কৃষি প্রকৌশলে পড়ে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি প্রকৌশল পড়ে সরকারি ও বেসরকারি অনেক ভালো চাকরি পাওয়া যায়। দেশে-বিদেশে চাকরির ক্ষেত্রও ভালো l ছবি: প্রথম আলো
কৃষি প্রকৌশল পড়ে সরকারি ও বেসরকারি অনেক ভালো চাকরি পাওয়া যায়। দেশে-বিদেশে চাকরির ক্ষেত্রও ভালো l ছবি: প্রথম আলো

কৃষিবিষয়ক চাকরি ক্ষেত্রে কৃষি প্রকৌশলীরা ভালো স্থান দখল করে আছেন। দেশের কৃষিকে এগিয়ে নিতে নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেন কৃষি প্রকৌশলীরা। যা কৃষকের শ্রম, সময় ও ব্যয় কমিয়ে সর্বোচ্চ উৎপাদনে সহায়তা করে। কৃষি প্রকৌশল পড়ে সরকারি ও বেসরকারি অনেক ভালো চাকরি পাওয়া যায়। এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক মেসবাউদ্দিন আহমেদ বলেন, দেশের সব জায়গায় কৃষি প্রকৌশলীরা ছড়িয়ে আছেন। কৃষির এই অভাবনীয় উন্নয়নে কৃষি প্রকৌশলীদের ভূমিকা অনেক। দেশে-বিদেশে চাকরির ক্ষেত্রও ভালো। দিন দিন তাঁদের চাকরির ক্ষেত্র বাড়ছে।
কৃষি প্রকৌশলে পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এ সুযোগ আছে। বাংলাদেশ কর্মকমিশনের (বিসিএস) পরীক্ষায় কৃষি প্রকৌশলীরা সাধারণ ক্যাডারে আবেদনের সুযোগ পাচ্ছেন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো চাকরির অনেক সুযোগ আছে। কৃষি প্রকৌশলীদের পছন্দের সরকারি প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল, পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি। এ ছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকে চাকরি করেন অনেকেই। বর্তমান সময়ে কৃষি প্রযুক্তিনির্ভর হওয়ায় অনেক বেসরকারি কোম্পানি কৃষি প্রকৌশলীদের চাকরির সুযোগ দিচ্ছে। এসিআই, সিনজেনটা, কাজী ফার্মস ছাড়াও কৃষি যন্ত্রপাতি উৎপাদক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তা ছাড়া বিদেশে চাকরি ও শিক্ষকতা করারও সুযোগ রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও কারিগরি বিষয়ে পড়তে পারবেন। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই অনুষদে ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়েও পাঠদান করা হয়, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি খাদ্য প্রক্রিয়াজাত এবং খাদ্যের গুণগত মান নির্ধারণ করা প্রতিষ্ঠানে চাকরি করা যায়।