প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ছেলে যখন দারুণ রেজাল্ট করে
ছেলের গুণকীর্তনে বাপ ব্যস্ত হয়ে পড়ে!
‘আমার’ ছেলে হ্যান করেছে, ‘আমার’ ছেলে ত্যান
রেজাল্ট খারাপ হলেই বাবা উল্টো বলে ক্যান?
সব দোষই যায় মায়ের ঘাড়ে—নষ্ট ‘তোমার’ ছেলে
‘আমার’ ‘তোমার’ নির্ধারিত হয় দেখি পাস-ফেলে!
ঘরের মতো সংগঠনেও চলছে একই ধারা
কর্মী-বিশেষ পথ হারালে দায় নেবে তার কারা?
‘অমুক’ দলের কেউ না—সবাই দিচ্ছে বলে সাফ
দল কখনো নেয় ঘাড়ে কি ব্যক্তি কারোর পাপ?
দলের অনেক কর্মী-নেতা কার মনে কী আছে
এসব খবর থাকবে কি আর বলুন দলের কাছে?
কোনখানে কোন কুকর্মে কে লিপ্ত আছে তার
কেউ রাখে খোঁজ? কিংবা সেটা রাখার কী দরকার?
এই কথাতে যুক্তি আছে—মানতে আমি রাজি
কিন্তু দলের নাম ভাঙিয়ে হচ্ছে চাঁদাবাজি,
দখলটখল হচ্ছে যখন দল দেখি দেয় সায়
বেচাল হলেই কেউ কারও নয়, কেউ নেবে না দায়!
বাপ নেবে না, দল নেবে না, দায় নেবে না দেশ
দায়হীনতার কালচারে হয় জীবন কত শেষ!