মাহবুবুল আলম তালুকদার খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮২ সাল থেকে খাতুনগঞ্জে পারিবারিক ব্যবসার হাল ধরেন তিনি। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেউলিয়া ও প্রতারণা নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।প্রথম আলো: খাতুনগঞ্জে বার বার ব্যবসায়ীদের দেউলিয়া হওয়া কিংবা প্রতারণার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা কেন হচ্ছে বলে আপনি মনে করেন?মাহবুবুল আলম তালুকদার: বাজারে পণ্যের হঠাৎ দরপতন হলে অনেক ব্যবসায়ীই লোকসানের মুখে পড়েন। এ লোকসান সামাল দিতে না পেরে অনেকে দেউলিয়া হন। এটা সৎ ব্যবসায়ীর ক্ষেত্রেও হতে পারে। আবার ব্যবসায়ীদের বিশ্বাসকে পুঁজি করে অনেক অসৎ ব্যবসায়ী বাজার থেকে টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেন। বাকিতে লেনদেনের কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটছে।প্রথম আলো: বাকিতে ভোগ্যপণ্য বেচাকেনা বন্ধ বা কমানোর সুযোগ আছে? মাহবুবুল আলম: এ প্রথা বন্ধ করার সুযোগ নেই। কারণ যুগ যুগ ধরে চলে আসছে এ প্রথা। আমদানিকারকেরা দুই-এক মাসের বাকিতে সরবরাহ আদেশ (ডিও) ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন। নগদে বিক্রি করতে হলে বাজারের ভারসাম্য নষ্ট হবে। খাতুনগঞ্জে সিংহভাগ লেনদেনই হয় বাকিতে। প্রথম আলো: এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কী উদ্যোগ নেওয়া উচিত?মাহবুবুল আলম: আমদানিকারকেরা যাঁর কাছে দুই-এক মাসের বাকিতে পণ্য দিচ্ছেন তাঁর সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে হবে। তিনি পণ্য বিক্রি করছেন কি না, লাভে না লোকসানে পণ্য বিক্রি করছেন, পণ্য বিক্রি করে অন্য কোথাও বিনিয়োগ করছেন কি না—এসব বিষয় খেয়াল রাখতে হবে। এখন ব্যবসায় প্রতিযোগিতা বেড়েছে। তাই বাজারে পণ্যের সরবরাহ এবং চাহিদা জেনে সবার লেনদেন করা উচিত। তবেই এ ধরনের ঘটনা কমবে। প্রথম আলো: এ পর্যন্ত কতজন ব্যবসায়ী দেউলিয়া হয়েছেন বা প্রতারণা করে পালিয়ে গেছেন?মাহবুবুল আলম: প্রায় ২৫ বছর আগে বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী প্রথম দেউলিয়া হন খাতুনগঞ্জে। এরপর থেকে এ পর্যন্ত শতাধিক ব্যবসায়ী দেউলিয়া হয়ে বা প্রতারণা করে খাতুনগঞ্জ থেকে সটকে পড়েছেন।প্রথম আলো: খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কী?মাহবুবুল আলম: এ ধরনের ঘটনার পর সমিতি সংশ্লিষ্ট ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করে। সৎ ব্যবসায়ীরা দেউলিয়া হলেও আবার ধকল কাটিয়ে সুনামের সঙ্গে ব্যবসা করার নজির আছে। যাঁরা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন তাঁরা কিন্তু পালিয়ে গেছেন।প্রথম আলো: এ ধরনের ঘটনায় বাজারে কেমন প্রভাব পড়ে?মাহবুবুল আলম: দেউলিয়া বা প্রতারণার একটি ঘটনার রেশ বাজারে দুই-এক মাস পর্যন্ত থাকে। সবাই সচেতনভাবে পণ্য লেনদেন করলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটার সুযোগ থাকে না। এসব ঘটনার পর বাজারে লেনদেন কমে যায়। কারণ ব্যবসায়ীদের বিশ্বাসে ভাঙন ধরে।