কে বলে তরুণেরা নিষ্ক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর মতে, দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী ৪০ শতাংশ তরুণ শিক্ষায় নেই, চাকরি করছেন না, আবার চাকরিতে যোগ দেওয়ার জন্য কোনো প্রশিক্ষণও গ্রহণ করছেন না। যদিও তাঁরা শ্রমবাজারেরই অংশ।
(সূত্র: প্রথম আলো, ২১ ডিসেম্বর ২০১৬)

অথচ এমন নয় যে তরুণেরা বসে বসে ঘোড়ার ঘাস কাটেন কিংবা খই ভাজেন! ফট করে ‘নিষ্ক্রিয়’ বললেই হলো! শিক্ষা, চাকরি কিংবা চাকরির প্রশিক্ষণ না থাকলেও তরুণেরা নিয়োজিত আছেন এগুলোর চেয়েও ঢের গুরুত্বপূর্ণ হরেক রকম সৃজনশীল ‘কাজে’! সেসব কাজের কথা জানাচ্ছেন আইএলওর হিসাবে ‘নিষ্ক্রিয়’ কিন্তু রস+আলোর

‘সক্রিয়’ লেখক শরীফ মজুমদার ও মোস্তফা মনোয়ার

* আইএলওর মতে, ‘নিষ্ক্রিয়’ তরুণদের অধিকাংশই ফেসবুকের ‘অ্যাকটিভ লাইকার’। তাঁরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনাসহ ‘লাইক দিলে লাইক পাবেন’ ভিত্তিতে পরস্পরের সঙ্গে লাইকের আদান-প্রদান করেন। ফেসবুকের মতো বিশাল একটি প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ এসব ‘অ্যাকটিভ লাইকারদের’ কোনোভাবেই ‘নিষ্ক্রিয়’ বলার অবকাশ নেই। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় এই যে ‘অলটাইম অ্যাকটিভ থাকি’, ‘অলটাইম অ্যাকটিভ থাকি’ করে করে গলা ফাটানোর পরও আইএলও তাঁদের ‘নিষ্ক্রিয়’ বলেছে! তা ছাড়া শুধু লাইক দেওয়া-নেওয়াই নয়, আজকাল ফেসবুকে ‘আপনি কি ফেসবুকের মাধ্যমে ঘরে বসেই মিনিটে লাখ লাখ টাকা আয় করতে চান?’—টাইপের টাকা কামানোর সহজ পথও বের হয়েছে। তাহলে আইএলও কোন বিবেচনায় তাঁদের নিষ্ক্রিয় বলে?

* সবাই যদি শুধু চাকরিবাকরি করে কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে আঁতেলের মতো পড়াশোনা করে, তাহলে দেশ ও জাতিকে নিয়ে কে ভাববে? দিশেহারা (কিংবা না হারালেও) জাতিকে কে দেবে পথের দিশা? কে করবে উদ্ধার? ঠিক এই কাজটিই অত্যন্ত গুরুত্ব সহকারে করছেন ওই ৪০ শতাংশ তরুণের একটি উল্লেখযোগ্য অংশ। প্রতিদিন তাঁরা গালে হাত দিয়ে ভাবতে ভাবতে, মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে দেশ ও জাতির জন্য পথের দিশা খুঁজে বের করেন এবং ‘যেই ভাবা সেই কাজ’ করার পর সেটা ‘স্ট্যাটাস’ দিয়ে সবাইকে জানানোর মহান দায়িত্বও পালন করেন।

