কৃষি: সবুজ পেশায় স্বাগতম
গল্পটা পড়া আছে অনেকেরই। মৃত্যুশয্যায় বাবা ডেকে পাঠালেন ছেলেদের। বললেন, বাড়ির সামনে একফালি যে জমি পড়ে আছে অবহেলায়, তাতেই পুঁতে রেখেছি গুপ্তধন। খোঁজো, পাবে।বাবার মৃত্যুর পর ছেলেরা সেই পতিত জমি খুঁড়ল। লোভে চকচক চোখ নিয়ে খুঁজল গুপ্তধন। কিন্তু হায়! কিছুই পাওয়া গেল না। কোথায় গুপ্তধন! হতাশ ছেলেরা যখন বাবার পিণ্ডি চটকাচ্ছে, তখন দেখা গেল, কর্ষিত সেই জমিতে ফলেছে সবুজ ফসল। ওরা অবাক বিস্ময়ে সে দৃশ্য দেখল। এরপর সবাই মিলে সেই ফসলের যত্ন নিল। ফসল পাকলে তা কাটল, বাজারে বিক্রি করল। পেল অনেক অনেক টাকা!এভাবেই কয়েক বছর পর ওদের সবার ভাগ্য ফিরল। ওরা বুঝল, বুড়ো বাবা আসলে জমি চাষ করতেই বলেছেন। যে টাকার মালিক তারা এখন, তাকে তো গুপ্তধনই বলা যায়।মাটির সঙ্গে মানুষের সম্পর্কটা এমনই গভীর। মানুষ যখন নিজেই জমি কর্ষণ করে ফসল ফলাতে শুরু করল, তখন থেকেই তো গড়ে উঠল কৃষি সভ্যতা।এরপর সমাজ এগিয়েছে অনেক। নতুন নতুন আবিষ্কারে-উদ্ভাবনে চমকিত হচ্ছে সবাই। কিন্তু নাড়ির টান যে কৃষিতে, সে কথা কি ভুলে গেছে মানুষ? ভোলা কি সম্ভব?‘চাষাভুষা’ বলে হেয় করার দিন শেষ। মাটি ও ফসলের সঙ্গে জড়িয়ে থাকা মানেই পিছিয়ে পড়া, ভাবতেন অনেকে। কৃষিকে উচ্চশিক্ষা ও পেশা হিসেবে বেছে নেবেন, এমন কথা চিন্তাও করতে পারতেন না শহুরে আধুনিক তরুণেরা। এই ভাবনাগুলো আজ অচল। কৃষি খাত এখন শিক্ষিত তরুণদের কাছে আকর্ষণীয় পেশা। বিশ্বজুড়ে কৃষি খাতকে বলা হচ্ছে সম্ভাবনাময় ‘সবুজ পেশা’র ক্ষেত্র। সবুজ অর্থনীতি গড়ার কারিগর হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা এখন আন্তর্জাতিক খ্যাতির দিকে যাত্রা করছেন।স্বাধীনতার পর থেকে দেশে ধানের উৎপাদন এক কোটি টন থেকে তিন কোটি টন অতিক্রম করেছে। একসময় দেশের কৃষকেরা চাষ করতেন নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠানগুলো কৃষি খাতে বিনিয়োগে এগিয়ে আসছে। এই সাফল্যের পেছনে রয়েছে কৃষিবিদদের বিশাল ভূমিকা।এ বছরের বাজেটের প্রায় ১৭ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি উন্নয়ন বাবদ। কৃষি উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। আমদানি-নির্ভরতা কম থাকায় সাম্প্রতিক বিশ্বমন্দার ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে লাগেনি বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। কৃষি খাতই আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।কৃষি বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে দেশে বছরে দেড় হাজার তরুণ চাকরির বাজারে আসছেন। অনেক শিক্ষিত তরুণ কৃষি খামার গড়ে তুলে একে পেশা হিসেবে নিচ্ছেন। কৃষি পেশার সঙ্গে জড়িয়ে থাকা কৃষিবিদদের পেতে দেশি-বিদেশি সংস্থাগুলো প্রতিযোগিতায় মেতে উঠেছে। দেশের ১০টি কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়া তরুণদের জন্য এখন বড় ধরনের সুযোগ।সবুজের দিকে স্বপ্নযাত্রা: ‘সবুজ পেশাকে’ স্বাগত জানাতে দেশে গড়ে উঠেছে শতাধিক গবেষণা, সম্প্রসারণ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিটি ইউনিয়নে কৃষিবিদ নিয়োগ দেওয়ার সরকারি ঘোষণা কৃষিবিদদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মেধাবী কৃষিবিদদের দলভুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে।কৃষি পেশাজীবীদের পথ এখন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাটের জিনোম সিকোয়েন্সিং উন্মোচনকারী বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম এবং স্বপ্নযাত্রার তরুণ গবেষকেরা আমাদের নতুন দিশার সন্ধান দিয়েছেন। কৃষি খাতের উন্নয়নে জৈব ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের সম্মিলন ঘটিয়েছেন তাঁরা। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো এখন কৃষিপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করে বিপণনে নেমেছে। কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায়ও কৃষিবিদেরা ভূমিকা রাখছেন।জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করে চলেছেন। কৃষি খাতের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে খ্যাত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কৃষি উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ তাঁকে অন্য মন্ত্রীদের থেকে স্বতন্ত্র করেছে। মন্ত্রীর দায়িত্ব নিয়েই দুই দফা সারের দাম কমানো, কৃষকদের ভর্তুকির টাকা দেওয়ার জন্য পরিচয়পত্র-ব্যবস্থা চালু করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক উত্তম দেবের মতে, দেশের কৃষি পেশাজীবীদের সামনে যেমন সম্ভাবনা আছে, তেমনি চ্যালেঞ্জও রয়েছে। এই খাতকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিতে হলে আধুনিক ও বৈশ্বিকজ্ঞানের সঙ্গে তরুণদের পরিচিত হতে হবে। এতে কৃষি উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও মজবুত হবে।