কেটেছে একেলা বিরহের বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে গুরু-পরম্পরা আয়োজিত রবীন্দ্রসংগীতের আসরে গান পরিবেশন করেন ভারতের শিল্পী অজিতা গুহ
ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে গুরু-পরম্পরা আয়োজিত রবীন্দ্রসংগীতের আসরে গান পরিবেশন করেন ভারতের শিল্পী অজিতা গুহ

মঞ্চে তিন শিল্পী। দুজন বাংলাদেশের আর অপরজন ভারতের কলকাতার। দেশ ভিন্ন হলেও কণ্ঠে তাঁদের একই সুর। আর সেই সুরে গত ৩০ ডিসেম্বর তাঁরা মাতালেন নগরের ফুলকির একে খান স্মৃতি মিলনায়তন। রবীন্দ্রসংগীতের সংগঠন গুরু-পরম্পরা আয়োজিত এই সংগীতসন্ধ্যায় গান গাইলেন বাংলাদেশের গোলাম হায়দার, শুভাগত চৌধুরী ও ভারতের অজিতা গুহ। আয়োজনের শেষ দিকে বাংলাদেশের শিল্পী বনালী দত্তও বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
‘কেটেছে একেলা বিরহের বেলা’ শিরোনামে এই সংগীত আয়োজন শুরু হয় সন্ধ্যা সাতটায়। শুরুতেই দ্বৈত কণ্ঠে অজিতা গুহ ও শুভাগত চৌধুরী পরিবেশন ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’। এরপর অনুষ্ঠানে অংশ নেওয়া তিন শিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘প্রথম আদি তব শক্তি’ গানটি। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী অজিতা গুহ। এরপর তিনি একে একে গাইলেন ‘মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে’, ‘ও যে মানে না মানা, ‘ওরা অকারণে চঞ্চল’সহ বেশ কয়েকটি গান।
অজিতার পর মঞ্চে আসেন গোলাম হায়দার। তিনি গেয়ে শোনান ‘না চাহিলে যারে পাওয়া যায়’, ‘ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে’, ‘তুমি কোন্ কাননের ফুল’সহ ছয়টি রবীন্দ্রসংগীত। গানের পাশাপাশি গোলাম হায়দারের কৌতুকপূর্ণ আলাপচারিতা আনন্দ দেয় দর্শকদের।
এরপর একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শুভাগত চৌধুরী। তাঁর প্রথম পরিবেশনা ছিল ‘তুমি কি কেবলই ছবি’। এরপর গেয়ে শোনান ‘তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই’, ‘কেটেছে একেলা বিরহের বেলা’, ‘ভালোবেসে সখী, নিভৃতে যতনে’ ও ‘আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি’।
শিল্পী বনালী দত্ত পরিবেশন করেন ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’ ও ‘আমি রূপে তোমায় ভোলাব না’। বনালী দত্তের বিদায়ের পর মঞ্চে চার শিল্পীকে একসঙ্গে আমন্ত্রণ জানানো হয় সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের জন্য। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ও আমার দেশের মাটি’ গানটি। তবে গানটি পরিবেশন করতে গিয়ে তাল হারিয়েছেন একজন শিল্পী। তাঁর ভুলে পরিবেশনাটাই শ্রুতিকটু হয়ে দাঁড়ায়। এ নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি কয়েকজন দর্শক। গান শুনতে আসা আব্দুল হাই বলেন, ‘অনেক ভালো গান গেয়েছেন শিল্পীরা। তবে পুরো আয়োজনজুড়ে অব্যবস্থাপনা দেখা গেছে, যা বেশ দৃষ্টিকটু লেগেছে।’