বিশ্বজুড়ে ফ্যাশন
কেটের জন্মদিনের পোশাকের পেছনের গল্প
৯ জানুয়ারি ৪০তম জন্মদিন পার করলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এক দশক পর প্রিয় ডিজাইনারকে দিয়ে জন্মদিনের জন্য তিনটি পোশাক বানালেন ডাচেস অব কেমব্রিজ
ফ্যাশন ব্র্যান্ড আলেকজান্ডার ম্যাককুইনের সৃজনশীল পরিচালক সারাহ বার্টনকে দিয়ে নিজের বিয়ের পোশাকটি বানিয়েছিলেন ইংল্যান্ডের রাজপরিবারের জ্যেষ্ঠ পুত্রবধূ কেট মিডলটন। এক দশক পর প্রিয় সেই ডিজাইনারকে দিয়েই তাঁর ৪০তম (৯ জানুয়ারি) জন্মদিনের জন্য তিনটি পোশাক বানালেন ডাচেস অব কেমব্রিজ।
এক কাঁধের লাল গাউনে কেটকে দেখে অনেকেই অবাক। সচরাচর এ ধরনের পোশাকে তাঁকে দেখা যায় না। ফোলানো গিগট হাতা এবং বিশাল স্কার্টের মধ্যে সেলাই করা পকেটের ভেতর হাত ঢোকানো কেটের চেহারায় উজ্জ্বল হাসি। আলোকচিত্রী পাওলো রভারচির তোলা ছবিগুলো দেখলেই বোঝা যায়, নাটকীয় এই সাজ দারুণ উপভোগ করেছেন কেট। যদিও ডাচেসের সান্ধ্য গাউনগুলো অনেকটাই নম্রভদ্র, কিন্তু এই ছবির বার্তা কিন্তু পরিষ্কার—জন্মদিনেই যদি বিশাল আকৃতির বলগাউন না পরতে পারেন, কখন পরবেন তাহলে?
নিঃসন্দেহে বার্টনের কাব্যিক নকশার দারুণ ভক্ত ডাচেস। বার্টনের পোশাকের নকশার পেছনের গল্পগুলোকেও তিনি পছন্দ করেন। উদাহরণস্বরূপ, ম্যাককুইনের বসন্ত বা গ্রীষ্মের ২০২২ সংগ্রহটি লন্ডনের আবহাওয়া এবং সেসব নারী দ্বারা অনুপ্রাণিত, যাঁরা পছন্দ করেন রহস্য এবং উত্তেজনা। কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ না করা ও প্রকৃতির অপ্রত্যাশিত ঘটনায় অংশ হওয়া, এটিকে তীব্রভাবে দেখা এবং অনুভব করা—এমন একটি বিশ্বের সঙ্গে এক হওয়া, যা আমাদের চেয়ে বড় এবং আরও শক্তিশালী, পোশাকের নকশায় ফুটে ওঠেছে এই ভাবনাগুলোই। কেটের এই সাদা পোশাকটির মধ্যে কোনো ছাপা নকশা বা এমব্রয়ডারি না থাকলেও চোখধাঁধানো উজ্জ্বলতাকে এড়ানো সম্ভব না।
ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্টন বলেছিলেন, ২০২২ সালের বসন্ত বা গ্রীষ্মের সংগ্রহের কাজটি করার সময় নতুন পদ্ধতির সঙ্গে পরিচিত হয়েছেন তিনি। এই অভূতপূর্ব সময়ে নারীদের মডেলিংয়ের বিস্তৃত পরিধি থেকে অনুপ্রেরণা পেয়েছেন। ‘আমি মডেল নয়, মানুষ হিসেবে তাঁদের জন্য পোশাক তৈরি করেছি। মডেলেরা যতটা আপনাকে অনুপ্রাণিত করেছে, ততটা আপনি তাঁদেরও অনুপ্রাণিত করেছেন,’ বলছিলেন সারাহ বার্টন। সব কথার শেষ কথা হলো, মিডলটন-ম্যাককুইনের দলগত কাজকে এর আগে কখনোই এতটা সতেজ দেখায়নি।