কেঁচো ঘোচাল বেকারত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেঁচো চাষ করে স্বাবলম্বী রিপু চাকমা  প্রথম আলো
কেঁচো চাষ করে স্বাবলম্বী রিপু চাকমা প্রথম আলো

দরিদ্র জুমচাষি পিতা অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া শিখিয়েছেন রিপু চাকমাকে। কিন্তু দীর্ঘদিন চাকরির পেছনে ছুটেও কোনো ফল পাননি রিপু। তবে এখন তিনি স্বাবলম্বী হয়েছেন। সংসারের হাল তো ধরেছেনই, বিদায় জানিয়েছেন অভাব-অনটনের দিনগুলোকেও। রিপু চাকমার জীবনে এই অভাবনীয় সাফল্য এনেছে কেঁচো।
বছর খানেক আগের কথা। উন্নয়ন সংস্থা আরডিআরএসের কাছ থেকে ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে কেঁচো চাষ শুরু করেন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দিনগর গ্রামের রিপু চাকমা। প্রাকৃতিক লাঙ্গল কেঁচো ব্যবহার করে তৈরি হয় ভারমিকম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট সার। রাসায়নিক সারের বিকল্প এই সার মাটি দূষণ ও ক্ষতিকর কোনো প্রভাব ছাড়াই জমির উর্বরতা শক্তি বাড়ায় কয়েক গুণ। রিপু নিজের জমিতে কেঁচো কম্পোস্ট প্রয়োগ করে এর প্রমাণ পেলেন। প্রায় ৩০ হাজার টাকা সাশ্রয়ও হলো। খামারে উৎপাদিত কেঁচো ও সার বিক্রি করে প্রথম ছয় মাসেই আয় করলেন ৩৬ হাজার টাকা। খেতে কেঁচো প্রয়োগ করায় উৎপাদনও বেড়ে দ্বিগুণ হয়েছিল। তাই ফসল বিক্রি করেও একই সময়ে দুই লাখ টাকা আয় হলো।
খামারের লাভের টাকা দিয়ে এক জোড়া হালের বলদ, এক জাড়া গাভি কিনেছেন রিপু। এখন তাঁর মাসিক আয় সব মিলিয়ে ৩০ হাজার টাকা ছাড়িয়েছে। রিপুর এই সাফল্য দেখে গ্রামবাসী কেঁচো চাষে আগ্রহী হচ্ছেন। প্রতিদিন কেউ না কেউ আসছেন চাষ পদ্ধতি জানতে। এ পর্যন্ত সাহাব্দিনগর গ্রামের ৭০ জন ও পোমরা ইউনিয়নের বিভিন্ন এলাকার আরও ৫২ জন যুবক কেঁচো চাষের প্রশিক্ষণ নিয়েছেন তাঁর কাছ থেকে। রিপুর সাফল্য প্রসঙ্গে জানতে চাইলে আরডিআরএসের উপজেলা মাঠ সমন্বয়কারী তাজ উদ্দিন আহমেদ বলেন, গত বছর রিপু চাকমাকে জমিতে কেঁচো সার ব্যবহারে পরামর্শ দেওয়া হয়। কেঁচো চাষের মাধ্যমে প্রয়োজনীয় সার উৎপাদনের প্রশিক্ষণও দেওয়া হয় তাকে। চাষের জন্য খুলনা থেকে আনা কেঁচোও সরবরাহ করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান এ প্রসঙ্গে বলেন, কেঁচো প্রতি তিন মাসে একবার বংশবৃদ্ধি করে। একেকবার প্রতিটি কেঁচো ১০০ থেকে ১৫০টি কেঁচো জন্ম দেয়। প্রতিটি বাচ্চা কেঁচোর বাজারমূল্য এক টাকা ৭৫ থেকে ৮০ পয়সা। ফলে মাত্র চার হাজার কেঁচো চাষ করে প্রতি তিন মাসে ৬০ হাজার টাকার বাচ্চা ও ৩০ হাজার টাকার সার বিক্রি করা সম্ভব। রিপুকে দেখে এখন উপজেলার পারুয়া ও পোমরা ইউনিয়নের ১২৫ জন যুবক কেঁচো চাষ করছেন। স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে সাফল্য পেয়েছেন তাঁরাও।