* আইএলওর মতে, ‘নিষ্ক্রিয়’ এই তরুণেরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটি মহা মহা গুরুত্বপূর্ণ কাজে বেশ সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অমুকে কেন এটা করল, তমুকে কেন ওইটা করল না, এর নাকটা কতটুকু থ্যাবড়া, ওর কানটা কতটুকু খাড়া আর একটু কম কিংবা বেশি খাড়া হলে কেমন হতো ইত্যাদি ইত্যাদি হাজারটা ভুল তাঁরা সম্পূর্ণ নিজের গরজে, নিজের পকেটের এমবি খরচ করে বের করেন। আর তাঁদের অতি সংবেদনশীল ‘অনুভূতি’র কথা না বললেই নয়! যেকোনো ব্যাপারে অতি দ্রুত তাঁদের অনুভূতিতে আঘাত লাগে এবং তা ভেঙে পড়ে বলেই ফেসবুকে চলে তর্ক-বিতর্ক, এমনকি সাইবার যুদ্ধ। ফলে ইন্টারনেটওয়ালার দুটো খেয়ে-পরে বাঁচে আরকি! কাজেই তাঁদের কোনোভাবেই ‘নিষ্ক্রিয়’ বলার অবকাশ আইএলওর থাকতে পারে না।

* শুধু ফেসবুকের মধ্যেই যে ওই তরুণদের ‘সক্রিয়তা’ সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এমন নয়। ফেসবুকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি তাঁরা ইউটিউবেও নিজেদের মূল্যবান সময়ের বেশ খানিকটা অংশ দিয়ে দেন। এমনকি রাত জেগে ওভারটাইম দিতেও তাঁদের এতটুকু আপত্তি নেই। ভিডিওটিডিও না দেখলে যদি আবার ইউটিউব ‘দেউলিয়া’ কিংবা বেকার হয়ে যায়! কাজেই যাঁরা ইউটিউবের ‘কর্মসংস্থানে’ অবদান রাখেন, তাঁরা কখনোই নিষ্ক্রিয় হতে পারেন না। নেভার এভার!

* খেলাধুলায় দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর ওই তরুণেরা। তা–ও ক্রিকেট, ফুটবলের মতো মাঠেঘাটের কমন, আনস্মার্ট খেলা নয়। ‘ক্ল্যাশ অব ক্ল্যান্স’, ‘তিন পাত্তি গোল্ড’, ‘ক্রিমিনাল কেস’, ‘ক্যান্ডি ক্রাশ সাগা’ ইত্যাদি স্মার্ট, জটিল, সৃজনশীল সব খেলা! এ জন্য মাথার ঘাম পায়ে ফেলে, এমবির পর এমবি বাতাসে উড়িয়ে, নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেরা তো খেলেনই, সময় সুযোগ বুঝে বন্ধুবান্ধবদেরও ‘ইনভাইট’ করতে ভোলেন না। এমন একটা মূল্যবান কাজে যাঁরা ঘণ্টার পর ঘণ্টা সময় দেন, আইএলও কোন আক্কেলে তাঁদের নিষ্ক্রিয় বলে কে জানে!

* এ ছাড়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তথাকথিত ‘নিষ্ক্রিয়’ তরুণদের ‘সক্রিয়’ অংশগ্রহণ চোখে পড়ার মতো। রাস্তার খোঁড়াখুঁড়ি, উঁচু ভবনের নির্মাণকাজ, বৈদ্যুতিক, টেলিফোন কিংবা গ্যাসের লাইন বেলাইনকরণের মতো কাজ ওই তরুণেরা অত্যন্ত গুরুত্ব ও আগ্রহ সহকারে পর্যবেক্ষণ তো করেনই, সেগুলো আবার দশজনকে দেখাতেও ছাড়েন না! চলে আসেন ফেসবুক লাইভে। আর এই প্রযুক্তি তাঁরা কোথায় না ব্যবহার করছেন! ঘুম থেকে উঠে চোখের সামনে যাই দেখবেন, তা-ই মানুষকে দেখানোর ব্রত নিয়ে নেমে পড়েন বিছানা থেকে। ফলে মানুষ আসলে এখন চারপাশটা দেখে এই তরুণদের ফেসবুকের লাইভ ভিডিও থেকেই। এবার বলুন, তাঁরা কি নিষ্ক্রিয়?