কেউ কোনো দিনও খোঁজ নেয়নি আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবা দুবার বিয়ে করেন। প্রথম পক্ষে এক ভাই, এক বোন। আমরা দ্বিতীয় পক্ষে পাঁচ বোন। আমি সবার ছোট। বাবা বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। নানাবাড়ি ঢাকায়। ছোটবেলায় স্বপ্ন ছিল চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর। মানুষের উপকার করতে চাইতাম। এসএসসি পাস করে অনেক কষ্টে প্রায় পাঁচ মাইল দূরে গিয়ে কোচিং করে বাসায় আসতে রাত হতো। পারিবারিক অনেক ঝামেলা ছিল। আমার দুই বোন ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের স্বামীরা বেকার ছিলেন। ফলে তাঁরা আমাদের বাড়িতেই থাকতেন। এই নিয়ে ঘরে সব সময় বাবা-মায়ের মধ্যে ঝগড়া হতো। তার মধ্যে আমার চার নম্বর বোনের জরায়ু ক্যানসার ধরা পড়ে। অনেক চিকিৎসক দেখানোর পর ঢাকা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তখন আমি কলেজে ভর্তি হই। বাসা থেকে কলেজ অনেক দূরে, তাই স্যারের বাসায় থেকে পড়ে আটটা পরীক্ষা দিলাম। বোনের অসুখের জন্য প্রায় বাড়ি আসতে হতো। স্যার আমার ওপর অনেক রাগ করতেন। রাগ করে বলতেন, ‘একেবারে চলে যাও।’
আমার এইচএসসি পরীক্ষার মধ্যে ক্যানসারে আক্রান্ত বোন মারা যান। বোন মারা যাওয়ার প্রায় এক বছরের মধ্যে বাবা মারা যান। আমি এইচএসসি পাস করি। বাবা মারা যাওয়ার একদিন পর মামার সঙ্গে ঢাকায় আসতে হয়। ঢাকায় আসার পর জীবন আরও ভয়ংকর। আমার পাঁচ মামা। চার নম্বর মামার বাসায় থাকি, মামি সব সময় বিভিন্ন কাজ ও হুকুম চালাতেন এবং তাঁর মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। বিএতে ভর্তি হওয়ার কথা বলি, কেউ রাজি না। শুধু বড় মামা রাজি ছিলেন। অনেক কষ্টে ভর্তি হই, সেজো বোন টাকা দেন। আমার বাবার অফিসে চাকরি হয়। অফিসে যাই, যাওয়ার সময় মামার মেয়েকে বাসায় নিয়ে যাই। এর মধ্যে স্যার বলে কম্পিউটার শেখার জন্য। কম্পিউটার কোর্সে ভর্তি হই, অফিস থেকে যাওয়ার পথে ক্লাস করে বাসায় যেতে রাত হয়। মামা রাগ করেন, কারণ তাঁর মেয়েকে এখন আর আমি বাসায় নিয়ে যেতে পারি না।
ইংরেজির কোর্সে ভর্তিও হই। আমি বেতন পেতাম ৫৫০০ টাকা। সেখান থেকে থাকা-খাওয়ার জন্য মামার বাসায় দিতাম দুই হাজার টাকা। কিছু টাকা মাকেও দিতে হতো। এত কষ্টের মধ্যেও পড়াশোনাটা চালিয়েছি। পরীক্ষার সময় পড়তে পারতাম না। অনেক সময় শুধু বইয়ের সূচিপত্র দেখে পরীক্ষা দিয়েছে। আমাকে আমার এক স্যার ও এক বান্ধবী পড়ার বিষয়ে অনেক সাহায্য করেছেন। মামি অনেক সময় বলতেন, ছেলে দেখে বিয়ে করে ফেল। তখন আমি বুঝি আমার জন্য তাঁদের অনেক কষ্ট হচ্ছে।
আমার অফিসে একটি ছেলেকে পছন্দ হয়। সবাই বলে ছেলেটি ভালো। মামা-মামি সবাই ওকে দেখে, কিন্তু তাঁরা রাজি নন। তাঁদের কথা ছেড়ে দিয়ে সেজো বোনকে সঙ্গে নিয়ে গিয়ে বিয়ে করি। পরে তাঁরা বিয়ের কথা শুনে আমাকে তাঁদের বাসা থেকে বের করে দেন। একদিন স্বামীর সঙ্গে হোটেলে ছিলাম, তারপর গাজীপুর বোনের বাসা থেকে অফিস করি। এর মধ্যে কেউ কোনো দিনও খোঁজ নেয়নি আমার। বিএ পাস করি। আমার একটা ছেলে আছে। ওর জন্য দোয়া করবেন। মাস্টার্সেও অনেক কষ্ট করে ভর্তি হই। প্রিলিমিনারিতে মাস্টার্স শেষ করেছি। চাকরিও করছি।
সাবিনা আকতার
ঢাকা।