কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের শহীদ ইলিয়াছ মাস্টার গণপাঠাগারটি ১৫ বছর ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। মুছে গেছে দেয়ালে লেখা পাঠাগারের নামটিও। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় উপজেলার প্রথম শহীদ ইলিয়াছ মিয়ার নামে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়।পাঠাগারটি সংস্কারের মাধ্যমে চালু করার জন্য শহীদ পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। উখিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে।শহীদ ইলিয়াছ মিয়ার স্ত্রী সাজেদা বেগম জানান, ইলিয়াছ মিয়া ছিলেন উখিয়ার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় তরুণ-যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। ১৯৭১ সালের ১৪ মে জুমার নামাজের আগে উখিয়া বাসস্টেশন থেকে উখিয়ায় নিয়োজিত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা গোলাম রসুলের নেতৃত্বে সেনা সদস্যরা তাঁকে থানায় নিয়ে হত্যা করে। তাঁর লাশটিও ফেরত দেওয়া হয়নি। সাজেদা বেগম আক্ষেপ করে বলেন, ‘শহীদের নামে করা পাঠাগারটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এর চাইতে বেদনার আর কী হতে পারে?’ সাজেদা বর্তমানে তাঁর মেয়ের স্বামীর ঘরে বসবাস করছেন। জানা গেছে, জাতীয় আর্কাইভ পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ১৯৯১ সালে ইলিয়াছ মিয়ার নামে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাঠাগারটি স্থাপন করে। এটি উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার এম এ বারী। উখিয়া যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘একসময় মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বইসহ প্রগতিশীল বিভিন্ন লেখকের বেশ কিছু বই এবং আসবাবপত্র ছিল পাঠাগারে। পাঁচ-ছয় বছর পাঠাগারের কার্যক্রম ও পাঠকদের উপস্থিতিও ভালো ছিল। তবে প্রায় ১৫ বছর ধরে এর কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে পাঠাগারটি জরাজীর্ণ হয়ে পড়েছে।’সরেজমিনে দেখা যায়, পাঠাগারের টিনের চাল ফুটো হয়ে সামনের দিকে ভেঙে পড়ছে। ভেতরে নেই বই রাখার আলমারিসহ অন্যান্য আসবাব। নেই মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই। স্থানীয় লোকজন জানান, আধা পাকা এ ঘরটি বছরের পর বছর তালাবদ্ধ রয়েছে।ইলিয়াছ মাস্টারের মেয়ে ইয়াছমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সরকারি কোনো সুযোগ-সুবিধা এমনকি স্বাধীনতা ও বিজয় দিবসের দিন সম্মানটুকুও পাই না। তার চেয়ে বড় দুঃখ, বাবার নামে স্থাপিত পাঠাগারটির খবরও কেউ রাখে না।’ এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাহায্য চান তিনি। উখিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কাজী আক্তার উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে ও জানতে পারে, সে জন্য পাঠাগারটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’উখিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার পরিমল বড়ুয়া বলেন, ‘মাস্টার ইলিয়াছ মিয়া উখিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ। তাঁর নামে স্থাপিত পাঠাগারের বর্তমান অবস্থা আমাদের জন্য লজ্জার।’জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি দু-তিন মাস হলো। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠাগারটি সংস্কারের কথা বলা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’