ঠাট্টা করতে করতেই সম্পর্কটা হয়ে গেল। সফল বলেছিল, ‘এই, তুই আমার বউ হবি?’
নিতু আর দেরি করেনি। উত্তর দেয়, ‘তুই আমার জামাই হবি?’
মজা করতে করতেই দুজন মুখোমুখি।
সফলের মুখ দিয়ে কোনো উত্তর বের হয়নি।
দুজন দুদিকে যার যার বাড়ি চলে গিয়েছিল।
দুই বছর পরের কথা। নিতু স্বামীর সঙ্গে বেড়াতে এসেছে বাবার বাড়িতে। সফলও এসেছে গ্রামে। সঙ্গে বউ-বাচ্চা। বিকেলে কৃষ্ণচূড়াগাছের তলায় দুজন। কী করে যেন দুজন চলে এসেছে স্মৃতিময় জায়গায়।
কারও মুখে কোনো কথা নেই।
হঠাৎ সফল উচ্চারণ করে। মুখ ফসকে বের হেয় যায়, ‘এই, তুই আমার বউ হবি।’
নিতুর কানে ভেসে আসে দুই বছর আগের সেই উচ্চারণ। সেই কণ্ঠস্বর। অতীতে ফিরে যায় নিতু। হাত রাখে কৃষ্ণচূড়াগাছে। হাত রেখেই চমকে ওঠে সে। একদিন দুপুরবেলা গাছে সে খোদাই করে লিখেছিল ‘সফল’। সেটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোথা থেকে দৌড়ে আসে নিতুর ছেলে অকপট। ‘আম্মু দেখো দেখো, কী সুন্দর ফুল!’ অকপটের বাবাও আসে সেখানে। ‘নিতু, দেখেছ কৃষ্ণচূড়া কেমন ফুটেছে। মনে হচ্ছে আগুন জ্বলছে।’
নিতু গাছের শরীর থেকে হাতটা সরিয়ে নিয়ে বলে, ‘হ্যাঁ, তাইতো।’