কৃষি ব্যাংকের ঋণ কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলা সদরের বাংলাদেশ কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার অন্তত ১৬ কোটি ঋণের টাকা অনাদায়ি পড়ে 
রয়েছে। শস্য, মৎস্য, প্রাণীসম্পদ, মেরিন ডিজেল ইঞ্জিন ও দারিদ্র্য বিমোচন খাতে প্রায় ১০ হাজার লোকের মধ্যে ওই সব
ঋণের টাকা বিতরণ করা হয়। এসব ঋণ আদায় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাংকের কর্মকর্তা ও মাঠকর্মীরা।
ঋণের টাকা আদায় না হওয়ায় নতুন করে ঋণ বিতরণের কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক গোরকঘাটা শাখা অফিস সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে এই শাখার কার্যক্রম শুরু হওয়ার পর
স্থানীয় জনগণকে বিভিন্ন খাত থেকে ঋণ বিতরণ করা হয়। তার মধ্যে প্রায় দুই হাজার গ্রাহকের কাছ থেকে ঋণের টাকা
আদায় হলেও বাকি ১০ হাজার গ্রাহক প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ করেননি। টাকা আদায়ের জন্য মাঠকর্মীরা গ্রাহকের
দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাতে কোনো সাড়া মিলছে না।
বাংলাদেশ কৃষি ব্যাংকের গোরকঘাটা শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, অনাদায়ি ১৬ কোটির মধ্যে দুই কোটি টাকা
আদায়ের জন্য ইতিমধ্যে ১২০ জন গ্রাহকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা ও ১০ জনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা
করা হয়েছে।
বাকি টাকা আদায়ের ব্যাপারে মাঠকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধরনা দিচ্ছেন। তাতেও কোনো কাজ হচ্ছে না। মাঠপর্যায় থেকে
ঋণের টাকা আদায় না হওয়ায় নতুন করে ঋণ বিতরণও সম্ভব হচ্ছে না।