কৃষি ও কর্মসংস্থানের সম্ভাবনাময় ক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পরিচালনা বোর্ডের ১৬তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আগস্টের মাঝামাঝি প্রকল্প এলাকায় ভূমি জরিপের কাজ শেষ করে জেলা প্রশাসন। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রকল্প এলাকার আশপাশের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০ উপজেলার কৃষিপণ্যভিত্তিক শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের অনুমতিপত্রপ্রাপ্ত প্রতিষ্ঠান চিটাগাং ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫০ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান এবং ৫০ হাজার কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি জানান, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভূমিসহ বিশাল এলাকার সমতল ভূমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষকেরা সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে। যা স্থানীয় বাজারে কম দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকে না। যথাযথ সংরক্ষণের পদ্ধতি ও হিমাগারের অভাবে প্রতিবছর নষ্ট হয় কোটি টাকার কৃষিপণ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের অ্যাগ্রোভ্যালি প্রকল্পের আওতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উৎপাদিত শাকসবজি, ফলমূল, মাছ প্রভৃতি পণ্য শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে। এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে বাজারজাত করা গেলে এলাকার কৃষকদেরও ভাগ্যের পরিবর্তন হবে। বেসরকারি ইপিজেড প্রকল্পের সমন্বয়কারী মুজিবুর রহমান জানান, চট্টগ্রাম ও রাঙামাটির কৃষকদের ভাগ্যোন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনা করে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গুনিয়ায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপনের ঘোষণা দেন। ওই বছরের ৯ আগস্ট এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকায় প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। প্রকল্প সূত্র জানায়, ওই সময় হোটেক্স ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নের কাজ পায়। প্রতিষ্ঠানটি প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প এলাকায় ১৭১ দশমিক ৫৩ একর জমি অধিগ্রহণসহ ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু ২০০১ সালের চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বাস্তবায়নে অনীহা দেখায়। ফলে সবরকম উন্নয়নকাজ থেমে যায়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল জানান, প্রতিমন্ত্রী হাসান মাহমুদ প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান। এর ফলে গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে এক সভায় প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন আগস্টের মাঝামাঝি প্রকল্প এলাকায় জরিপকাজ শেষ করেছে। প্রাথমিকভাবে ৪০৬ একর জমির ওপর বেসরকারি ইপিজেড প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯৯৯ সালে ইপিজেড প্রকল্পের নামে অধিগ্রহণ করা ৯৮ একর জমিও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের জন্য ১০৬ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করার প্রস্তুতি চলছে। বন বিভাগের ৪৭ একর ও ১৫৭ একর সরকারি খাসজমি দখলে আনার সিদ্ধান্ত হয়েছে। এ জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তির জন্য আবেদন করা হয়েছে। অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইপিজেড প্রকল্পের পক্ষ থেকে ব্যাংক নিশ্চয়তাও (গ্যারান্টি) দেওয়া হয়েছে। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ পরিবারের জন্য প্রকল্প এলাকায় বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পরিচালনা বোর্ডের সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে আলাপকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও পার্বত্য জেলা রাঙামাটির ২০ উপজেলায় উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ ও রপ্তানি, কৃষিভিত্তিক প্রকল্পের আওতায় কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষিত করে তোলা এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সুযোগ রয়েছে।তিনি জানান, প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কৃষকদের অ্যাগ্রোভ্যালির আওতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কৃষি উৎপাদন খাতে অর্থসহায়তা দেওয়া হবে। এ ছাড়া উৎপাদিত কৃষিপণ্য সড়ক ও নদীপথে এনে শিল্পায়নের মাধ্যমে দেশের বাইরে রপ্তানি করা হবে। সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে কয়েকটি কৃষিজাত শিল্পকারখানা স্থাপন করা হয়েছে প্রকল্প এলাকায়। এর মধ্যে ডলফিন ফুড অ্যান্ড বেকারি ও রয়েল অ্যাগ্রিকালচারাল ফুড ইন্ডাস্ট্রিজ অন্যতম। একে খান গ্রুপের উদ্যোগে সিরামিক শিল্প স্থাপনের জন্য জমি কিনে কারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে। ডলফিন ফুড অ্যান্ড বেকারির মালিক সেলিম হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে তাঁর চিপস, চানাচুর, সেমাই, নুডলস, ম্যাকারনিসহ বিশুদ্ধ পানীয়ের কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে অন্তত এক হাজারেরও বেশি লোকের চাকরির সুযোগ হবে। এ ছাড়া একে খান গ্রুপসহ একাধিক বেসরকারি কোম্পানি ইপিজেড এলাকায় ইতিমধ্যে মাঝারি ও ভারী শিল্প কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। এ প্রকল্পে কমপক্ষে ৮০টিরও বেশি কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি কারখানায় দেড়-দুহাজার বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এক দশক ধরে প্রকল্প এলাকাটি অযত্ন-অবহেলায় পড়ে ছিল। যথাযথ সংরক্ষণের অভাবে ভিত্তিপ্রস্তরটুকু পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছিল। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় রাঙ্গুনিয়ার মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।’