কৃষ্ণচূড়াকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুশি
টুশি

টুশি, কৃষ্ণচূড়া কন্যা টুশি। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়। দিনগুলো চলে যায় আপন খেয়ালে। আসে শীত, আসে বসন্ত-গ্রীষ্ম—আসে এভাবেই বৈশাখীর ঝোড়ো-তাণ্ডব। এরই মাঝে লাল-হলুদে ছোঁয়া ছোপ কৃষ্ণচূড়া ফোটে আনন্দ-হাসিতে। আর আমার কন্যা রোজীনা মুস্তারীন টুশি—প্রথম আলোর প্রদায়ক। কৃষ্ণচূড়ার প্রতি যার নিরন্তর ভালোবাসা—এই বৈশাখেই সেই কৃষ্ণচূড়াকন্যার শেষনিশ্বাস রাখার দিন। ১৯৭৮ সালের ৮ এপ্রিল তার জন্ম এবং ২৭ এপ্রিল চলে যাওয়া। ২০০২ সাল ছিল সেটা।
কৃষ্ণচূড়া ফুল খুব ভালোবাসত টুশি। পরীবাগের আমাদের সরকারি বাসার জানালার কাছ দিয়ে তর তর করে বিশাল কৃষ্ণচূড়া গাছ উঠে গেছে ছাদ ছুঁয়ে আরও ওপরে। লাল-হলুদে ছোপ ছোপ অপরূপ কারুকার্য নিয়ে গাছের সে শোভা সবার দৃষ্টি কেড়ে নেয়। টুশির প্রিয় ছিল সেই গাছ।
টুশি চমৎকার কবিতা আবৃত্তি করত। ঢাকা ভার্সিটির রোকেয়া হল থেকে সে অংশ নিত প্রতিযোগিতায়। ইংরেজি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পর পর তিনবার প্রথম স্থান লাভ করে। জাতীয়ভাবে ২০০২ সালে স্বর্ণপদক লাভ করে। এর আগে বাংলা কবিতায় রৌপ্যপদক লাভ করে জাতীয় পর্যায়ে। রূপা চক্রবর্তীর ‘স্বনন’ আবৃত্তি সংঘের সে নিয়মিত একজন সদস্য ছিল। বিতর্ক, বক্তৃতা উপস্থাপনা এবং গানেও ছিল সে অনন্য। প্রকৃতিকে সে ভালোবাসত। ফুল, পাখি, নদী, শিশু, সমুদ্র সব তার ভালোবাসায় গতিহীন স্রোতোধারা।
কৃষ্ণচূড়াকে ভালোবেসে দুচোখ ভরে দেখার আকুলতায় বারবার তার বাড়ির ছাদে যাওয়া। যখনই মন খারাপ লাগত, তখনই ওই কৃষ্ণচূড়াগাছের কাছে যেত। কত কথা, কত গান ওই সুন্দরী কৃষ্ণচূড়ার তরে।
টুশি কথা বলত চমৎকার ঢঙে। সে বাংলা হোক আর ইংরেজি। টুশির গায়ের রং ছিল কাঁচা হলুদের মতো, মিষ্টি করে হাসত টুশি। তার দাঁতগুলো ছিল সারি সারি মুক্তোর মতো। সে সত্যিই অনন্যা। পড়ালেখাতেও ছিল তাই। যেকোনো বিষয়ে চমৎকার করে লিখতে পারত। খুব ছোটবেলা থেকেই ঢাকা বেতারে ‘কলকাকলি’ অনুষ্ঠানে স্ক্রিপ্ট লিখত এবং উপস্থাপনা করত, চিঠির ঝুলি পড়ত। টিভিতেও ‘শুভেচ্ছা’ অনুষ্ঠানে উপস্থাপনা করত।

গ্রামে বেড়াতে গেলে চকলেট, খেলনা কত কি যে সে নিয়ে যেত।

রেলগাড়িতে চড়ে কোথাও গেলে জানালা দিয়ে ছোট্ট বাচ্চাদের সে চকলেট ছুড়ে দিত।

টুশি আজ নেই।

আকাশের নীলে নীলকন্যার দেশে চলে গেছে। চট্টগ্রামে থাকাকালীন স্কুলে পরি সেজে প্রথম পুরস্কার অর্জন করে। আজ সে নিজেই পরি হয়ে চলে গেছে পরিদের দেশে।

শামা আর টুশি ছিল দুবোন। গলায় গলায় ভাব। মিশুক ওদের ছোট ভাই। তবু ওর সঙ্গেই টুশির সব খুনসুটি। আজ শামা প্রবাসী। মিশুক বড় একা হয়ে গেছে। বিষণ্নতা সীমাহীন। বাবা প্রকৌশলী আজিরউদ্দিন আহমেদ। টুশির সঙ্গে সব বিষয়েই কথা বলতেন। আলোচনা করতেন। মেয়ের মতামত গ্রহণ করতেন, ছোট মেয়ে ছিল বাবার সব কাজের বন্ধু।

টুশির খুব ইচ্ছে ছিল পরবর্তী জীবনে সে একজন বড় সম্পাদক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিল সে। বড় ভালোবাসত সে এই সোনার বাংলাদেশকে। এ দেশে জন্ম নিয়ে সে ছিল গর্বিত। লাখো মুক্তিযোদ্ধাকে তাই সে স্যালুট জানাত।

কথা ছিল অনার্স পরীক্ষার পর ১৬ ডিসেম্বর টুশির বিয়ে। কাজী জুনায়েদ তার বর। কত আয়োজন। কত আনন্দ।

আজ সবই কল্পকথার রূপকথা। দিন যায়। রাত যায়। আর আসে না মায়াবী সে কন্যা। ঝিকিমিকি তারার দেশে তারা হয়ে চুমকির মতো জ্বল জ্বল করো আকাশে। দীপান্বিতার মতো তুমি ছিলে। এ পৃথিবীতে আলো জ্বালাতেই এসেছিলে। সবাই চলে যাবে। কেউই থাকবে না পৃথিবীতে। তবু এত ক্ষণস্থায়ী কেন তোমার জীবন!