কেউ ভাবল না তাদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর জেএমঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ। সম্প্রতি তোলা ছবি  প্রথম আলো
মহেশখালীর জেএমঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ। সম্প্রতি তোলা ছবি প্রথম আলো

জীর্ণশীর্ণ শ্রেণীকক্ষ। দরজা-জানালা ভাঙাচোরা। এক কক্ষে গাদাগাদি করে বসেছে কমপক্ষে ৫০ জন। কষ্টের ছাপ শিক্ষার্থীদের চোখে-মুখে। তার পরও আগ্রহে শুনছে শিক্ষকের পাঠ। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জেএমঘাটের একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চিত্র এটি।
আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে নেই আর কোনো মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষায় একমাত্র ভরসা এই বিদ্যালয়। আর তাতে সমস্যা অনেক। এ নিয়ে কারও মাথাব্যথাও নেই।
সম্প্রতি কক্সবাজার শহর থেকে সমুদ্রপথে স্পিডবোটে প্রায় ২০ কিলোমিটার দূরে জেএমঘাট গিয়ে দেখা গেছে, অবহেলার ছাপ গ্রামজুড়ে। প্রধান সড়কটি ভাঙাচোরা। নেই বিদ্যুৎ। ঘাট থেকে পশ্চিমে কিছুদূর গেলেই চোখে পড়বে পুরোনো টিনের ছাউনির বেড়ার ঘর। কাছে গেলে নজরে পড়ে একটি পরিচিতি ফলক (সাইনবোর্ড)—তাতে লেখা, ‘জেএমঘাট আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত ১৯৯৭ সাল।’ ভেতরে দেড় শতাধিক শিক্ষার্থী ভাঙা তিনটি শ্রেণীকক্ষে (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম) পাঠ নিচ্ছে।
সপ্তম শ্রেণীর ছাত্রী শাহেদা আকতার জানায়, পাহাড়ি পথ হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। তার ওপর বিদ্যালয়ে পড়ালেখার পরিবেশও নেই। শীতে কোনোভাবে দিন পার করলেও গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করতে হয়।
শিক্ষকেরা জানান, এখানকার বেশির ভাগ মানুষ গরিব। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা ছেলেমেয়েদের মহেশখালী সদরে কিংবা কক্সবাজারে নিয়ে লেখাপড়া করাতে পারছেন না। এ কারণে বহু ছেলেমেয়ে এই বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে ঝরে পড়ছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবুল (৩৪) বলেন, ‘দুর্গম এলাকায় বলে বিদ্যালয়টি কারও নজরে পড়ে না। আমাদের নিয়ে কেউ ভাবে না। ১৯৯৭ সালে বিদ্যালয়টি নির্মাণের জন্য নিজের আধা কানি জমি দান করি। হাতচাঁদায় সেই জমিতে এই দুচালা টিনের বিদ্যালয় ঘরটি তৈরি করে ছেলেমেয়েদের পাঠদান শুরু করেছি। এখন বিদ্যালয়ের কোনো উন্নতি না দেখে এলাকার মানুষ হতাশ।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘এবার এই বিদ্যালয় থেকে ২৩ শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিয়েছে। আশা করছি, সবাই ভালো ফল করবে। কিন্তু এরপর তারা কোথায় গিয়ে পড়ালেখা করবে—এ নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। আমরা ছয়জন শিক্ষক বিনা বেতনে পাঠদান করে যাচ্ছি। এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টি শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পেয়েছে ২০১২ সালে।’
স্থানীয় বাসিন্দা রুহুল কাদের (৩৫) ও ফজলুল কাদের তালুকদার (৭০) জানান, জেএমঘাট, নয়াপাড়া, শাকের মোহাম্মদ কাটা, জামেরছড়ি, সাইটপাড়াসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামে কোনো উচ্চবিদ্যালয় নেই। পাঁচ কিলোমিটার দূরে শাপলাপুর উচ্চবিদ্যালয় থাকলেও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে সেখানে গিয়ে পড়ালেখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন থাকতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম বলেন, বিদ্যালয়টিকে এমপিওভুক্তিসহ দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালুর জন্য ঊর্ধ্বতন মহলে চেষ্টা চালানো হচ্ছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা আন্তরিক হলে বিদ্যালয়টির বেহাল দশায় পড়তে হতো না।