কৃষিকাজে চার শিক্ষার্থী
রিয়াদ মোহাম্মদ নূর, এস এম মাশুক ইমতিয়াজ, নিশাত ফাহমি ভূঁইয়া, ওয়ালিউল হক—তাঁরা পড়াশোনা করছেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। সবাই বিবিএর ছাত্র। বড় হয়েছেন শহরে। গ্রামের সঙ্গে যোগাযোগ বলতে নানাবাড়ি কিংবা দাদাবাড়িতে যাওয়া। সেই যাওয়া-আসার ফাঁকে দূর থেকে দেখেছেন ফসলের জমি আর সেখানে কৃষকের কাজ করার দৃশ্য। কিন্তু সেই কৃষিকাজ, কৃষকের জীবন এবং তাঁদের সংগ্রামের কথা কখনোই জানার ইচ্ছা হয়নি। এখন তাঁরা পড়াশোনার পাশাপাশি কাজ করছেন কৃষকের সঙ্গে। কৃষকদের সঙ্গে থাকছেন, খাচ্ছেন, জমিতে কৃষিকাজ করছেন, ফসল ফলাচ্ছেন। সেই গল্পই শোনা যাক।বছরখানেক আগে অ্যাগ্রো বিজনেসের ওপর একটি সেমিনারের আয়োজন করা হয় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। সেখানে বক্তব্য দিতে এসেছিলেন কৃষিব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। তাঁর সেই বক্তব্য শুনতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ জন ছাত্রছাত্রী। বক্তব্য দেওয়ার ফাঁকে তিনি ছেলেমেয়েদের কৃষকদের সঙ্গে থেকে কৃষিকাজ ও তা বিপণনের ব্যাপারে হাতে-কলমে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। শাইখ সিরাজের আহ্বানে সেদিন সবাই সাড়া দিয়েছিলেন। এরপর আগ্রহীদের মধ্য থেকে বিভিন্ন প্রক্রিয়ায় ছয়জনকে নির্বাচন করা হয়। বাছাই-প্রক্রিয়ার মধ্যে ছিল শারীরিক ফিটনেস, পরিবারের অনুমতি, মনস্তাত্ত্বিক দিক এবং পরে লটারি। নির্বাচিতদের মধ্যে ছিলেন চারজন ছেলে ও দুজন মেয়ে। পরে অবশ্য পারিবারিক অসুবিধার কারণে দুজন মেয়ে আর যেতে পারেননি। ১৪ জানুয়ারি। সন্ধ্যার পরপরই চ্যানেল আই কার্যালয়ে চলে আসেন রিয়াদ, মাশুক, নিশাত ও ওয়ালিউল। রাত তিনটা। যাত্রা শুরু হয় এখান থেকে। তীব্র শীত। চারদিকে কুয়াশা। তার ওপর বৃষ্টি। ভোর নাগাদ তাঁরা গিয়ে পৌঁছান নরসিংদীর শিবপুরের হাঁটুভাঙ্গা বাজারে। এই বাজারের আরেক নাম ‘শ্রমিকের হাট’। এখান থেকে অভিজ্ঞ কৃষকদের পারিশ্রমিকের বিনিময়ে সংগ্রহ করেন জমির মালিকেরা। মাশুক বললেন, ‘শুরুতে কেউ তেমন বুঝতে পারেনি। যখন আমাদের উদ্দেশ্য জানতে পারল, তখন সবাই হাসছিল। আমাদের নেওয়ার জন্য জমির মালিকদের অনুরোধ করি। কেউই রাজি হয়নি। কারণ সবার এখন কাজের মৌসুম, এ সময় তাদের প্রয়োজন অভিজ্ঞ কৃষক। আর আমরা তো কিছুই জানি না।’