সবুজ পেশার বর্তমান ও ভবিষ্যৎ: দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ছিল কৃষিবিদদের প্রধান কর্মস্থল। বর্তমানে তা বহুদূর বিস্তৃত হয়েছে। বিশেষ করে বেসরকারি বীজ কোম্পানিগুলোকে কৃষিবিদদের জন্য কর্মসংস্থানের বড় ক্ষেত্র হয়ে ওঠে। সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রশিকা, রংপুর-দিনাজপুর গ্রামীণ উন্নয়ন সংস্থা (আরডিআরএস) সরাসরি কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করছেন।আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) যুক্তরাজ্যের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি), ডেনমার্কের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ড্যানিডা, সুইডেন ও কানাডার সিডা, উইনরক ইন্টারন্যাশনাল, প্রাকটিক্যাল অ্যাকশন, ওয়ার্ল্ড ফিশ, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) ও অক্সফাম জিবির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে এগিয়ে এসেছে। এই সংস্থাগুলোতেও কৃষিবিদদের রয়েছে কাজের সুযোগ।কৃষি বিষয়ে উদ্ভাবন, সম্প্রসারণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন এই চারটি ক্ষেত্রে কাজ করছে শতাধিক সরকারি-বেসরকারি সংস্থা। দীর্ঘদিন চুপ থাকা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কাজের কেন্দ্রীয় জায়গাটিও আস্তে আস্তে কৃষি দখল করে নিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের জিডিপির ২৩ দশমিক ৫০ শতাংশ আসে কৃষি থেকে। জনশক্তির ৬২ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল। দেশে মোট কৃষিবিদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ব শ্রম সংস্থা (আইএলও) ২০০৯ সালে ‘গ্রিন জব অ্যাসেসমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষা চালায়। এতে হিসাব করে দেখানো হয়েছে, প্রথাগত কৃষি কাজের বাইরে মাশরুম চাষ, দূষিত মাটিকে ব্যবহার উপযোগী করা, রেশম চাষ, জৈব চাষাবাদ ও কীটনাশকমুক্ত চাষাবাদ আগামী দিনের সম্ভাবনাময় সবুজ পেশার ক্ষেত্র হতে পারে। এ ক্ষেত্রে দেশের নতুন ৩৮ হাজার ২৪৭ জনের কর্মসংস্থান হওয়া সম্ভব। নার্সারি স্থাপন, পূর্ণ বনায়ন, সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের মাধ্যমেও ২৬ হাজার ৫২৩ জনের কর্মসংস্থান হওয়া সম্ভব বলে মনে করে আইএলও। সবুজ পেশাকে এগিয়ে নিতে বাংলাদেশে ২৮টি সহায়ক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পশুসম্পদ গবেষণা কেন্দ্র, চা গবেষণা ইনস্টিটিউটসহ মসলা, গম, কন্দাল ও রেশমের ওপর আলাদা গবেষণাকেন্দ্র রয়েছে। কৃষি ও পল্লি উন্নয়নের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া)। শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও রয়েছে কৃষিবিষয়ক উচ্চশিক্ষার বিশাল সুযোগ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে প্রতিবছরই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি বিজ্ঞানীরা যাচ্ছেন। তবে এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখের নয়। সরকারি হিসাবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া প্রায় ২০০ বাংলাদেশি বিজ্ঞানী আর দেশে ফিরে আসেননি। বিদেশি গবেষণা সংস্থাগুলোর হয়ে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তা দেশের খুব একটা উপকারে আসছে না।তবে অস্ট্রেলিয়াপ্রবাসী জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী বা মালয়েশিয়াপ্রবাসী মাকসুদুল আলমের মতো ব্যতিক্রম ব্যক্তিরাও রয়েছেন। তাঁরা দেশে ফিরে এসে তরুণদের নিয়ে দেশের ধান ও পাট নিয়ে উচ্চতর গবেষণা করছেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপের এবং মালয়েশিয়া সরকারের হয়ে রাবারের জীবন রহস্য উন্মোচনের পর মাকসুদুল আলম সর্বশেষ বাংলাদেশের হয়ে পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন। মাকসুদুলের সঙ্গে ৪৭ জন তরুণ জীব বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তিবিদ কাজ করেছেন। মাকসুদুল এই তরুণদের সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘পৃথিবীতে বহু উন্নত দেশের বিজ্ঞানীদের চেয়ে বাংলাদেশি তরুণেরা অনেক মেধাবী ও কর্মঠ। এই তরুণদের ওপর ভরসা করেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে।’