কে জিতবেন শহরতলি বুড়িশ্চরে
চায়ের দোকান কিংবা সামাজিক অনুষ্ঠান—যেখানেই আড্ডা, সেখানে আলোচনার বিষয় একটাই। আর তা হলো বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কে জিতবেন আর কে হারবেন। অন্যদিকে প্রতিপক্ষকে হারানোর কৌশল-পাল্টা কৌশল নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি জয়ের মালা ছিনিয়ে আনতে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে চাইছেন ভোটভিক্ষা। দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও। এ মুহূর্তে শহরতলির বুড়িশ্চর ইউনিয়নের অলিগলি নির্বাচনী হাওয়ায় উত্তাল হয়ে উঠছে। ভোটারদের মধ্যেও বাড়ছে উত্তেজনা। ১৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটার ১৩ হাজার ২৭০ জন। ভোটকেন্দ্র নয়টি। ঝুঁকিপূর্ণ কোনো ভোটকেন্দ্র এখনো চিহ্নিত হয়নি। মধ্যম বুড়িশ্চর এলাকার ভোটার মোহাম্মদ শওকত হোসেন বলেন, ‘বুড়িশ্চর এ-ব্লকে ভোটারের সংখ্যা সাড়ে চার হাজার। এ-ব্লক থেকে চেয়ারম্যান পদে আর কেউ প্রার্থী নেই। আমরা তাঁর (নুসরাত জাহান) জয়ের ব্যাপারে আশাবাদী।’ মধ্যম বুড়িশ্চর এলাকার ভোটার মোহাম্মদ ইকবাল অবশ্য বললেন ভিন্ন কথা। তাঁর মতে, চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন হলেও লড়াই হবে ত্রিমুখী—নুসরাত জাহান, এস এম মহিউদ্দিন ও মোহাম্মদ ইসহাকের মধ্যে। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নুসরাত জাহান বলেন, ‘আমাদের এলাকায় প্রধান সমস্যা হালদার ভাঙন। নির্বাচনে জয়ী হলে হালদার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেব।’ চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মহিউদ্দিন বলেন, ‘বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারেননি।’