কৃষকের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে উচ্চফলনশীল বীজ কিনে আবাদ করার পর আশানুরূপ ফলন পাননি কৃষকেরা। সরবরাহ করা ব্রি-৩৩ জাতের ধানের বীজ নিম্নমানের ছিল এবং ধানের আবাদ-সংক্রান্ত সঠিক তথ্যও বিএডিসির কাছ থেকে পাননি বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে দুইটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এখনো কোনো কৃষক ক্ষতিপূরণ পাননি বলে জানিয়েছেন। কৃষকেরা জানিয়েছেন, তাঁরা গত জুনে বিএডিসি গুদাম থেকে ৩৫ টাকা কেজি দরে ব্রি-৩৩ ধানের বীজ কিনেছিলেন। কেনার সময় বিএডিসির কৃষিবিদেরা জানিয়েছিলেন, এ জাতের ধান সব মৌসুমে চাষযোগ্য এবং ফলন অন্যান্য উচ্চফলনশীল জাতের মতো ভালো। বালাঘাটা এলাকার কৃষক শশীভূষণ চাকমা বলেন, ‘জমিতে চারা লাগানোর ২৫-২৬ দিন পর দেখা গেছে, কিছু ধানগাছে শিষ হয়েছে। কিছু গাছ বাড়ন্ত অবস্থায় রয়েছে। সব গাছে একই সময় ধানের শিষ আসেনি। এ ছাড়া একই জাতের বীজ মনে হলেও গাছ বড় হওয়ার পর কয়েক জাতের ধান দেখা গেছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবান সদর উপজেলার তংপ্রুপাড়া, লেমুঝিড়ি, ক্যমলং ও কুহালংসহ বেশ কিছু এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বিএডিসি থেকে একই জাতের বীজ কিনে ভালো ফলন হয়েছে বলেও অনেক কৃষক জানিয়েছেন।বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় নাগস্যা চাকমা, নীহারকান্তি বড়ুয়াসহ বেশ কয়েকজন কৃষক এ জাতের ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে নগস্যা চাকমার ধানখেতে গিয়ে দেখা যায়, বেশির ভাগ ধান পাকতে শুরু করলেও বহু ধানগাছে এখনো শিষ বের হচ্ছে। নাগস্যা চাকমা বলেন, ‘ধানের শিষ বের হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য পোকার আক্রমণ হচ্ছে। কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না।’ এই অবস্থায় উৎপাদন খরচের অর্ধেকও তুলে আনতে পারবেন না বলে তিনি হতাশা ব্যক্ত করেন।অন্যের জমিতে বর্গা চাষ করেন নীহারকান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘দুই একর জমিতে এ ধানের চারা রোপণ করেছি। এ পর্যন্ত জমি তৈরি, চারা রোপণ, আগাছা দমনসহ বিভিন্ন কাজে নিজের শ্রম বাদ দিয়ে ৭৫ হাজার টাকা খরচ হয়েছে।’ তিনি বলেন ‘ধানের বীজ নেওয়ার সময় বিএডিসির কর্মকর্তারা বলেছিলেন, সব মৌসুমে চাষযোগ্য এ ধান কম সময়ে অত্যন্ত ভালো ফলন দেয়। তাঁরা নিশ্চয়তা দিয়েছেন বলেই ধান লাগিয়েছি। কিন্তু নিম্নমানের বীজের কারণে উৎপাদন খরচও উঠবে না। বর্গাদারকে ৪০ মণ ধান কীভাবে দেব বুঝতে পারছি না।’ ক্ষতিপূরণ না পেলে বিএডিসির বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি। বিএডিসির গুদামরক্ষক বাদল কান্তি দাশ বলেন, ‘ব্রি-৩৩ জাতের তিন হাজার কেজি (৩০০ বস্তা) বীজধান জেলার সাতটি উপজেলায় বিক্রি করা হয়েছে। এর মধ্যে বিএডিসি বিপণন করেছে ২০০ কেজি এবং দুই হাজার ৮০০ কেজি ঠিকাদারের মাধ্যমে মাঠপর্যায়ে বিপণন করা হয়েছে। এসব বীজের মধ্যে ভেজাল বা নিম্নমানের বীজ ছিল কি না, তা আমার জানা নেই।’ বিএডিসির উপপরিচালক (ডিডি) দীপক কুমার দাশ বলেন, ‘বিএডিসির বিপণন বিভাগের প্যাকেটজাত ধানের বীজ নিম্নমানের ও একাধিক জাতের মিশ্রণ হওয়ার কোনো সুযোগ নেই। মাত্র ১১৮ দিনের জীবনকাল ও আগাম জাতের ব্রি-৩৩ ধানের জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। সঠিক পরিচর্যা যাঁরা করেননি তাঁদের ফলন ভালো হয়নি। একই সময়ে কয়েক জাতের ধান রোপণ করে তাঁরা ধানের বীজে মিশ্রণ ঘটিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ (সিপিএস) শামসুদ্দিন আহমদকে নিয়ে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শামসুদ্দিন আহমদ জানান, তিনি কয়েকজনের জমি দেখেছেন। নিম্নমানের বীজের কারণে নাকি কৃষকদের পরিচর্যার অভাবে এমন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তিনি প্রতিবেদন দেবেন বলে জানান। বিএডিসির যুগ্ম পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সদস্য ও চট্টগ্রামের বীজ বিপণন বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেছেন, তদন্তে তাঁরা দেখেছেন ধানের বীজের সমস্যা নয়। ব্রি-৩৩ আগাম জাতের ধানের চারাও আরও আগে রোপণ করতে হয়। কিন্তু যে কৃষকেরা দেরিতে চারা রোপণ করেছেন, তাঁদের কিছুটা সমস্যা হয়েছে। এ সমস্যার কারণে ১৫ শতাংশ ফলন বা উৎপাদন কম হতে পারে বলে তিনি জানান।