কৃষিজমিতে ইটভাটা, বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। কৃষিজমি ভরাট করে বসতবাড়ি ও ইটভাটা নির্মাণ এবং বালু তোলার কারণে খালের ভাঙন বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে কমেছে খাদ্য উৎপাদনও। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষিবিদেরা।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলার মোট কৃষিজমির পরিমাণ ২৯ হাজার ৬৪০ একর। গত ১০ বছরে কৃষি জমির পরিমাণ কমেছে প্রায় দুই হাজার একর।

উপজেলায় বর্তমানে মোট চালের চাহিদা ৪৬ হাজার ২৭২ মেট্রিক টন। উৎপাদিত হচ্ছে ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন। ঘাটতি রয়েছে দুই হাজার ৫০০ মেট্রিক টন। কৃষি জমি কমতে থাকলে এ ঘাটতি বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে লোহাগাড়া সদর, আমিরাবাদ, পদুয়া, আধুনগর ইউনিয়নে কৃষি জমি কমছে বেশি। পাশাপাশি কমছে খাদ্য উৎপাদনও। এসব এলাকায় জলাশয়ও ভরাট হচ্ছে। গত কয়েক বছরে জলাশয়ের পরিমাণ দুই হাজার একর থেকে কমে দেড় হাজার একরে দাঁড়িয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মুসা জানান, লোহাগাড়া উপজেলার মোট জনসংখ্যা বর্তমানে প্রায় তিন লাখ এবং বসতবাড়ি রয়েছে ৫৩ হাজার।

উপজেলার চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান সাদত উল্লাহ বলেন, তাঁর এলাকায় ইটভাটার কারণে প্রচুর কৃষি জমি ধ্বংস হয়েছে। এর ফলে আগের মতো ফসলও হয় না ওই এলাকায়।

উপজেলার পদুয়া এলাকার কৃষক লাল মোহন দাশ জানান, কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় পশু খাদ্যেও ঘটতি দেখা গেছে। এ কারণে অনেকে গবাদি পশু লালন-পালন ছেড়ে দিয়েছেন।

লোহাগাড়া উপজেলা চেয়াম্যান জিয়াউল হক চৌধুরী জানান, পুটিবিলা, চরম্বা, চুনতি ইউনিয়নের রাস্তাঘাট উন্নত না হওয়ায় অনেকে লোহাগাড়া সদরের আশপাশে কৃষি জমি কিনে বাড়ি নির্মাণ করছেন। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধিও কৃষি জমি কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান প্রথম আলোকে জানান কৃষি জমিতে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ হলেও বসতবাড়ি নির্মাণে বাঁধা নেই। তবে লোহাগাড়ায যে হারে কৃষি জমি ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে তাতে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে।