চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে ১৫ জুন দায়িত্ব নিয়েছেন ইফতেখার উদ্দিন চৌধুরী। তাঁর দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের পদটি শূন্য হয়ে যায়। তাই এই পদে আগ্রহী হয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আওয়ামী লীগপন্থী জ্যেষ্ঠ শিক্ষক। এই পদে বসতে আওয়ামী লীগ নেতাদের সমর্থন আদায়ের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তঁাদের কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সহ–উপাচার্য পদে আসতে পারেন এ রকম বেশ কয়েকটি নাম ক্যাম্পাসে আলোচনা চলছে। তাঁরা হলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবু তাহের, বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতার, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দীন, প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া, ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী এবং কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ইমরান হোসেন।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে আলাপে জানা যায়, যেকোনো মুহূর্তে সহ–উপাচার্য পদে নিয়োগ হতে পারে। তাই এই পদে আগ্রহী শিক্ষকেরা নানাভাবে চেষ্টা চালাচ্ছেন। তঁাদের কেউ কেউ নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থন পেতেও চেষ্টা করছেন। পরোক্ষভাবে নগর আওয়ামী লীগের এই দুই নেতার সমর্থনও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষকেরা
সহ–উপাচার্য পদে নিয়োগ পেতে আগ্রহী বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা এ ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমর্থন চাওয়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি।
অধ্যাপক শিরীন আখতার বলেন, ‘এ ব্যাপারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন। আমার আগ্রহ আছে এই পদে। তবে আমি নিজ থেকে কোনো চেষ্টা চালাচ্ছি না। হয়তো কেউ কেউ আমার হয়ে চেষ্টা চালাচ্ছেন।’
অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আমার। তাই আমারও ইচ্ছে আছে। দায়িত্ব পেলে কাজ করে যাব। আমি এই পদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি না। তবে নগর আওয়ামী লীগের সব নেতার সঙ্গে আমার আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। তাঁরা সবাই আমাকে ভালোভাবে চেনেন। এখন দেখা যাক কী হয়।’
অধ্যাপক মোহাম্মদ আবু তাহের বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যদি আমাকে এই পদে যোগ্য মনে করে দায়িত্ব দেন তাহলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাব।’ পাশাপাশি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে নিজের সুসম্পর্ক থাকার কথাও জানান তিনি। আরও কয়েকজন শিক্ষকের সঙ্গে এ বিষয়ে কথা বললে তাঁরা এই পদে নিয়োগ পেতে ব্যক্তিগতভাবে কোনো রকম চেষ্টা চালাচ্ছেন না বলে জানিয়েছেন।