কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ স্লোগান নিয়ে আজ ১৮ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পা দিচ্ছে ৫০ বছরে। দিনব্যাপী অনুষ্ঠানে আজ জমজমাট হয়ে উঠবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরোনো ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে এক হাজার ২৩০ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র তাওহিদ, ছন্দেমিলি ও সগির বলেন, ‘এটি কোনো এলাকাভিত্তিক বিশ্ববিদ্যালয় নয়, এর নাম “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়”। এ রকম একটা জাতীয় প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমরা গর্ববোধ করি।’স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ফারুক বলেন, ‘ভাবলে খুবই ভালো লাগে যে, এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি। কারণ এখানে নেই সেশনজটের ছায়া, যার ফলে চার বছরের অনার্স কোর্স চার বছরেই শেষ হয়েছে। যেখানে আমার অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের পাঁচ-ছয় বছর লেগে যাচ্ছে। এখানে নেই রাজনৈতিক বিশৃঙ্খলা। হরতাল-অবরোধে বন্ধ থাকে না বললেই চলে। ক্লাস-পরীক্ষা হয় নিয়মিত।’এখানে শুধু দেশীয় শিক্ষার্থীরাই নয়, জাপান, ইথিওপিয়া, সোমালিয়া, ইরান, মালদ্বীপ, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে শিক্ষার্থীরাও পড়াশোনা করতে আসেন।১৯৬১ সালের ১৮ আগস্টে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৬১-৬২ শিক্ষাবর্ষে ভেটেরিনারি ও কৃষি—এই দুই অনুষদে ৪৪৪ জন শিক্ষার্থী এবং ২৩ বিভাগে ৩০ জন শিক্ষক নিয়ে একাডেমিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে পশুপালন, কৃষি প্রকৌশল ও কারিগরি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান এবং মাৎস্যবিজ্ঞান অনুষদসহ মোট ছয়টি অনুষদে ৫১১ জন শিক্ষক রয়েছেন। স্নাতক পর্যায়ে শিক্ষার্থী তিন হাজার ৩৪ জন, স্নাতকোত্তর পর্যায়ে মোট শিক্ষার্থী এক হাজার ৩৬৭ জন এবং পিএইচডিতে গবেষণারত শিক্ষার্থীর সংখ্যা ২৬২ জন। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ৩৫ হাজার ৯৪১ জন দক্ষ কৃষিবিদ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত মোট ৩৪১ ছাত্রছাত্রী পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।শিক্ষার্থী সবুজ জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। স্নাতক শেষ বর্ষের শিক্ষা সফর আমরা দারুণ উপভোগ করি। এ সময় আমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাই।’বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ইন্টারনেটের সংযোগ থাকা এবং সপ্তাহে সাত দিনই লাইব্রেরি খোলা রাখা জরুরি বলে মনে করেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া (এনেক্স) হলের ছাত্রী সিনথিয়া, অন্তরা, তিন্নি, সানিয়া, সোনিয়া, রিজা এবং তাপসী রাবেয়া হলের ছাত্রী সুমি, মঞ্জু ও তাপসী জানান, ‘সত্যি বলতে কি বিশ্ববিদ্যালয়ের সবকিছুই আমাদের মুগ্ধ করে।’মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন আবদুল ওহাব বলেন, এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। এ ছাড়া বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ও কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন। ব্যাংকিং সেক্টরসহ পুলিশ, প্রশাসনেও এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দক্ষতার পরিচয় দিচ্ছেন। তাঁরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশের অনেক কৃষিবিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বলেন, ‘কৃষিক্ষেত্রে উন্নয়ন শুধু পণ্য উৎপাদন নয়, বরং এর সঙ্গে বিপণনও জড়িত। আমরা সেই কাজটিই করে যাচ্ছি। ফলে কৃষি খাতের সাফল্য দেশে-বিদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট কোর্স চালুর ব্যবস্থা করা হয়েছে। আগামী শীতকাল থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে। ফলে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীরা এখান থেকে উপযুক্ত চাকরির সন্ধান পাবেন। গত ৫০ বছরের নানা কর্মকাণ্ডের ফলে দেশ যে বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’