সেদিন বাজারে অভিজ্ঞ একজন কৃষকের প্রতিদিনের পারিশ্রমিক ছিল ২০০ টাকা। শেষ পর্যন্ত এই চারজনকে শ্রমিক হিসেবে নিতে রাজি হন হাবিবুর রহমান ফরায়েজি। অনভিজ্ঞতার কারণে এই চারজনকে পারিশ্রমিক হিসেবে দেবেন মোট ২০০ টাকা। তাতেই রাজি। শুরু হয় নতুন জীবন। হাবিবুর রহমান শ্রমিকের হাট থেকে তাঁদের নিয়ে যান নিজের বাড়িতে। থাকতে দেন কাচারি ঘরে। ওই সময় এই ঘরে ছিলেন আরও দুজন শ্রমিক—কাইয়ুম ও সোহাগ। তাঁদের আগেই সংগ্রহ করা হয়। নিশাত বলেন, ‘মাটির ঘর। মেঝেতেও মাটি। তাতে খড় বিছানো। জানালা ভাঙা। বাথরুম নেই। পানি খেতে হবে পুকুর থেকে। টয়লেট বলতে যেতে হবে গাছগাছালিঘেরা কোনো উন্মুক্ত স্থানে। গোসল করতে যেতে হবে নদীতে। এখানে আসার আগেই আমাদের কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি ও টাকা নিয়ে নেওয়া হয়; যাতে আমরা পুরোপুরি এখানেই মন দিতে পারি।’মাশুক বলেন, ‘তখন তীব্র ঠান্ডা অনুভব করছিলাম।’এবার মাঠে যেতে হবে। এখন বোরো ধানের মৌসুম। বীজতলা থেকে চারা তুলে তা নির্ধারিত জমিতে লাগাতে হবে। শুরুতে কাজটা সবার কাছে যতটা সহজ মনে হয়েছিল, কাজ করতে গিয়ে ততটাই কঠিন হয়ে পড়ে। তাঁদের কাজ দেখে ফরায়েজি বিরক্ত হন। কারণ, বেশির ভাগ চারাই তাঁরা তুলতে গিয়ে নষ্ট করছিলেন। একপর্যায়ে তিনি বলেই ফেললেন, ‘আপনাগো কাজ করতে হইব না, ওঠেন। আমার চারাগুলা নষ্ট করতাছেন ক্যান? প্রতিটা চারা আমগো কাছে কত দামি, সেইটা বোঝেন? ওই দুজন (সোহাগ ও কাইয়ুম) দেখেন কেমনে তোলে, সেইভাবে তোলেন।’বীজতলা থেকে চারা তোলা হলো। এবার তা লাগাতে হবে ১৬ শতক জমিতে। আর এই কাজটা করতে হবে এক দিনেই। মাশুক বলেন, ‘প্রথম দিন সকালের খাবার খেয়েছিলাম মোটা চালের ভাত, আলুর ভর্তা, লাল মরিচ। খাওয়ার জন্য যে থালা দেওয়া হয়েছিল, তা ছিল কিছুটা ভাঙা। কোনো গ্লাস নেই, কলস থেকে সরাসরি পানি খেতে হবে। আর দুপুরে সকালের ভাতের সঙ্গে যুক্ত হয়েছে পিঁপড়া। আলুর বদলে বেগুন পোড়া। সবকিছু মিলিয়ে খুব অস্বাস্থ্যকর মনে হচ্ছিল।’এবার চারা রোপণ করার পালা। মূল জমিতে কাদা। সবাই পায়ে ভালো করে তেল মেখে নেয়। সবার মধ্যে প্রতিযোগিতা ছিল, কে কত অল্প সময়ে বেশি চারা লাগাতে পারে। সেটা ছিল পুরোনো আড়িয়াল খাঁ নদের একটা চর। প্রায় পুরো জমিতেই ছিল ভাঙা শামুক। আর তাতে পা কেটে যাওয়ার আশঙ্কা ছিল। তাঁদের চারা রোপণের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ নুইয়ে চারা রোপণ করার পর সবাই পিঠে এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। বিকেল পাঁচটা পর্যন্ত জমিতেই কাজ করেছেন তাঁরা। এরপর হাত-মুখ ভালো করে ধুয়ে চলে যান বাজারে। শর্ত অনুযায়ী প্রতিদিনের পারিশ্রমিক থেকে তাঁদের ১৫ টাকা করে সঞ্চয় করতে হবে। অবশিষ্ট টাকা দিয়ে এক কেজি চাল, চারটি ডিম, ১০ টাকার মরিচ ও পেঁয়াজ আর আধা কেজি আলু কিনতে হবে। আশপাশ থেকে হাঁড়ি সংগ্রহ করে নিজেরাই রান্না শুরু করেন। পুরো ব্যাপারটির মধ্যেই জড়িয়ে আছে পরীক্ষা, মানে নম্বর। তাই এতটুকু ভুল হওয়ার উপায় নেই। দূর থেকে টিভি ক্যামেরা তাদের অনুসরণ করছে। শহুরে ছেলেদের জন্য গ্রামের এক নারী পিঠা বানিয়ে নিয়ে এনেছিলেন। আর তা খেতে গিয়ে