কৃষি পেশায় স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে প্রায় সবাই কৃষিকে এখনো অগ্রাধিকার খাত হিসেবে দেখে থাকে।২০১০ সালের মে মাসের কথা। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিভাগ ইউএসডিএর প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। এক বর্গকিলোমিটার আয়তনের বিশাল এক ভবন। সঙ্গে থাকা যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা জানালেন, সরকারি বিভাগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পায় কৃষি বিভাগ। স্বরাষ্ট্র নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) ও বাণিজ্য বিভাগের পরই তৃতীয় বৃহত্তম বিভাগ হচ্ছে কৃষি। এ বিভাগের রয়েছে এক লাখের ওপরে জনবল।ধনী দেশগুলোই নয়, মধ্য আয়ের দেশে পরিণত হওয়া দেশ চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মেক্সিকোর উন্নয়নের প্রাথমিক ভিত্তি গড়ে উঠেছে কৃষি খাতকে কেন্দ্র করে। তবে মধ্য আয়ের দেশে পরিণত হতে যাওয়া বাংলাদেশের বাজেট বরাদ্দের দিক থেকে কৃষি খাত এখনো অনেক পিছিয়ে আছে। তাই বলে কৃষি খাত বসে নেই। কৃষকদের অক্লান্ত পরিশ্রম, কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবন, আর সরকারি-বেসরকারি বিভাগগুলোর উদ্যোগ দেশের কৃষি খাতকে ক্রমেই এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃষি খাত হয়ে উঠছে আকর্ষণীয় পেশা।বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ হিসেবে আমরা গর্ব বোধ করলেও অনেকেরই হয়তো অজানা, এ দেশে কৃষিভিত্তিক খাতে দক্ষ জনবলের ঘাটতি দেখা দিয়েছে। স্বাধীনতার পর দেশের কৃষি খাতে অনেক নতুন দিক উন্মোচিত হয়েছে। কিন্তু এ খাতের জন্য উপযুক্ত দক্ষ জনবল গড়ে ওঠেনি। কৃষিপ্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং জৈব তথ্যপ্রযুক্তি খাত ও বংশানুক্রমিক প্রযুক্তি (জিনপ্রযুক্তি) বিশ্বজুড়ে একটি উদীয়মান খাত।সৌরশক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও বনায়নের মাধ্যমে কার্বন-বাণিজ্যের প্রসার—এসব খাতে বাংলাদেশে পেশা বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এ খাতে দক্ষ জনবল খুবই কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ খাতে দক্ষতা অর্জন করতে পারলে একদিকে বাংলাদেশকে যেমন সবুজ উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যাবে, অন্যদিকে পেশা হিসেবে এটি একটি আকর্ষণীয় খাতে পরিণত হবে।সরকারি-বেসরকারি খাতে সুযোগকৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থাগুলোয় বর্তমানে প্রায় ৩৫ হাজার জনবল নিয়োজিত আছে। এর মধ্যে কৃষিবিদের সংখ্যা ১০ হাজার। স্বাধীনতার পর দেশে ধানের উৎপাদন এক কোটি টন থেকে বেড়ে তিন কোটি টন হয়েছে। সবজি উৎপাদনেও দেশে বিপ্লব ঘটে গেছে। এসবই আমাদের দেশের কৃষক ও কৃষিবিজ্ঞানীদের অবদান।স্বাধীনতার পর দেশের বিজ্ঞানীরা এ পর্যন্ত ৪০টি ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন। এত দিন কৃষি গবেষণার খাতটি শুধু সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সীমাবদ্ধ ছিল। সম্প্রতি বেসরকারি সংস্থা ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের অঙ্গসংগঠনগুলো কৃষি গবেষণা শুরু করেছে। সংস্থাগুলোয় দেশি-বিদেশি বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউটসহ বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ শুরু করেছে সরকার। আগামী দু-তিন বছরের মধ্যে সরকারি সংস্থাগুলোয় নতুন করে ১০-১৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ছয় থেকে আট হাজার কৃষিবিদ নিয়োগ পাবেন।বেসরকারিভাবে দেশে বড় প্রায় ২০টি বীজ কোম্পানি কাজ করছে। সেখানেও প্রায় পাঁচ হাজার জনবল কাজ করছে। দেশের বৃহৎ বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার, প্রাণ, এসিআই, বিডি ফুডস, পিএইচপিসহ অনেকে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ শুরু করেছে। সেখানেও কৃষিবিদেরা মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে উৎপাদন-প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে কাজ করছেন। এ খাতে অন্য বড় কোম্পানিগুলো এগিয়ে আসছে।