কেঁচো বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষপর্যন্ত ‘ন্যাশনাল জিওগ্রাফি’তে এসেই মনটা স্থির হলো। এক মিনিটও পুরোপুরি পার হতে পারল না, অমনি কানের কাছে কিচিরমিচির শব্দ শুনতে পেলাম। খুব আগ্রহ নিয়ে দেখছিলাম, একটা লোক হাতে কতগুলো কেঁচো (আমার ধারণা) নিয়ে একহাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। আর সেই মুহূর্তে শেফালি আপা কিচিরমিচির করে উঠল, ‘এসব আমি দেখব না, বলে দিচ্ছি।’ বাধ্য মেয়ের মতো রিমোট কন্ট্রোলটা তার হাতে দিলাম। জানি সাপ, ব্যাঙ, কেঁচোর প্রতি আমার যতই আগ্রহ থাকুক না কেন, এ মুহূর্তে মনের বাসনা পূরণ হবে না আমার। শেফালি আপা বলে যাচ্ছে, ‘কী করে দেখিস এসব! ওয়াক থু!’ আমার হাসিমুখ দেখে আরও চটে গেল। ‘কিরে, হাসছিস কেন?’ এবার গম্ভীর হয়ে বললাম, একটা ঘটনা শুনবে? শোনো তবে, ‘আমি তখন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়ি। প্রাণিবিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাসে কেঁচো কাটাকুটি হবে। ম্যাডাম সবাইকে কেঁচো আনতে বললেন। থাকি ময়মনসিংহ জেলা শহরে। মাটির দেখাই পাই না, তার ওপর সেখানে পাব কেঁচো, ইয়ার্কি ছাড়া আর কী? যে বাড়িটায় থাকতাম তার সামনেই রাস্তায় কিছু ঘাস ছিল। আমি অন্যমনস্ক হয়ে ঘাস উপড়ে ফেলছিলাম। হঠাৎ করেই দায়ের আগায় কেঁচোটা আবিষ্কার করলাম। একটু মোটাসোটা, গায়ের রং হলুদ, মাঝে কালো দাগ। এমনিতে খালি হাতে কেঁচো ধরতে ভয় হয় না আমার, তবে কী মনে করে ওটা ধরলাম না। তাড়াতাড়ি পলিথিন ব্যাগে ভরে মুখটা শক্ত করে গিঁট দিলাম। একটু পরই দেখি, ওটা সাপের মতো কুণ্ডলী পাকিয়ে বসে আছে। বাবাকে ফোন দিলাম। দ্বিধা নিয়ে জানতে চাইলাম, ‘আব্বু, ওটা কেঁচো তো? এটার রং কিন্তু হলুদ।’ আব্বু অভয় দিলেন, ‘কেঁচোই হবে। অযথা ভয় পাচ্ছিস তুই।’ ক্লাসে এলাম। কেউ কেঁচো আনেনি আমি অধম ছাড়া। ম্যাডাম ট্রে হাতে দিয়ে ওটাকে ট্রেতে রাখতে বললেন। পলিথিনের মুখটা খুলতেই ওটা দ্রুত বেরিয়ে এল। আমি ট্রেটা নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরতেই উনি চিৎকার করে উঠলেন, ‘এই মেয়ে, এটা কী এনেছ? কোত্থেকে সাপের বাচ্চা ধরে এনেছ!’ আমার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হলো। ট্রে ধরা হাতটা কাঁপছে। ম্যাডাম বললেন, ‘সরাও এটা, বাইরে ফেলে দিয়ে এসো।’ কে যেন বলল, ‘আমাকে দাও ওটা।’ দিয়ে দিলাম, তবে এখনো আপসোস রয়ে গেল, ইস্, জানা হলো না ওটা কী ছিল। সত্যি কি সাপ ছিল? যদি সাপই হয় তবে কী সাপ ছিল? শেফালি আপা এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার ফেটে পড়ল, ‘আশ্চর্য রকম শখ তোর। এত কিছুর পরও তোর জানতে ইচ্ছে হয়, কী ছিল ওটা!’ আমি মাথা নাড়ি আর হাসি।স্মৃতিহালুয়াঘাট, ময়মনসিংহ।