কৃষিতে অবদান অনেক, তারপরও স্বীকৃতি নেই নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর পক্ষে পুরুষ
নারীর পক্ষে পুরুষ

অভিধান বলছে, কৃষাণ মানে হচ্ছে কৃষক, যে জমিতে লাঙল দেয়, খেতমজুর। আর কৃষাণের স্ত্রীলিঙ্গ হচ্ছে কৃষাণী বা অনেক সময় বলা হয় কিষানি। কৃষিকাজের ২১টি ধাপের মধ্যে নারীরা ১৭টি ধাপের কাজ করে। তারপরও নারীরা কৃষক বা কৃষাণ হতে পারেননি। তাঁদের নামের সঙ্গে যোগ হচ্ছে ‘কৃষাণী’। নারী আন্দোলনকারীরা তাঁদের ‘নারী কৃষক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করছেন দীর্ঘদিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফসলের প্রাক বপন-প্রক্রিয়া থেকে শুরু করে ফসল উত্তোলন, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিপণনের অনেক কাজ নারী এককভাবে করেন। কিন্তু প্রাতিষ্ঠানিক পরিসংখ্যানে নারীর এ হিসাবের স্বীকৃতি নেই। কৃষিকাজকে নারীর প্রাত্যহিক কাজের অংশ হিসেবেই বিবেচনা করা হয়। ভাবা হয়, এ কাজে আবার মজুরি লাগবে কেন। কৃষি খাতে ৪৫ দশমিক ৬ শতাংশ কাজই নারীরা করেন বিনা মূল্যে।
পরিস্থিতি পাল্টাচ্ছে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০১০ সালের শ্রমশক্তি 

জরিপে দেখা গেছে, দেশে কৃষিকাজে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা ২ কোটি ৫৬ লাখ। এর মধ্যে নারী প্রায় ১ কোটি ৫ লাখ। এক দশক আগেও নারীদের এ সংখ্যা ছিল ৩৮ লাখ। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে কৃষিকাজে যুক্ত হয়েছেন ৬৭ লাখ নারী। আর পুরুষের অংশগ্রহণ কমেছে সাড়ে ৩ শতাংশ।

গত বছর প্রকাশিত বিবিএসের সর্বশেষ কৃষি মজুরিবিষয়ক জরিপ বলছে, কৃষি মজুরি হিসেবে পুরুষ যদি ১০০ টাকা পান, নারী পান ৭৫ টাকা। সাত বছর আগে একই কাজের জন্য নারী পেতেন ৪৮ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন ইউনিটের (এফপিএমইউ) ২০১৫ সালের পর্যবেক্ষণ প্রতিবেদনেও বলা হয়েছে, গত কয়েক বছরে নারী শ্রমিকের দক্ষতা ও চাহিদা বেড়ে যাওয়া এবং গ্রামীণ পুরুষের বড় অংশ প্রবাসী শ্রমিক হিসেবে রূপান্তর এবং পুরুষ শ্রমিকদের অন্য খাতে স্থানান্তরের কারণে গ্রামে কৃষি-মজুরের সংকট দেখা দিচ্ছে। ওই শ্রমের ঘাটতি নারীরা পূরণ করে কৃষিকে এগিয়ে নিচ্ছেন। ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর ক্ষেত্রে কৃষক বলতে ফসল উৎপাদন, শাকসবজি, ফুল ও ফলের চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দুগ্ধ খামার, মৎস্য চাষসহ বিভিন্ন কাজে নিয়োজিত ব্যক্তিদের বোঝানো হয়েছে। ‘কৃষিতে নারীদের বিশেষ অবদান’ হিসেবে আলাদা একটি ক্যাটাগরিও রাখা হয়েছে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী শামসুন নাহার মুঠোফোনে নিজেকে ‘কৃষক’ হিসেবেই পরিচয় দিলেন। তাঁরা স্বামী, স্ত্রী দুজনই কৃষিকাজ করেন। আপনি কী কী কাজ করেন, জানতে চাইলে শামসুন নাহার প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী সমান সমানই কাজ করি। একসঙ্গে আলু লাগাই। সকালেও গরুর ঘাস কাটলাম।’ শামসুন নাহার কৃষি মন্ত্রণালয়ের কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন। অভিজ্ঞ কৃষকের মতোই শামসুন নাহার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারের লোকজন ক্ষতিপূরণ দেবেন বলে নাম লিখে নেন, কিন্তু তারপর আর কিছু দেন না। সারের দামটা যদি কমানো হয় তাহলে আর একটু লাভ হয়।’