দেশের ছয়টি কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয় থেকে বছরে ৬০০ থেকে ৭০০ কৃষিবিদ পাস করে বের হচ্ছেন। অন্যদিকে কৃষি পেশাজীবীর চাহিদা রয়েছে এক থেকে দেড় হাজার। ফলে কৃষি বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে বেকার থাকা তো দূরের কথা, কোথায় চাকরি নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়তে হয় কৃষিবিদদের।দেশের সীমানা পেরিয়েকৃষি পেশাজীবীদের পথ এখন অনেক দূর বিস্তৃত হয়েছে। পাটের জিনোম সিকোয়েন্সিং উন্মোচনকারী বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম এবং স্বপ্নযাত্রার তরুণ গবেষকেরা আমাদের নতুন দিশার সন্ধান দিয়েছেন। কৃষি খাতের উন্নয়নে জৈব ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের সম্মিলন ঘটিয়েছেন তাঁরা। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো এখন কৃষিপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করে বিপণনে নেমেছে। কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কৃষিবিদেরা ভূমিকা রাখছেন।জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করে চলেছেন। কৃষি খাতের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে খ্যাত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কৃষি উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ তাঁকে অন্য মন্ত্রীদের থেকে স্বতন্ত্র করেছে। মন্ত্রীর দায়িত্ব নিয়েই দুই দফা সারের দাম কমানো, কৃষকদের ভর্তুকির টাকা দেওয়ার জন্য পরিচয়পত্র-ব্যবস্থা চালু করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড), যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি), ডেনমার্কের বৈদেশিক উন্নয়ন সংস্থা ড্যানিডা, সুইডেন ও কানাডার সিডা, উইনরক ইন্টারন্যাশনাল, প্র্যাকটিক্যাল অ্যাকশন, ওয়ার্ল্ড ফিশ, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) ও অক্সফাম জিবির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে এগিয়ে এসেছে। এ সংস্থাগুলোয়ও কৃষিবিদদের রয়েছে কাজের সুযোগ।বিশ্ব শ্রম সংস্থা (আইএলও) ২০০৯ সালে ‘গ্রিন জব অ্যাসেসমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষা চালায়। এতে হিসাব করে দেখানো হয়েছে, প্রথাগত কৃষিকাজের বাইরে মাশরুম চাষ, দূষিত মাটি ব্যবহার উপযোগী করা, রেশম চাষ, জৈব চাষাবাদ ও কীটনাশকমুক্ত চাষাবাদ আগামী দিনের সম্ভাবনাময় সবুজ পেশার ক্ষেত্র হতে পারে। এ ক্ষেত্রে ৩৮ হাজার ২৪৭ জন মানুষের কর্মসংস্থান হওয়া সম্ভব। এ ছাড়া নার্সারি স্থাপন, পূর্ণ বনায়ন, সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের মাধ্যমেও ২৬ হাজার ৫২৩ জনের কর্মসংস্থান হওয়া সম্ভব বলে মনে করে আইএলও। সবুজ পেশা এগিয়ে নিতে বাংলাদেশে ২৮টি সহায়ক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও রয়েছে কৃষিবিষয়ক উচ্চশিক্ষার বিশাল সুযোগ। বাংলাদেশি বিজ্ঞানীরা উচ্চশিক্ষার জন্য প্রতিবছর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে যাচ্ছেন। তবে এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। সরকারি হিসাবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া প্রায় ২০০ জন বাংলাদেশি বিজ্ঞানী আর দেশে ফিরে আসেননি। অনেকে আবার দেশে ফিরে আসছেন। মাকসুদুল আলমের পর সম্প্রতি অস্ট্রেলিয়াপ্রবাসী বিজ্ঞানী আবেদ চৌধুরী দেশের কৃষি খাতে নতুন যুগের সূচনা করেছেন। অস্ট্রেলিয়ায় বসে তিনি সার ছাড়া ধানের চারা উদ্ভাবন করেছিলেন। এবার তিনি মৌলভীবাজারের কানিহাটি গ্রামে একই ধানগাছে বারবার ধান হবে, এমন জাত উদ্ভাবন করেছেন।আবেদ চৌধুরী ও মাকসুদুল আলম আশা করছেন, আগামী দিনের কৃষিবিদেরা চেষ্টা করলে হয়তো ফসলের আরও নতুন জাত উদ্ভাবন করতে পারবেন। কৃষিপ্রধান বাংলাদেশকে সমৃদ্ধ করতে তাই কৃষি ক্ষেত্রে প্রয়োজন আরও দক্ষ পেশাজীবী।