিভিন্ন এলাকায় এবার ব্রি ধান ৩২, ব্রি ধান ৩৯, ব্রি ধান ৪৯ ও ব্রি ধান ৫২ চাষাবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো ফলন পাওয়া গেছে ব্রি ধান ৩৯ ও ব্রি ধান ৪৯ থেকে। এবার পরিমাণমতো বৃষ্টি হওয়ার পাশাপাশি রোগবালাই, পোকামাকড় তেমন না থাকায় ফলন ভালো হয়েছে।
উপজেলার বারখাইনের তৈলারদ্বীপ, শিলাইগড়া, শোলকাটা ও বরুমচড়া এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে এসব গ্রামের চাষিরা ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে, এখনো সব জমির ধান কাটা হয়নি।
উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চাষি নুর মোহাম্মদ বলেন, ‘আমি জমিতে এবার ব্রি ধান ৩৯ চাষ করেছি। এখন ধান মাড়াই করেছি। হেক্টরপ্রতি পাঁচ টন ধান বা ৩ দশমিক ২ টন চাল উৎপাদিত হয়েছে এবার।’
উপজেলার চাতরী এলাকার চাষি আলী আহমদ (৪৭) বলেন, ব্রি ধান ৫২ বেশি পানিতে চাষাবাদ করা গেলেও ঘূর্ণিঝড় নাডার প্রভাবে ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে অন্যান্য ধানের ফলন ভালো হয়েছে।
আনোয়ারা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেব নাথ প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারার ১১ ইউনিয়নে এবার আমনের ভালো ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। আশা করি চাষিরা লাভবান হতে পারবেন।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘ইতিমধ্যে উপজেলাজুড়ে আমন মাড়াই শুরু হয়েছে। মাড়াইকালে আমরা কয়েকটি প্রদর্শনী জমির ফলন পরিদর্শন করে দেখতে প্রতি হেক্টরে ৩ দশমিক ৫ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।’ তিনি আরও জানান, আবহাওয়া অন্যান্য বছরের তুলনায় এ বছর ভালো থাকায় আমনের ফলন ভালো হয়েছে।