কৃষি নিয়ে পড়তে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি। তবে বাংলাদেশে কৃষি বিষয়ে পড়াশোনার তেমন বিস্তার ঘটেনি। এ পর্যন্ত চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত কৃষিসংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ আসেনি বললেই চলে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: স্বনামধন্য এ কৃষি বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে। অনুষদগুলো হলো: ভেটেরিনারি, কৃষি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মোট আসন হচ্ছে ৮৫০টি। এর মধ্যে ৪৬টি থাকবে সংরক্ষিত আসন। অনুষদভিত্তিক আসন হচ্ছে: ভেটেরিনারি অনুষদে ১২০, কৃষি অনুষদে ৩০০, পশুপালন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদগুলোতে ৯৬টি করে, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে ১০৮ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ৮৪টি আসন বরাদ্দ আছে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় মিলিয়ে চতুর্থ বিষয় বাদে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৬.৫ পেতে হবে। তবে কোনো পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হয়। উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে জিপিএ-২ থাকতে হয়। ভর্তি পরীক্ষা হবে বহুমুখী নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ধরনের। মোট নম্বর ১০০। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ের ওপর প্রশ্ন হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়টি ঢাকার শেরেবাংলা নগরে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়টিতে কৃষি এবং কৃষি ব্যবসায় ব্যবস্থাপনা নামে দুটি অনুষদ রয়েছে। প্রথম বর্ষে মোট আসন ৪৫০টি। কৃষি অনুষদে আসন ৩৫০ এবং কৃষি ব্যবসায় ব্যবস্থাপনায় রয়েছে ১০০টি আসন। প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি দুটি মিলিয়ে বিজ্ঞান বিভাগে মোট জিপিএ-৭.৫ থাকতে হবে। তবে প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৩ থাকতে হবে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে কমপক্ষে জিপিএ-৩ থাকতে হয়। ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর হচ্ছে পদার্থ ২০, রসায়ন ২০, গণিত ২০, জীববিদ্যা ২০, ইংরেজি ১০ এবং সাধারণ জ্ঞান ১০। মোট ১০০ নম্বর। এমসিকিউ ধরনের প্রশ্নে সময় থাকবে এক ঘণ্টা।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে চারটি অনুষদ। সেগুলো হলো: ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স, এগ্রিকালচার/কৃষি, মৎস্য এবং কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা। মোট আসন ২৫০টি। অনুষদভিত্তিক আসনসংখ্যা হচ্ছে ৮০, ৬০, ৬০ ও ৫০টি। বিজ্ঞান বিভাগ থেকে দুটি পরীক্ষা মিলিয়ে চতুর্থ বিষয় বাদে জিপিএ-৬.৫ থাকতে হয়। তবে কোনো পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৩-এর নিচে থাকলে আবেদন করা যাবে না। পদার্থ, রসায়ন, জীববিদ্যায় জিপিএ-৩ করে থাকতে হবে। ইংরেজিতে থাকতে হয় জিপিএ-২। এ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ ধরনের প্রশ্নে এক ঘণ্টার প্রশ্ন হবে। ভর্তি পরীক্ষার বিষয়গুলো হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও ইংরেজি।বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়: গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ে শুধু কৃষি শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক কোর্স চালু রয়েছে। আসন রয়েছে ১০০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে তাঁদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উভয়টিতে কমপক্ষে জিপিএ-৩সহ মোট জিপিএ-৭ থাকতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও ইংরেজি প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ ধরনের। এক ঘণ্টার পরীক্ষার মোট নম্বর ১০০। জীববিজ্ঞান ২০, রসায়ন ২০, পদার্থ ২০, গণিত ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর।রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ: রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের অধীনে রয়েছে কৃষি অনুষদ। এ অনুষদে রয়েছে চারটি বিষয়। বিষয়গুলো হচ্ছে: জেনেটিকস প্রকৌশলী ও বায়োটেকনোলজি, ফিশারিজ ও একোয়াকালচার, এনিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স এবং গ্রুপ সায়েন্স ও টেকনোলজি। ৬০ নম্বরের ওপরে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩.৫ করে থাকতে হবে। আর মোট জিপিএ চতুর্থ বিষয় বাদে থাকতে হবে ৮.০০।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০০২ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে কৃষি বিষয়েও স্নাতক পড়ার সুযোগ থাকছে। কৃষি অনুষদে মোট আসন রয়েছে ১৭৫টি। ভর্তির যোগ্যতা অনেকটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মতোই। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই পদার্থবিদ্যা, রসায়নবিজ্ঞান, গণিত এবং জীববিদ্যার প্রতিটিতে ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে। যেকোনো একটি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০ (চতুর্থ বিষয় বাদে) থাকতে হবে। পরীক্ষা হবে এমসিকিউ ধরনের প্রশ্নে। ১০০ নম্বরের প্রশ্নপত্রে থাকবে পদার্থবিদ্যা-২০, রসায়ন-২০, জীববিদ্যা-২০, গণিত-১৫, ইংরেজি-১৫ ও সাধারণজ্ঞানে-১০। ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। কৃষি অনুষদের বাইরে এখানে ভেটেরিনারি মেডিসিনেও স্নাতক (সম্মান) পড়া যাবে। ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে: একটি অনুষদ নিয়ে এ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে রয়েছে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৭০টি। তবে এর আবার একটি করে মোট দুটি উপজাতীয় ও মুক্তিযোদ্ধার সন্তানের জন্য সংরক্ষিত। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে লাগে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ-৬.৫ (চতুর্থ বিষয় বাদে)। তবে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হয়। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ ধরনের। সময় থাকে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষার বিষয়গুলো হলো রসায়ন, পদার্থ, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও ইংরেজি। আর পদার্থ, রসায়ন ও গণিত থেকে থাকবে ২০ নম্বর করে, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যায় থাকবে ১৫ এবং ইংরেজিতে ১০ নম্বর। বরিশাল ও দিনাজপুর ভেটেরিনারি কলেজ: ওপরের বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ এবং দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ। এসব প্রতিষ্ঠানে বেশ কিছু আসন রয়েছে। ভর্তি হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে এবং জিপিএ থাকতে হবে ন্যূনতম ৬.৫। এবং প্রতিটিতে আলাদা করে জিপিএ-৩। জীববিদ্যায় বি গ্রেড থাকতে হবে। এসব প্রতিষ্ঠানেও এক ঘণ্টাব্যাপী এমসিকিউ ধরনের ভর্তি পরীক্ষা হয়ে থাকে। প্রশ্ন হয় পদার্থ, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও ইংরেজি থেকে। প্রতিষ্ঠানভেদে বিষয়ভিত্তিক মানে সামান্য তারতম্য আছে।