কেটে গেল ৩৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লুকোচুরিতে এলাকাটা যেন রহস্যপুরী। ইট-কংক্রিটের স্থাপনা আর বয়সী বৃক্ষের ছায়ায় থোকায় থোকায় জোনাক জ্বলে! মাঝরাতে নয়, ভর সন্ধ্যায়ই আলো জ্বেলেছে চাঁদ। সেই আলোয় মুখগুলো ঠিক চেনা যায় না, টুলে বসে সমানে চলছে কথার ফুলঝুরি। হঠাত্ একফালি হাসিতে হেসে উঠল চারদিক। কে যেন গান ধরলেন, ‘যে আঁখিতে এত হাসি লুকানো...।’ হাসির আলোতে মুখগুলো পরিষ্কার চেনা যায়—ফউজুল কবির, এজাজ ইউসুফী, শিব প্রসাদ, জাহাঙ্গীর কবির, মশিউর রহমান, আলোক মাহমুদ, আইউব সৈয়দ, জহির আহমেদ, রাশেদ হাসান, মিলি চৌধুরী, সুমন দাশ ও গোলাম মূর্তজা। তাঁরা চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। শিল্পকলায় তাঁরা আড্ডার জ্যেষ্ঠ দল হিসেবে পরিচিত। সেখানে আছেন একজন ‘আড্ডার প্রিন্সিপাল।’ অবশ্য শিল্পকলার আড্ডারুদের বয়স দিয়ে মাপা যায় না। এখানে সকাল থেকে অনেক রাত পর্যন্ত তুমুল আড্ডা জমে। ওই আড্ডায় শামিল হন ‘সব বয়সের হরেক রকম মানুষ।’ তবে জ্যেষ্ঠদের আড্ডাটা বলতে ঐতিহাসিক। আড্ডায় কেটে গেল তাঁদের ৩৩ বছর।মহড়াকক্ষে একটানা নাটকের সংলাপ, বাইরে খালি গলার গান রাতের নিস্তব্ধতাকে ভেদ করে; বাদ্যযন্ত্র হিসেবে থাকে খনিজ পানির বোতল আর কাঠের টুলটাই। এমন সময় কথা হলো চির সবুজ আড্ডারুদের সঙ্গে। ‘আড্ডা! শব্দটি শোনার সঙ্গে সঙ্গে মনটা চনমনে হয়ে যায়। আবার মাঝেমধ্যে মনটা বিষাদে ভরে যায় সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া চিরপরিচিত মুখগুলো মনে করে। বাণিজ্যনগরের বিভিন্ন স্থানে নিয়মিত আাাড্ডা হয়। ইদানীং ছোটখাটো রেস্তোরাঁয়ও আড্ডা জমে। কিন্তু শিল্পকলার আড্ডা হলো চট্টগ্রামের অনেক বড় ও পুরোনো, যার শুরু ১৯৭৭ থেকে।’ বললেন নাট্যজন মশিউর রহমান। জানা যায়, আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন সাংবাদিক ইদ্রিস আলম ও নাট্য পরিচালক প্রণব দাশগুপ্ত।জ্যেষ্ঠদের আড্ডা শুরু হয় সন্ধ্যার পর, চলে রাত ১০-১১টা পর্যন্ত। আড্ডায় নির্দিষ্ট কোনো বিষয় থাকে না, তবে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, খেলাধুলা প্রাধান্য পায়। আড্ডার সঙ্গে শফির দোকান থেকে কেনা চা, মুড়ি, বিস্কিট, চনাচুর চলে সমানতালে। আলোক মাহমুদ যোগ করলেন প্রতি মাসে তাঁরা ‘গরু সম্মেলন’, ‘শুঁটকি সম্মেলন’-এর আয়োজন করেন; চাঁদনি রাতে হারিয়ে যান শহর থেকে দূরে, সবুজ প্রাণের খোঁজে।জাহাঙ্গীর কবিরের কথা—‘আড্ডা সারাদিনের ক্লান্তি ভুলে নতুন করে বাঁচার প্রেরণা দেয়।’ আড্ডায় নারীরা আরও বেশি সরব। ‘আড্ডার প্রিন্সিপাল’ জাহাঙ্গীর কবির আরও জানালেন, ‘পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল মানুষগুলো আড্ডার মাঝে মেতেছেন প্রেমে ও সংসারে। এমনই এক দম্পত্তি নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া।’ আড্ডার দলটা সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন মনে-প্রাণে আর তাই তাঁরা সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ত্রাণ বিতরণ, লাশ উদ্ধারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শিল্পকলার আড্ডায় বসেই। অনেক রক্তদান কর্মসূচিও আয়োজন করেছেন। সম্প্রতি দুই দিনব্যাপী চট্টগ্রাম উৎসবের সফল আয়োজকও কিন্তু এই আড্ডাবাজেরা। তাঁদের চাওয়া এই আড্ডা থাকুক সংস্কৃতির বাহক হয়ে, অগণিত মহান কাজের স্মৃতিফলক হয়ে।