ঘটে বিপত্তি। নম্বর কাটা হয়। শাস্তি হিসেবে নির্ধারিত কাজের বাইরে দুই জনকে অতিরিক্ত দুই ঘণ্টা মাটির ঢেলা ভাঙতে হয়। অন্য দুজন গৃহস্থের বাড়ি থেকে গোবর এনে জমিতে ফেলেন। রান্না শেষ হওয়ার পর গ্রামের কৃষক, মুরব্বি আর নারীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা। আলোচনার মাধ্যমে কৃষিসংক্রান্ত নানা বিষয়ে তাঁদের মতামত সংগ্রহ করেন। রাত ১০টা নাগাদ রাতের খাবার খেয়ে সবাই বসে পড়েন ওই দিনের কাজের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করতে। আধা ঘণ্টা পর ঘুমানোর পালা। কিন্তু শান্তিতে ঘুমানোর উপায় নেই। কারণ, তাঁদের ওপর দিয়েই দৌড়াচ্ছে বড় আকারের ইঁদুর। রিয়াদ বলেন, ‘পরদিন সকালে সবাই গায়ে প্রচণ্ড ব্যথা আর জ্বর অনুভব করি। কেউ কেউ পালিয়ে বাসায় চলে আসার সিদ্ধান্ত নিই। কিন্তু শেষ পর্যন্ত নানা কিছু ভেবে আর ওই কাজটি করিনি। ওই দিন আমাদের ধরিয়ে দেওয়া হয় আরেকটি জমি। ওখানে লাঙল ও মই দিতে হবে। আগে এই কাজটি করা হতো গরু দিয়ে। এখন আর গরু নেই। এই কাজটি কৃষক নিজেই করেন। যাঁরা অবস্থাসম্পন্ন তাঁরা ট্রাক্টরের মাধ্যমে করেন। তবে এখানে আমরাই লাঙল দিয়েছি। তার ওপর মাটির সঙ্গে ছিল অসংখ্য পলিথিন। এগুলোও পরিষ্কার করতে হবে। মোটকথা, পুরো জমিকে চাষের উপযোগী করে তুলতে হবে।’শাইখ সিরাজ জানান, এভাবেই পর্যায়ক্রমে ওই জমিতে সার দেওয়া, আগাছা তোলা, ধান কাটা, চাল তৈরি এবং তা বিপণনের পুরো কাজটাই করতে হচ্ছে তাঁদের। আর প্রতিদিন কাজের পর ওই দিনের কাজের মূল্যায়ন নিয়ে তৈরি করছেন প্রতিবেদন। এভাবেই নির্দিষ্ট সময়ের পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে তাঁদের কাছ থেকে। সেখানে থাকবে কৃষকের শিক্ষা, কাজের সময়ের অসুবিধা, একই জমিতে একাধিক ফসল উৎপাদনের ভাবনা, চিকিৎসা সমস্যা, বিপণন সমস্যা, মজুদ সমস্যা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, ঋণ ব্যবস্থাসহ নানা বিষয়ের সুপারিশ। আর এই প্রতিবেদন তুলে দেওয়া হবে সরকারকে।আয়োজন প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘আজকের প্রজন্মের ছেলেমেয়েদের কৃষির ব্যাপারে কোনো আগ্রহ নেই। সবাই করপোরেট সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এদিকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এখন যদি আমরা কৃষির দিকে গুরুত্ব না দিই, তাহলে কদিন পর হাতে টাকা থাকলেও খাবার পাওয়া যাবে না। তাই এখনই এদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই প্রজন্মের ছেলেমেয়েদের কৃষকের কাছে নিয়ে গেছি, যাতে পুরো ব্যাপারটি সত্যিকার অর্থে তাঁরা অনুধাবন করতে পারেন।’ আয়োজনটি করেছে চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান। আর এই পর্বের নাম ফিরে চলো মাটির টানে।