কেউ হতে চায় ডাক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা পেশায় একজন চিকিৎসক। ছোটবেলা থেকে বাবাকে দেখতে দেখতে মনের মধ্যে স্বপ্ন বুনতে শুরু করেন চিকিৎসক হওয়ার জন্য। এইচএসসি পরীক্ষার পর সেই সুযোগও চলে আসে। আর কি হাতছাড়া করা যায়? অতঃপর ভর্তিপরীক্ষার যুদ্ধে অংশগ্রহণ। পরীক্ষা ভালো হয়েছিল, তবে ফল যে এত ভালো হবে তা আশা করেননি। বলছিলেন ঢাকা মেডিকেল কলেজে ২০১০ ভর্তিপরীক্ষায় প্রথম স্থান অধিকারী সানজিদা খান। অনেকটা একই কথা জানালেন দ্বিতীয় স্থান অধিকারী আমেনা শরীফ।এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়টা প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় যারা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং ঠিকভাবে নিয়মিত পড়াশোনা করতে পারে তাদের পক্ষে ভালো একটা জায়গায় অর্থাৎ নিজের লক্ষ্য অনুযায়ী একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন, একসঙ্গে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং করেন এবং দুটো আলাদা বিষয়ে একই সঙ্গে প্রস্তুতি নিয়ে থাকেন। বিষয়টি সবার জন্য সহায়ক হয় না। যদিও আমাদের দেশে শিক্ষার্থীর তুলনায় প্রতিষ্ঠানের সংখ্যা কম। আবার সবারই ইচ্ছা থাকে সবচেয়ে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। কিন্তু এভাবে প্রস্তুতি নিলে কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। জানালেন এই দুই মেধাবী শিক্ষার্থী। দুজনেরই অদম্য ইচ্ছা ছিল ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার এবং তাঁরা একমাত্র মেডিকেলের জন্যই প্রস্তুতি নিয়েছিলেন। আশা ছিল মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন, কিন্তু লক্ষ্য অনুযায়ী দুজনই যে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এটি তাঁদের কাছে অনেক বড় কিছু পাওয়ার মতো ছিল। ভর্তিপরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রস্তুতি গ্রহণের সময় অনেক ক্ষেত্রে হয়তো হতাশ হয়েছেন, অনেক জানা বিষয়ও হয়তো অনেক সময় ভুল করেছেন, কিন্তু ধৈর্যহারা হয়ে পড়েননি। মূল কথা হলো, ধৈর্যসহকারে চেষ্টা চালিয়ে যাওয়া।এ বছরের ভর্তিপরীক্ষা এগিয়ে আসছে। সবাই এখন ব্যস্ত ভর্তিপরীক্ষা নিয়ে। এবারের ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশে নিজেদের অভিজ্ঞতার আলোকে এই দুই মেধাবী শিক্ষার্থী কিছু পরামর্শ দিয়েছেন। মেডিকেল ভর্তিপরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়। বিজ্ঞানের তিনটি বিষয়ে প্রশ্ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানার মধ্য থেকেই আসে। তাই বিষয়গুলোতে নম্বর তোলা সহজ। কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়টি সবার আয়ত্তে সমানভাবে থাকে না। এখানে কেউ যদি ভালো করতে পারে, তবে এগিয়ে যাওয়াটা সহজ বলে জানালেন সানজিদা।তবে সানজিদার কথার কিছুটা ভিন্ন মত আমেনার। তাঁর মতে, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান জানা বিষয়। সুতরাং বিষয় তিনটির ওপর যদি জোর দেওয়া যায় এবং পরীক্ষায় যদি নির্ভুল উত্তর দেওয়া যায়, তবে পরীক্ষায় ভালো করাটা সহজ। সাধারণ জ্ঞানের অনেক বিষয়ই অনেকের অজানা থাকে, তাই ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে। আমেনা এ জন্য বিজ্ঞানের তিনটি বিষয়ের ওপর বেশি জোর দিতে বলেছেন এবং সেই সঙ্গে ইংরেজি ও সাধারণ জ্ঞানের চর্চা করতে বলেছেন নিয়মিত।তবে সানজিদা ও আমেনা একটি জায়গায় একমত, ভর্তিপরীক্ষায় যাঁরা অংশ নেন, তাঁরা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে আসেন, কিন্তু মূল পরীক্ষার হলে বসে ধীরস্থির হয়ে বুদ্ধি-বিবেচনা দিয়ে নির্ভুল উত্তর করতে পারলে ভালো ফল আশা করা যায়।মেডিকেল কলেজের কঠিন পড়াশোনা কেমন লাগছে জানতে চাইলে দুজনেই ইতিবাচক উত্তর দিলেন। আমেনা শরীফের মতে, পড়ালেখাটা নিয়মিত করলে এবং ক্লাসগুলোতে নিয়মিত অংশ নিলে তেমন কোনো সমস্যা হয় না, আর শিক্ষকেরা তাঁদের যথেষ্ট সাহায্য করেন।এই দুই মেধাবীর মধ্যে সানজিদার ভবিষ্যতে নাক-কান-গলা বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা; আমেনা হতে চান মেডিসিন বিশেষজ্ঞ।