বসন্ত উদ্যাপন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে আয়োজন করা হয়েছিল ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দেশ থেকে ৫ হাজার ৭০০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাছাইকৃত ১০০ জনকে ৭ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ (গ্রুমিং) দেওয়া হয়। চূড়ান্ত পর্বের জন্য নেওয়া হয় ২০ জনকে।
সেরা ১০ জন থেকে বিচারকদের বিশ্লেষণে দ্বিতীয় রানারআপ হয়েছেন রাহেলা নাবিলা তোড়া, প্রথম রানারআপ হয়েছেন জারিফা মাহমুদ জলছবি। ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২’ হয়েছেন নীলাঞ্জনা রহমান। এ ছাড়া নিপা চৌধুরী পেয়েছেন বিশ্ব অনন্যা সম্মাননা-২০২২।
প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নৃত্য ইত্যাদি আয়োজনে সাজানো হয়েছিল পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী শম্পা রেজা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নির্মাতা চন্দন রায় চৌধুরী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম, বেক্সিমকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশিষ রায় চৌধুরী, সংগীতশিল্পী কর্নিয়া, লাক্স ফটোসুন্দরী রেবেকা সুলতানা দীপা, অভিনেতা শিপন মিত্র, সংগীতশিল্পী কোনাল, নৃত্যশিল্পী রুমানা রওশনসহ অনেকেই।