মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। সমানে চলছে গণসংযোগ আর বৈঠক। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। খইয়াছড়া, মায়ানী, ওয়াহেদপুর, হাইতকান্দি ও সাহেরখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রচারণায় সরগরম জনপদ। কৃষিনির্ভর এ পাঁচ ইউনিয়নের অধিকাংশ ভোটার জানান, তাঁরা কৃষিবান্ধব জনপ্রতিনিধি চান।খইয়াছড়া ইউনিয়নের ভোটার করিম উল্লাহ, আবু তৈয়ব, শাহাদাত, আবুল কালাম ও নির্মল শর্মা বলেন, ‘ফেনাফুনি খাল পরিষ্কার না থাকায় প্রায় দুই হাজার একর জমিতে আউশ ও আমন চাষ করা সম্ভব হয় না। আউশ ও আমন চাষের মৌসুমে দুই হাজার একর জমি বর্ষার পানিতে ডুবে থাকে। বর্ষায় ফেনাফুনি খাল দিয়ে পাহাড়ি পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে আমবাড়িয়া, খইয়াছড়া, ফেনাফুনি গ্রামের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। প্রতি বর্ষায় এ গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপজেলা সদর থেকে আধা কিলোমিটারের কম দূরত্ব হলেও প্রশাসনিকভাবেও কোনো কার্যকর উদ্যোগ কখনোই দেখা যায়নি। এ যেন বাতির নিচে অন্ধকার।’ একই ইউনিয়নের নাপিত্তাছড়া, বড়খাল সংস্কার করলেও কৃষকদের অভিযোগ, জনপ্রতিনিধিরা খালের উজান ও ভাটির দিকে সংস্কার না করে খালের মধ্যখানে সংস্কার করার ফলে বর্ষার পানি কোনো দিকে সরে যেতে পারে না। ফলে বর্ষার পানিতে কৃষককে ব্যাপক লোকসান গুনতে হয়।মায়ানী ইউনিয়নের ভোটার নারায়ণ চর্মকার, মো. শাহ আলম, আবছার সাদেকী ও মাহফুজুল ইসলাম জানান, আবু তোরাব বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া খালটি দখলের কারণে সংকুচিত হয়ে পড়ছে। একসময় ওই খাল দিয়ে সাম্পান বা বজরা নিয়ে বণিকেরা বাণিজ্য করতে আসতেন। আবুতোরাব বাজার থেকে কেনা পণ্য সাম্পানে করে নিয়ে যাওয়া হতো সন্দ্বীপ, সোনাগাজী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু খালটি দখলে সংকুচিত হওয়ায় কৃষকদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি বর্ষায় জলবদ্ধতা দেখা দেয়। ওয়াহেদপুর, হাইতকান্দি ও সাহেরখালী ইউনিয়নের ভোটার আবু ছালেক, জাহাঙ্গীর আলম, নুর উদ্দিন ও বাবুল জলদাস বলেন, সাহেরখালী স্লুইসগেটটি একটি সুবিধাবাদীমহল অকেজো করে রাখার কারণে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাঁরা জানান, উপকূলীয় বনাঞ্চলের গাছ অবৈধভাবে কেটে নিয়ে আসতে গাছচোররা ব্যবহার করে সাহেরখালী খাল। জানা গেছে, স্লুইসগেট দিয়ে গাছ পার করে আনার সময় বড় গাছের টুকরা স্লুইসগেটের দরজায় আটকে রাখা হয়। এরপর ফটকের ফাঁক দিয়ে অন্য গাছগুলো নিয়ে আসা হয়। গাছ দিয়ে আটকানো দরজা আর বন্ধ না করার ফলে সাগরের লোনাপানি ঢুকে পড়ে কৃষিজমিতে, ক্ষতি হয় ফসলের। আবু ছালেক বলেন, সাহেরখালী খালকে রাবার ড্যামের (বাঁধ) আওতায় নিয়ে আসা গেলে মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে কৃষিখাতে দ্বিগুণ ফসল উৎপাদন সম্ভব। কৃষকেরা জানান, তাঁরা জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সাহায্য চান না। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। উল্লেখ্য, মিরসরাইয়ের ১৬ ইউনিয়নের ১৫টিতে আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।