কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবার ড্যাম সংস্কার করা হয়েছে। জোড়া লাগানো হয়েছে ছিঁড়ে যাওয়া ড্যাম। ফলে চকরিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ৬৭ হাজার একর জমিতে চাষাবাদের অনিশ্চয়তা কেটে গেছে।
কৃষকেরা জানান, ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পানি দিয়ে ড্যামের চারটি অংশের মধ্যে তিনটি অংশের রাবার ফোলানো হয়। ১১ নভেম্বর সকালে ফোলানো হয় চতুর্থ অংশটিও। দুপুরে জোয়ারের তোড়ে চতুর্থ অংশের রাবারের জোড়া খুলে যায়। তখন মাতামুহুরী নদীর উজানে ঢুকে পড়ে লবণ পানি। দুশ্চিন্তায় পড়েন কৃষকেরা।
বাঘগুজারার কৃষক ইফতেখারুল ইসলাম বলেন, ‘নির্মাণকাজে অনিয়মের কারণে রাবার ড্যামটি উদ্বোধনের এক বছরের মধ্যেই জোড়া খুলে গেছে। নদীতে লবণ পানি ঢুকে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ড্যামের রাবার ছিঁড়ে যাওয়ার পর তা জোড়া লাগাতে জরুরি প্রকল্পের আওতায় আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৪ ডিসেম্বর সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।
বাঘগুজারা রাবার ড্যামের অপারেটর আবদুুর রহিম বলেন, ড্যামের সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর তা পানি দিয়ে ফুলিয়ে দেওয়া হয়েছে। এতে নদীতে মিঠা পানির প্রবাহ বেড়েছে।
কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, সঠিক সময়ে ড্যামের ছিঁড়ে যাওয়া রাবার জোড়া লাগানোর ফলে মিঠা পানির সেচসুুবিধা নিশ্চিত হয়েছে। এতে দুই উপজেলার চাষিদের মধ্যে চাষাবাদ নিয়ে শঙ্কা ও উদ্বেগ কেটে গেছে।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, চলতি মৌসুমের চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। রাবার ড্যাম সংস্কারের পাশপাশি ঢেমুশিয়া বদ্ধ জলমহালে লোনা পানি ঢোকানোও বন্ধ করা হয়েছে।