কৃষিবিষয়ক খবর পাওয়া যাবে বাংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলনের কথা উঠলেও এ নিয়ে নানা বিতর্ক থেকেই যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তা চালু করা হয়তো সময়সাপেক্ষ ব্যাপার—দীর্ঘদিনের অনভ্যাস, সঠিক বাংলা প্রতিশব্দ না পাওয়া ইত্যাদি কারণে। তবে বেশির ভাগ ক্ষেত্রে আমাদের সদিচ্ছা এবং সহযোগিতার অভাবকে বড় করে দেখা হয়। অথচ আমরা নিজ নিজ অবস্থানে থেকে একটু উদ্যোগ নিলেই এ ক্ষেত্রে অনেক সমস্যারই সুরাহা হয়ে যায়। আর এরই প্রতিফলন বলা যায়, বাংলা ভাষায় কৃষিবিষয়ক খবর নিয়ে চালু হওয়া ওয়েবসাইটটি। ‘কৃষি নয়, আধুনিক কৃষি’ স্লোগানে সমপ্রতি চালু হয়েছে ‘এগ্রোবাংলা ডট কম’ (www.agrobangla.com) নামে এ সাইট। এতে তারা বাংলাভাষায় কৃষিবিষয়ক বিশাল তথ্যভান্ডার নিয়ে হাজির হওয়ার কথা বলেছে। এর মূল পাতায় রয়েছে কৃষি তথ্য, মৎস্যচাষ, গবাদিপশু ও পাখিপালন, বাজার, ছবি ভান্ডার, মন্তব্য, যোগাযোগ নামে বিভিন্ন বিভাগ। এ ছাড়াও রয়েছে তথ্যপ্রযুক্তি ও কৃষি, কৃষি প্রযুক্তি, একটি বাড়ি একটি খামার, কৃষিজাত ব্যবসা, বায়োগ্যাস প্রকল্প, মৌমাছি চাষ প্রভৃতি বিষয়ে নিবন্ধ। কৃষি তথ্যে ফলমূল, শাকসবজির চাষ, ছাদে বা টবে চাষ, ফুলচাষ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। ‘বাজার’ বিভাগে গিয়ে জানা যাবে অনলাইনে উৎপাদিত পণ্য বেচার সুযোগ সম্পর্কে।এখন কৃষক বলতে কেবল মাঠের মানুষটিকে বোঝায় না। প্রযুক্তির কল্যাণে কৃষকের চিন্তাচেতনায়ও পরিবর্তন এসেছে। তাঁরাও মাঠকর্মীদের পরামর্শের পাশাপাশি বেতার-টেলিভিশন, ইন্টারনেটে খবর নিতে শিখছেন। আবার এ পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক শিক্ষিত ও আধুনিক জ্ঞানপিপাসু জনগোষ্ঠীও। ফলে ঘরে বসে কৃষির নানা তথ্য-উপাত্ত পাওয়া, বাজারের খবর জানার গুরুত্ব বাড়ছে দিন দিন। ফলে এসব সাইট তাঁদের কাজের গতি বাড়াতে, নিজেদের হালনাগাদ রাখতেও সহায়তা করবে বলা যায়। নিজাম সিদ্দিকী