কৃষকের মুখে হাসি ফোটাল পাহাড়ি কচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় এবার কচুর ভালো ফলন হয়েছে। স্থানীয় জাতের এ কচুর উৎপাদন খরচ কম, বাজারে বিক্রিও হয়েছে ভালো দামে। তাই কচু আবাদ করে লাভবান হয়েছেন চাষিরা।খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলি, বড়বিল, কালাপানি, যোগ্যছোলা, গাইন্দক ও ফকিরনালা এলাকায় এ বছর কচুর চাষ হয়েছে। আগস্ট মাস থেকে কৃষকেরা খেত থেকে কচু তোলা শুরু করেছেন। অক্টোবর-নভেম্বর পর্যন্ত ফসল তুলবেন তাঁরা। স্থানীয় জাতটি ‘পাহাড়ি কচু’ নামেই পরিচিত।সম্প্রতি মানিকছড়ি উপজেলার মানিকছড়ি বাজারে গিয়ে দেখা গেল, দূর-দূরান্ত থেকে চাষিরা কচু এনেছেন বিক্রির জন্য। উপজেলার যোগ্যছোলা এলাকার মুবিন আলী (৪৬) এনেছেন তিন বস্তা পাহাড়ি কচু। প্রতিমণ কচু এক হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে জানালেন। তিনি জানান, ‘এ বছর এক একর জায়গায় কচু চাষ করেছি, ফলন আশা করছি ১৩০ মণ। খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। কচু বিক্রি করে প্রায় এক লাখ ২০ হাজার টাকা আয় হবে বলে আশা করছি।’মানিকছড়ির ওয়াকছড়ি বটতলা গ্রামের কৃষক সাথোয়াই মারমা (৪০) জানালেন, এ বছর তিনি দেড় কানি (ষাট শতক) জায়গায় কচুর চাষ করেছেন। ফলন আশা করছেন ৭০ থেকে ৮০ মণ। সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে ১২ হাজার টাকা। এ বছর তিনি কচু চাষ করে ৬০ হাজার টাকা আয়ের আশা করছেন।মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারের ব্যবসায়ী শামসুল করিম জানান, এই পাহাড়ি কচু দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হয়। এমনকি বিদেশেও রপ্তানি হয়।মানিকছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, এ বছর মানিকছড়ি উপজেলায় প্রায় আড়াই শ একর পাহাড়ি জায়গায় কচুর চাষ হয়েছে। স্থানীয় জাতের এ কচু পাহাড়ে ভালো ফলে। কৃষকেরা একটু যত্ন নিয়ে চাষ করলে প্রচুর লাভবান হতে পারেন।