কক্সবাজারের সমুদ্র উপকূলীয় পেকুয়া উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রামের ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রির মচ্ছব চলছে। এতে জমি হারাচ্ছে উর্বরতা। উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে। প্রভাবশালী ব্যক্তিরা কৃষকের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছেন। এই মাটি দিয়ে অনেকে বসতবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের জন্য নিচু জমি ভরাট করছেন।দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের মাতব্বরপাড়া, রাহাজ্জানিপাড়া, আবদুল হামিদ সিকদারপাড়া, গোঁয়াখালী, টৈটং ইউনিয়নের সোনাইছড়ি, নাপিতখালী, মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা, জারুলবনিয়া, বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা, পাহাড়িয়াখালী, নয়াকাটাসহ অন্তত ২০টি গ্রামের জমির উপরিভাগের মাটি কেটে নিচ্ছে লোকজন। ট্রাক, জিপ, ঠেলাগাড়িতে করে এসব মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানের ইটভাটা, অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে জমি ভরাটের কাজে। এসব বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা নেই।স্থানীয় কৃষক কবির আহমদ, ছমি উদ্দিন ও নুরুল হোছাইন জানান, জমির উপরিভাগের মাটি বিক্রির ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে জমির উঁচু-নিচু অবস্থার কারণে সেচের পানি সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ফলে বহু চাষি চাষাবাদ করতে পারছেন না। টৈটং ইউনিয়নের সোনাছড়ি এলাকার কৃষক আহমদ উল্লাহ জানান, আগে পতিত বা চাষ হয় না এমন জমির মাটি দিয়ে নিচু জায়গা ভরাট করা হতো। অনেকে আবার পুকুর কাটার মাটি দিয়ে ভরাটকাজ চালাতেন। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন ফসলি জমির মাটি কেটে ইট তৈরি ও ভরাটকাজ করা হচ্ছে। ফলে ফসল চাষের জমি কমে যাচ্ছে। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন জানান, জমির উপরিভাগের মাটি বিক্রির কারণে চলতি বছর এই এলাকার ১৫ হেক্টর ফসলি জমি অকৃষি খাতে চলে গেছে। তিনি আরও জানান, মূল উর্বরতাশক্তি থাকে মাটির ওপরের অংশের এক থেকে দেড় ফুটের মধ্যে। অথচ টাকার লোভে এই উর্বর মাটি বিক্রি করা হচ্ছে ইট তৈরির কাজে। ওই জমির উর্বরতাশক্তি ফিরিয়ে আনতে সময় লাগবে পাঁচ থেকে সাত বছর। প্রায় আট বছর ধরে মাটি বেচাকেনার ব্যবসা করছেন পেকুয়া উপজেলা সদরের নুরুল আবছার। তিনি জানান, মাটির চাহিদা দিন দিন বাড়ছে। তাই টাকা দিয়ে জমির মাটি কাটা হচ্ছে। প্রতি কানি জমির মাটির জন্য ১০ হাজার টাকা দিতে হয়। এ বছর তিনি ২০ কানি জমির মাটি কেনেন বলে দাবি করেন। সেই মাটি তিনি ইটভাটাসহ নানা কাজে সরবরাহ করছেন। নুরুল আবছার জানান, ফসল উৎপাদনের চেয়ে মাটি বিক্রিতেই লাভবান হচ্ছেন চাষিরা। তাই অনেকে চড়া মূল্যে মাটির জন্য জমি বর্গা দিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন বলেন, ‘ফসলি জমির উপরিভাগ থেকে মাটি তোলা ক্ষতিকর কাজ। এর ফলে ফসলের উৎপাদন যেমন কমবে, তেমনি দেশে খাদ্য ঘাটতিও দেখা দেবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’