কে হচ্ছেন সহ-উপাচার্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আজ। চার বছর মেয়াদি এই পদে নতুন করে নিয়োগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী পাঁচ জ্যেষ্ঠ শিক্ষকের নাম আলোচনায় আসছে। তবে শিক্ষকদের একটি অংশ চান, মহাজোট সরকারের শেষ সময়টুকু পর্যন্ত বর্তমান সহ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন দায়িত্ব পালন করে যান।নতুন সহ-উপাচার্য হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক ইমরান হোসেন, সিন্ডিকেট সদস্য সৌরেন্দ্রনাথ বিশ্বাস, প্রভোস্ট কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, কলা অনুষদের সাবেক ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ইফতেখার উদ্দিন চৌধুরী। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পাঁচ শিক্ষকের মধ্যে কয়েকজন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ওপর মহলে জোর তদবির চালাচ্ছেন। তবে সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেন।যোগাযোগ করা হলে অধ্যাপক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি নিজ থেকেই এই পদের জন্য কোনো তদবির করছি না। আমি কিছু জানি না।’সৌরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘এ ব্যাপারে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি কিছুই জানি না।’ একই রকম মন্তব্য করে সুলতান আহমেদ বলেন, ‘কয়েক দিনের মধ্যেই হয়তো সরকার সিদ্ধান্ত দেবে, কে আসছেন এই পদে।’বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর চলছে। সরকার পরিবর্তন হলে আবারও এই পদে পরিবর্তন আসতে পারে। তাই কয়েক মাসের জন্য নতুন কাউকে এ পদে বসালে তাঁর কাজ বুঝে নিতে কষ্ট হবে। ফলে এই সময়ে নতুন করে এ পদে পরিবর্তন এলে প্রশাসনিক কাজে গতি কমে যেতে পারে।’বর্তমান সহ-উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সব সময় ভাবি। তাই সরকার যদি মনে করে আমাকে রেখে দেবে, তাহলে আমি আমার দায়িত্ব পালন করে যাব। আর সরকার নতুন কাউকে নিয়োগ দিলে তা-ও আমি মেনে নেব।’প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব পান। সাবেক উপাচার্য আবু ইউসুফ ২০০৯ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করলে সাত মাসেরও বেশি সময় তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ১৫ জুন মো. আনোয়ারুল আজিম আরিফকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে আগের দায়িত্বে ফিরে যান মোহাম্মদ আলাউদ্দিন।সূত্র জানায়, সহ-উপাচার্য পদের জন্য তদবির কিংবা বর্তমান সহ-উপাচার্যকে রেখে দেওয়ার পক্ষে-বিপক্ষে ভিন্নমত থাকলেও এ ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির জন্য অপেক্ষা করতে হবে। আর সেই চিঠি আসার সম্ভাবনা রয়েছে আজ-কালের মধ্যেই। তখনই জানা যাবে কে হচ্ছেন নতুন সহ-উপাচার্য, নাকি স্বপদে থেকে যাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।