নরসিংদী জেলার রায়পুরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার নার্গিস সুলতানাও কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন প্রায় দেড় বছর হলো। বাবার জমিতে কৃষিকাজ করেন। কলা বাগান, ধানের চাষ, সবজি, মিষ্টি আলু যখন যেটা হয় তা-ই চাষ করেন বলে জানালেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০১৫ সাল পর্যন্ত সারা দেশে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার ৮২৪টি কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ‘কৃষাণী’ হিসেবে ১২ লাখ ৫৮ হাজার ৬৪৭ জন নারী এ কার্ড পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে নারীর অংশগ্রহণ বেড়েছে। প্রশিক্ষণের বেলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের দিকে নজর দেওয়া হচ্ছে বলে কর্মরতরা জানালেন।

বেসরকারি সংগঠন কর্মজীবী নারী দেশের ৬টি জেলায় কৃষির সঙ্গে যুক্ত ১৩ হাজার নারীর সঙ্গে কাজ করছে। এর সভাপতি সাংসদ শিরীন আখতার প্রথম আলোকে বলেন, নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক আলাপ-আলোচনা হচ্ছে। সচেতনতাও তৈরি হয়েছে। তারপরও সরকারের নীতিনির্ধারণী মহলের অনেকেই নারীরা যে কৃষির বেশির ভাগ কাজই করছেন তা অনুধাবন করতে পারছেন না। কৃষাণী বলতে ‘কৃষকের বউ’ বলেই মনে হয়। এ ধরনের শব্দচয়নের ফলে কৃষক নারীর শ্রম ও সংগ্রামের চিত্রটি ঢাকা পড়ে যায়। তাই নারীদের নারী কৃষক হিসেবেই স্বীকৃতি দিতে হবে।

মৎস্য অধিদপ্তরের প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণেন্দু সাহা প্রথম আলোকে বলেন, নারী জেলেদের জেলেনি বলা হচ্ছে না। জেলে হিসেবেই জাল পাচ্ছেন নারী। অবস্থার পরিবর্তন হচ্ছে, তবে তার গতি এখন পর্যন্ত ধীর।

বিভিন্ন নীতিতেও নারী কৃষকের কাজের স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিতে জাতীয় অর্থনীতিতে যাতে নারী শ্রমিকের শ্রমের স্বীকৃতি দেওয়া হয়, মজুরিবৈষম্য দূর করা হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৩ সালের জাতীয় কৃষি নীতিতেও ‘কৃষিতে নারী’ একটি ধারা আছে। এতে কৃষি উপকরণ, কৃষি উপকরণ সহায়তা কার্ড, সার, বীজ, ঋণ সুবিধাসহ নারী-পুরুষের সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের অবস্থা: ‘জেন্ডার বাজেট প্রতিবেদন ২০১৬-১৭’ কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমে জেন্ডার-বৈষম্য চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর ও সংস্থায় ২০১৫-১৬ অর্থবছরে নারী কর্মকর্তার সংখ্যা মাত্র ৭ শতাংশ। অর্থাৎ নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ খুবই কম।

নারীদের এগিয়ে আসতে হবে: কৃষি মন্ত্রণালয়ের কৃষি কল সেন্টারে (১৬১২৩) কর্মরত একজন নারী প্রথম আলোকে বলেন, নারীরা কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু কল সেন্টারে নারীরা সরাসরি ফোন করে তথ্য জানতে চান না। শতাংশের হিসাবে বললে গড়ে এক থেকে দুই শতাংশ ক্ষেত্রে নারীরা ফোন করেন। বেশির ভাগ ক্ষেত্রে স্বামী বা ছেলেকে দিয়ে ফোন করান।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, নারীরাই হচ্ছে কৃষির জনক। নারীর হাতেই কৃষির আবিষ্কার। তাই নারীদের নিজেদেরও কৃষক পরিচয় দিয়ে সামনে আসতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক শরমিন্দ নীলোর্মি প্রথম আলোকে বলেন, নারীকে নারী কৃষক না কৃষাণী বলা হলো তা বড় বিষয় নয়, বিষয়টি হলো একজন কৃষক হিসেবে সরকারের কাছ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা পাচ্ছেন তা নিশ্চিত করা।