কে কোথায় ঈদ করবেন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন ঈদুল আজহার নামাজ আদায় করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। কোরবানি দেবেন দক্ষিণ কাট্টলী ফইল্যাতলী বাজারের নিজবাড়িতে। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমও জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। উত্তর কাট্টলীর নিজবাড়িতে দেবেন কোরবানি। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বরাবরের মতো এবারও কোরবানি ঈদের সময় থাকবেন মক্কায়। মেয়র হজ কাফেলার প্রধান হিসেবে তিনি প্রতিবছর হজ করেন এবং কোরবানের সময় মক্কায় অবস্থান করেন। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী কাট্টলীর নাজির বাড়ি জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। তিনি কোরবানিও দেবেন সেখানে। বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান জমিয়াতুল ফালাহ জামে মসজিদে নামাজ আদায় করবেন এবং কাতালগঞ্জের বাসায় কোরবানি দেবেন বলে জানা গেছে। এ ছাড়া বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ কোরবানি দেবেন রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাসে। নামাজ আদায় করবেন তাঁর গ্রামের মসজিদে। জানা গেছে, বেশির ভাগ রাজনৈতিক নেতাই অনাড়ম্বরভাবে কোরবানি দেবেন। খাওয়াবেন স্থানীয় দুস্থ লোকজনকে। বেশির ভাগ নেতাই এক থেকে দুটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন। গত মঙ্গলবার এ প্রতিবেদন তৈরি করার সময় কোনো নেতাই কোরবানির পশু কেনেননি।