আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট ‘কেএফসি’ কক্সবাজার শাখা গত পাঁচ মাসে সরকারকে প্রায় ২২ লাখ টাকার রাজস্ব পরিশোধ করেছে। কক্সবাজার শহরের কোনো হোটেল ও রেস্তোরাঁ এর আগে এই সময়ে এতে বেশি অঙ্কের রাজস্ব দেয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের কলাতলী হোটেল মোটেল জোনে ট্রান্সকম ফুডস লিমিটেডের ‘কেএফসি’র দশম শাখা উদ্বোধন করা হয় গত বছরের ৪ নভেম্বর। এরপর চলতি বছর ২৭ মার্চ পর্যন্ত পাঁচ মাসের কম সময়ে রেস্টুরেন্টটি খাবার বিক্রির ওপর শুল্ক হিসেবে মোট ২১ লাখ ৭৩ হাজার ৩৭৬ টাকার রাজস্ব পরিশোধ করে। এরমধ্যে গত বছর নভেম্বর মাসে চার লাখ ছয় হাজার ৯৭১ টাকা, ডিসেম্বর মাসে পাঁচ লাখ ৬৯ হাজার ৪৯২ টাকা, এ বছর জানুয়ারি মাসে চার লাখ ৮২ হাজার ১১৫ টাকা, ফেব্রুয়ারি মাসে তিন লাখ ৯০ হাজার ৯৩৪ টাকা ও মার্চ মাসের ২৭ তারিখ পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৫৭৭ টাকা রাজস্ব পরিশোধ করা হয়। এ ব্যাপারে কেএফসির শাখা ব্যবস্থাপক মো. নাসির আহমেদ জানান, কম খরচে উন্নতমানের খাবার পরিবেশন করে গ্রাহক সন্তুষ্টিই আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে নানানমুখী সেবার মাধ্যমে গ্রাহক সংখ্যা বাড়িয়ে রাজস্ব দ্বিগুন করার চেষ্টা চলছে।