
বান্দরবানের মাসিংনু মার্মা বিয়ের গয়না বিক্রি করে শুরু করেছিলেন স্ট্রবেরি চাষ। ২০ শতক জমি বর্গা নিয়ে চাষ করে স্ট্রবেরি ফলিয়ে তাক লাগিয়ে দেন এলাকায়। সেই ২০ শতক জমি বেড়ে এখন দাঁড়িয়েছে এক একর ২০ শতকে। ‘হিলি ফ্রুটস অ্যান্ড এগ্রোভ্যালি’ নামে একটি খামারও হয়েছে। সেখানে স্ট্রবেরির পাশাপাশি ড্রাগন ফল, টমেটো, কালমেঘ, ধনিয়া চাষ করছেন মাসিংনু মার্মা। সব মৌসুমে সব ফসলের চারা উৎপাদনের জন্য একটি গ্রিনহাউস নির্মাণের কাজও শুরু করেছেন।
পেশায় ডিপ্লোমা কৃষিবিদ। কৃষিতে অবদান রাখায় ১৪১৯ সালের ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’–এ স্বর্ণপদক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে তাঁর হাতে তুলে দেন এ পুরস্কার।
মাসিংনু বলেন, ‘বিয়ের গয়না বিক্রির জন্য যাঁরা তাঁকে ভর্ৎসনা করেছিলেন তখন, তাঁরাই এখন প্রশংসা করে বলেছন মাসিং আসলে বুদ্ধিমতী!’ নিজের গ্রাম তো বটেই বান্দরবানে ২০১০ সালে বিদেশি ফল স্ট্রবেরি প্রথম নিয়ে এসেছেন মাসিং। লাল টুকটুকে ফলটি তখন বাজারে যেন ‘হট কেক’। প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে নিতে হয় না, খেত থেকেই বিক্রি হয়ে যায়। আর এলাকার চাষিরাও তখন থেকে এলাকায় স্ট্রবেরি চাষে মনোযোগী হয়ে ওঠেন। স্ট্রবেরি চাষে সফল হয়ে মাসিং গ্রীষ্মকালীন টমেটো, ধনিয়া, ড্রাগন ফল ও কালমেঘ চাষও করেন।
মাসিং ২০১৩ সালে সফল নারী পদক, শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার, শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা অনন্যা শীর্ষ দশ এবং জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কার অর্জন করেছেন।
বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে ডলুপাড়া এলাকায় মাসিংনুর হিলি ফ্রুটস অ্যান্ড এগ্রোভ্যালি খামারে গত সপ্তাহে গিয়ে দেখা গেল, কালমেঘ চাষের জমি প্রস্তুত করা হচ্ছে। স্ট্রবেরি, ড্রাগন ফল, ধনিয়াসহ হরেক রকম ফল ও সবজি সেখানে বেড়ে উঠছে। জমি ভাড়া নিয়ে কৃষি খামারটি গড়ে তুলেছেন। গ্রিনহাউসের নির্মাণকাজ দ্রুত শেষ হবে বলেন জানালেন মাসিংনুর স্বামী এনি মং মার্মা। এনি মংয়েরও আছে কৃষিতে প্রশিক্ষণ। মাসিং জানালেন, স্বামী-স্ত্রীর দুজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খামারটা ভালোভাবেই গড়ে উঠছে।
মাসিংনু মার্মা কৃষি ডিপ্লোমা পড়ার সময়ই হারান বাবাকে। আর্থিক সংকটে পড়ে পুরো পরিবার। ২০১০ সালে বিয়ের পর এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে একটি পুরোনো পত্রিকায় স্ট্রবেরি চাষ সম্পর্কে জানতে পারেন। তখনো কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে তিনি পড়াশোনা করছিলেন। স্ট্রবেরি চাষের বিস্তারিত তাঁর এক শিক্ষকের কাছ থেকে বুঝে নেন। বাড়ি এসে স্বামী এনি মংয়ের সঙ্গে পরামর্শ করেন। তাঁরা বিয়ের গয়না বিিক্র করে ২০ শতক বর্গা জমি নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ। মাসিং এখন কৃষি চাষপদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আগামী দিনে কচ্ছপ ও ব্যাঙের খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন।