ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন গত বছরের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আনোয়ার হোসেনভর্তি পরীক্ষা আর কদিন পরই। ৪ ডিসেম্বর। এরই মধ্যে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে এবং লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর নির্ধারিত ৮৮৭টি আসনের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন সাত হাজার ৯২৮ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ১০ জন করে প্রার্থী রয়েছেন।ভর্তির জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩০০ নম্বর বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে ২০০ নম্বর নেওয়া হয় এসএসসি ও এইচএসসি স্কোরের ভিত্তিতে। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০০ নম্বরের। এই ১০০ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছ, তাঁদের স্কোরের পার্থক্য খুব একটা থাকে না। তবে যাঁদের স্কোর একটু কম, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ, আমার স্কোরও কম ছিল—এসএসসি ও এইচএসসি মিলিয়ে স্কোর ছিল ১৯১। অনেক শিক্ষার্থীই ছিলেন, যাঁদের স্কোর ছিল ১৯৮ থেকে ২০০। কিন্তু আমি লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম—১০০ নম্বরের মধ্যে পেয়েছিলাম ৮৭।ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান—প্রতিটি বিষয় থেকে ২৫টি করে প্রশ্ন হয়ে থাকে। এ চারটি বিষয়ের প্রতিটির গুরুত্ব সমান। হাতে তো বেশি সময় নেই। প্রস্তুতি সবার শেষের দিকে বলেই ধরে নেওয়া যায়। এ কদিন কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিগত বছরের প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করতে হবে। সেই সঙ্গে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানের সূত্রগুলোতে নজর দেওয়া দরকার। সূত্রগুলো মনে থাকলে সহজেই সমাধান বের করা যায়। এতে পরীক্ষার হলে সময়ও বাঁচানো সম্ভব।ভালোভাবে জানা উত্তরগুলো প্রথমে দেওয়া উচিত। তারপর অন্যগুলো। কৃষি বিশ্ববিদ্যালয়ে ভুল উত্তরের কারণে নম্বর কাটা হয় না। তাই না জানা প্রশ্নেও হাত লাগানো যেতে পারে (তবে যদি এবার ভুল উত্তরের কারণে নম্বর কাটার নিয়ম করা হয়, তাহলে না জানা প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না)।আমার বিবেচনায়, ভর্তি পরীক্ষায় প্রথমে জীববিজ্ঞান ও রসায়ন, ক্রমান্বয়ে পদার্থ ও গণিতের বিষয়গুলোর উত্তর দেওয়া ভালো। এ জন্য জীববিজ্ঞান ও রসায়নের ৫০টি প্রশ্ন ২০ মিনিটের মধ্যে এবং পদার্থ ও গণিতের ৫০টি প্রশ্ন ৩৬ মিনিটের মধ্যে দাগানোর হিসাব মনে রাখা দরকার।সবশেষে একটি কথা বলব, প্রশ্ন কঠিনও হতে পারে, আবার খুব সহজও হতে পারে। প্রশ্ন কঠিন হলে ঘাবড়ানোর কিছু নেই। তখন বুঝতে হবে, প্রশ্নটি সবার জন্যই কঠিন হয়েছে। পরীক্ষার হলে সময় খুবই গুরুত্বপূর্ণ। এখানে এক মিনিটও গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও, তোমার সুযোগ না পাওয়ার তো কোনো কারণ নেই।