কৃষ্ণচূড়া লাল হয়েছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে! কী চমকে উঠেছেন নিশ্চয়ই? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘরদোরে লাগেনি সে আগুন। আগুন লেগেছে গাছে গাছে, পাতায় পাতায়; আগুন লেগেছে কৃষ্ণচূড়ায়...। শুধু কৃষ্ণচূড়া নয়, আগুন লেগেছে কনকচূড়া, জারুল, মাধবী, রাধাচূড়া, হিজল আর অলকানন্দার শাখায় শাখায়। এ আগুনে পোড়েনি ঘরদোর; তবে পুড়েছে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর হূদয়-মন। সুন্দরের এ আগুনে কেউ হয়েছে উদাসী, কেউ হয়ে উঠেছে নতুন প্রেমী। কারও মনে বাজছে আবার বেদনার সুর, কারও মনে অতীতের সুখস্মৃতি। রোকেয়া হলের ছাত্রী শুভ। সবাই তাকে আদর করে ডাকে ‘পাগলি মেয়ে’ বলে। ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সে রুম থেকে বের হয়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে ঘাসে খালি পায়ে হাঁটে আর আপনমনে গুনগুন করতে থাকে। পাগলি মেয়েটির কাছে পাওয়া যায় ক্যাম্পাসের কোন কোনায় কোন ফুলগাছ রয়েছে তার খবরাখবর। প্রায়ই তার বন্ধুরা ফুল আর পাতা নিয়ে ছুটে আসে তার কাছে। এই তো সেদিন জহির, আশিক, রিনা, শারমিন মিলে কী এক হলুদ ফুলের ওপর গবেষণা করছিল। কিন্তু নামটা জানা ছিল না। শুভকে দেখে বসিয়ে রেখে জহির ছুটল নমুনা আনতে। কিছুক্ষণের মধ্যেই ফুল আর পাতাসহ এসে হাজির। সঙ্গে সঙ্গে শুভর সে কী হাসি... আরে হাদারামেরা, এটা কনকচূড়া। ওদিকে নূর এক বিশাল পরিকল্পনা করে বসে আছে। হালকা বেগুনি জারুল ফুল নিয়ে আগামী সপ্তাহে তারা মেতে উঠবে জারুল উৎসবে। সব বন্ধুকে এরই মধ্যে বলা হয়ে গেছে এ উৎসবের খবর। সেতু, মণি, জয়াসহ মেয়েদের বলা হয়েছে বেগুনি শাড়ি পরতে। আর ছেলেদের পাঞ্জাবি। খুব ভোরে এসে ঝরে যাওয়া জারুল ফুলগুলো যতনে কুড়ানো হবে। তারপর ওই পাপড়ি দিয়ে লেখা হবে ‘জারুল উৎসব’ শব্দটি।এরপর শোনা গেল সোহেলের গুরুগম্ভীর বক্তৃতাও, ‘অন্য দেশে চেরি ফুটলে তা নিয়ে ব্যাপক হইচই শুরু হয় আমাদের সংবাদমাধ্যমে। অথচ আমাদের দেশে এত সুন্দর জারুল ফোটে, আমরা অনেকে জানিই না এর নাম। এটা খুব দুঃখজনক। নিজের সংস্কৃতির উপাদান জানতে হবে আমাদের।’ বনি, হিমি, জাহিদ একসঙ্গে মাথা নেড়ে সায় জানিয়ে বলল, ‘যথার্থ কথা বৎস!’ সঙ্গে সঙ্গে হো হো হাসির শব্দ খেলে গেল জারুলতলায়।এদিকে তমালকে প্রায়ই পাওয়া যায় ক্যাম্পাসের কোনো না কোনো কৃষ্ণচূড়া ছায়ায় গিটার হাতে। কাল সে বসেছিল কলাভবনের সামনের কৃষ্ণচূড়ার তলায়। সঙ্গে পলাশ আর জাকারিয়া। হঠাৎ কোথা থেকে স্বর্ণা এসে আবদার করে বসল গান ধর, ‘অনুরোধের আসর গানের ডালি’ বলে বেশ ভাব নিয়ে গেয়ে উঠল, ‘কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে...’ সিঁথির অনুরোধে পলাশ গাইল, ‘এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে...’ সবাই যেন কেমন চুপটি মেরে গেল। কৃষ্ণচূড়ার পাশের বড় গাছটা ছেয়ে গেছে হলুদ ফুলে। সোনার কানের দুলের মতো ঝুলে থাকা ফুলগুলো বাতাসে নড়ছে লজ্জাবতী নববধূর মতো।ওদিকে জয়ী আর নিধি এসেছে মগবাজার থেকে বাবা-মায়ের হাত ধরে ফুল দেখতে। ‘এখনকার শিশুদের তো আমাদের মতো দুরন্ত শৈশব নেই। আমরা গাছ, পাতা, ফুল চিনেছি দেখে দেখে, ছুঁয়ে ছুঁয়ে। আর ওরা চেনে ছবি দেখে। তাই ওদের বেড়াতে নিয়ে এসেছি এ দেশের ফুল দেখাতে।’ বললেন ওদের বাবা তিতাস রোজারিও। বলেই খেয়াল করলেন ছোট্ট নিধি পরম আদরে কুড়িয়ে যাচ্ছে ঝরে পড়া জারুল ফুলগুলো। ফাহিম তখন একদৃষ্টিতে তাকিয়ে আছে হালকা গোলাপি ফুল ফুটে থাকা হিজল গাছটার দিকে। ঝিরিঝিরি বাতাসে হিজলের পাপড়িগুলো ঘুরতে ঘুরতে এসে মাটিতে যখন পড়ে, তখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে তার মনের ভেতর।ইমরুল আবার ভক্ত কৃষ্ণচূড়ার। গতকাল নাকি তার কৃষ্ণচূড়াগাছের নিচে সে কী ফটোসেশন! এর মধ্যে ফেসবুকে ছবি আপলোড করাও শেষ। আর মুন্না তো প্রায় প্রতিদিনই ফেবসুকে স্ট্যাটাস দিচ্ছে, জারুল বালিকার প্রেমে পড়েছে সে। বন্ধুদের কমেন্টসে কমেন্টসে একাকার তার প্রোফাইল। রনি জানাল, শুধু জারুল, কৃষ্ণচূড়া, সোনালু হিজল আর কনকচূড়া নয়, রাধাচূড়া, মহুয়া, লিলি, মাধবী আর আলকানন্দও আজ রঙিন হয়েছে।এই হলো আমাদের ফুলবিলাস। সময় করে একদিন আপনিও এসে দেখে যাবেন ফুলে ফুলে কী সুন্দর সেজেগুজে বসে আছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি।