কৃষি গবেষণা ইনস্টিটিউটে ফুলের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সবুজের সমারোহ, ফসলের সৌন্দর্য রূপ মেলেছে। শোভা বাড়াচ্ছে হলুদ সরষে ফুলের মাঠ। কোথাও আবার মাচা ভরা লাউ। কোথাও ধরে আছে ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশ (লম্বা মিষ্টি কুমড়া), ভুট্টা, শিম, আলু, টমেটো ইত্যাদি। শুধু তা-ই নয়, বাহারি শাকের ছোট ছোট মাঠগুলো যেন লাল-সবুজের মেলা। অন্যদিকে মাঠ তৈরির ধুম পড়েছে—লাগানো হচ্ছে লেটুশ, মিষ্টি মরিচ (ক্যাপসিকাম), কুমড়া, গ্লাডিওলাস ইত্যাদি। আর ফলের গাছগুলোতে আসছে ফুল, কিছু দিনের মধ্যেই ফলভারে নুয়ে পড়বে গাছগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একদল শিক্ষার্থী কৌতূহলী চোখে দেখছেন উদ্ভিদরাজি, প্রজেক্টরে বিভিন্ন নমুনা দেখাচ্ছেন কর্মকর্তারা। গত রোববার পাহাড়তলীর কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেখা গেছে এমন চিত্র।এক বাস শিক্ষার্থী নিয়ে এ ইনস্টিটিউট পরিদর্শন (ভিজিট) করতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দলটি। নেতৃত্ব দেন বিভাগের অধ্যাপক আজিজুর রহমান ও আবদুল মালিক চৌধুরী। যাওয়ার সময় তাঁরা প্রথম আলোকে বলেন, ‘এখানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অনেক বিষয়-আশয় আছে, যা আমাদের শিক্ষার্থীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণায় (পিএইচডি) শিক্ষার্থীদের জন্য কেন্দ্রটি কাজে লাগাতে, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দেশের কৃষি খাত সমৃদ্ধ করতে। এখানে অল্প জনবল দিয়ে অনেক সুন্দরভাবে সবকিছু রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা হচ্ছে। যদি ফুল, শাকসবজি, ফলের বিশেষায়িত বিশেষজ্ঞ থাকতেন তবে আরও ভালো হতো।’প্রসঙ্গক্রমে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০০ একরের উদ্ভিজ্জ বাগানটি (বোটানিক্যাল গার্ডেন) আধুনিকায়ন ও সমৃদ্ধ করা দরকার বলে অভিমত দেন। এ দলের হাতে কেন্দ্রের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বিশেষ প্রজাতির ২০০ গ্রাম সরষে বীজ।ইনস্টিটিউট সূত্র জানায়, ৩০ একর জায়গার ওপর ১৯৪০ সালে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। স্বাধীনতার পর এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অধিভুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে। এখানে উচ্চমানের চারা ও কলম উৎপাদনের গবেষণা, বারি উদ্ভাবিত সবজি, কন্দাল (আলু, কচু প্রভৃতি) ফসলের আঞ্চলিক উৎপাদন ক্ষমতা যাচাই (আরওয়াইটি) পরীক্ষা, সবজি-ফল-তৈল ফসলের প্রজনন বীজ উৎপাদন, উন্নতমানের সবজি ও ফসলের চারা, কলম উৎপাদন ও বিতরণ, আধুনিক পদ্ধতিতে ফলবাগান গড়ে তোলা ও উচ্চমূল্যের (হাইভ্যালুড ক্রপ) ফসলের উৎপাদন কৌশল ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ এ ইনস্টিটিউটের কাজ। বর্তমানে এখানে একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা, পাঁচজন বৈজ্ঞানিক সহকারী এবং কর্মচারী ও শ্রমিকসহ আছেন প্রায় ৫০ জন। এখানে আছে সুদৃশ্য কার্যালয় ভবন, সেমিনার কক্ষ, অতিথিশালা, মসজিদ আর চারটি পুকুর। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের থাকার ব্যবস্থা আছে সীমানাপ্রাচীরের ভেতরেই।এত বড় একটি প্রতিষ্ঠান, আপনাদের গত এক বছরের কী অর্জন-সাফল্য আছে? ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মু. মাহ্বুব আলম পাটোয়ারী বললেন, ‘মূলত আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত কাজগুলোই করে থাকি। পাশাপাশি গত অর্থবছরে ভেরাইটি ডেভেলপমেন্ট জাত উদ্ভাবনের জন্য জামরুলের একটি অমৌসুমি জাত উদ্ভাবন করেছি। লাল রঙের এ জামরুলের স্বাদ মিষ্টি। মার্চ-এপ্রিলে ফুল আসে। পরিপক্ব হতে চার-পাঁচ মাস লাগে। এ ছাড়া এ কেন্দ্র থেকে বহুভ্রূণী ‘বারি আম ৮’-এর জাত উদ্ভাবন করা হয়েছে। কৃষকদের জন্য তিনটি প্রশিক্ষণ কর্মশালা করেছি। প্রতিটিতে ৩০ জন করে প্রশিক্ষণার্থী ছিলেন।’ইনস্টিটিউটের চারদিকে আছে সীমানাপ্রাচীর। প্রাচীরের ওপর আছে কাঁটাতারের বেড়া। কিন্তু আশপাশের কিছু লোক কাঁটাতার কেটে, দেয়াল টপকে ভেতরে ঢুকে শাকসবজি, ফলমূল চুরি করে, গবেষণা ফসলের মাঠ নষ্ট করে। জানালেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুর রহমান।তাঁর কাছে আর কী কী সংকট-সমস্যা আছে জানতে চাইলে বলেন, ‘এখানে অন্য কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাদের এ কেন্দ্রে তিন ধরনের শ্রমিক আছে—স্থায়ী, অস্থায়ী আর অনিয়মিত। যদি শ্রমিকের সংখ্যা আরও বাড়ানো যেত তবে আরও বেশি প্রজনন বীজ, চারা ও কলম উৎপাদন সম্ভব হতো।’মু. মাহ্বুব আলম পাটোয়ারী কৃষকদের বারি উদ্ভাবিত ফসল আবাদ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বারি উদ্ভাবিত বীজ থেকে যে উৎপাদন হয় তা স্বাদে-গন্ধে অতুলনীয়, চাহিদা বেশি। কিন্তু বিদেশ থেকে যে হাইব্রিড বীজ আমদানি করা হয় তার দাম বেশি, বাজারে এ ধরনের ফসলের চাহিদাও কম। এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে এভাবে চলতে থাকলে আমদানি-নির্ভর হয়ে পড়বে আমাদের বীজের বাজার।’কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সরাসরি কৃষকেরা বীজ, চারা ও কলম কিনতে পারবেন। এখানে বেদানা লিচু, বোম্বে লিচু, মাল্টা, বাউকুল, আম ৫০ টাকা, আপেলকুল, লিচু (চায়না ৩), নারিকেল, সফেদা ৩০ টাকা, পেয়ারা ও জামরুল ২০ টাকা, লেবু, পেয়ারা, সুপারি ও আঁশফলের চারা কলম ১০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া, প্রতি কেজি টমেটোর ভিত্তি বীজ এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা, বেগুন ৪০০ টাকা, লালশাক ২০০ টাকা, চীনাশাক, কলমিশাক ও বাটিশাক ১৫০ টাকা, মুলা ৩০০ টাকা, ঝাড়শিম ৫০ টাকা, লাউ ৩৫০ টাকা, শিম ১৫০ টাকা ও ঢ্যাঁড়স ৩০০ টাকায় বিক্রি হয়।