কেন অভিযানের নাম জেরোনিমো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনকে ধরার অভিযানের সাংকেতিক নাম ছিল জেরোনিমো। আর জেরোনিমো হচ্ছে সবচেয়ে পরিচিত আদিবাসী আমেরিকানের নাম। ঊনবিংশ শতকের শেষ ভাগের এ বীর অ্যাপাচি যোদ্ধার নাম উচ্চারণমাত্রই বিশ্বজুড়ে অনেক মানুষের মানসপটে ভেসে ওঠে ‘আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টের’ চিত্র। সে ছবি মূলত বসতি গড়া সাদা মানুষ আর সেখানকার আদিবাসী ইন্ডিয়ানদের নিরন্তর এবং প্রায়শই রক্তক্ষয়ী- সংঘাতের ছবি।মার্কিন বিশেষ বাহিনীর সেনাদের হাতে ওসামা বিন লাদেন নিহত হয়েছেন এই খবরটি প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেওয়া হয়েছিল এই শব্দ দুটি দিয়ে: ‘জেরোনিমো ইকেআইএ’ (Geronima EKIA)। এখানে ইকেআইএর বিশদ হচ্ছে ‘এনিমি কিল্ড ইন অ্যাকশন’—অভিযানে শত্রু খতম।কিন্তু কেন অভিযানটির এমনতরো নাম? মার্কিন সরকারি কর্মকর্তারা এ নিয়ে মন্তব্য করেননি কোনো। স্পর্শকাতরতার কারণে সম্ভবত তাঁরা কোনো দিন এ নিয়ে মুখ খুলবেনও না।তবে সেই ২০০১ সালে (টুইন টাওয়ার হামলার পর) আল-কায়েদা নেতাকে ধরার অভিযান শুরুর সময়ই ব্যাপারটির বর্ণনায় নানাভাবে ‘বুনো পশ্চিমের’ ভাষা ব্যবহার হতে থাকে। ‘ডেড অর অ্যালাইভ’ (জীবিত বা মৃত) ওসামা বিন লাদেনকে পাকড়াও করার জন্য তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আহ্বানে অনেকেই হলিউডের পুরোনো ওয়েস্টার্ন ছবির পোস্টারের মিল খুঁজে পেয়েছেন। অন্যদিকে লাদেনসহ অনেক জঙ্গির বিচরণস্থল হয়ে ওঠা পাকিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলের সঙ্গে অনেক ভাষ্যকারই মিল পেয়েছেন আমেরিকার পশ্চিম প্রান্তের রুখুসুখু বিরানভূমির। একজন ভাষ্যকার তো নাম ধরেই বলেছেন, বিন লাদেন হচ্ছে একবিংশ শতাব্দীর জেরোনিমো যিনি কিনা মার্কিন সেনাবাহিনীকে এমন এক উষর পার্বত্যাঞ্চলে ধোঁকা দিয়ে বেড়াচ্ছেন যাকে অনায়াসেই আমেরিকার বুনো পশ্চিমের সঙ্গে বদলানো যায়।সত্যিই আফগানিস্তানের গুহায় পরিপূর্ণ পর্বতরাজি আর বিপদসংকুল গিরিখাতের সঙ্গে হাজার হাজার মাইল দূরে সত্যিকারের জেরোনিমোর লীলাভূমি সিয়েরা মাদ্রে পর্বতমালার মিল খুঁজে পেতে তেমন কল্পনাশক্তির প্রয়োজন হয় না। আফগানিস্তানের পার্বত্য অঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায় মার্কিন সেনাবাহিনীর সাফল্যের সম্ভাবনার বিষয়ে মেরিন কোরের অবসরপ্রাপ্ত কর্নেল ও ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলান আর মিলেট ২০০১ সালে বলেছিলেন, এটা হচ্ছে জেরোনিমোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো। আপনি হয়তো গোটা দুই অ্যাপাচিকে ঘায়েল করতে পারবেন। কিন্তু তাতে কী আসে যায়?গবেষকেরা বলেন, জেরোনিমোর বাবা-মা জন্মের সময় তাঁর নাম রেখেছিলেন গোয়াখলা। তাঁর নাম কীভাবে বদলে গেল তা নিয়ে একাধিক তত্ত্ব আছে। একটি তত্ত্বমতে, মেক্সিকানরা ওই নাম দিয়েছিল তাঁকে। নিজের পরিবারের সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিতে তাঁদের বিরুদ্ধে লড়েছিলেন জেরোনিমো। একটি ভাষ্যমতে, মেক্সিকানরা চিৎকার করত ‘কুইদাহো! (সাবধান!) জেরোনিমো!’ হতে পারে তারা গোয়াখলাকে ভুলভাবে উচ্চারণ করেছিল বা (যেমনটা কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন) সন্ত জেরোমের কাছে সুরক্ষা চেয়েছিল। পরবর্তী সময়ে যা নিউ মেক্সিকো অঙ্গরাজ্য হিসেবে পরিচিত হয় সেখানেই ১৮২৯ সালে জন্ম জেরোনিমোর। অ্যাপাচি জাতির অন্যতম নেতা হিসেবে তিনিও স্পেনীয় ও উত্তর আমেরিকান উভয় তরফের উপনিবেশ গড়ার চেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখেন। মেক্সিকান সেনাদের ওপর দুর্ধর্ষ হামলার মাধ্যমে প্রাথমিক খ্যাতি (বা কুখ্যাতি) অর্জন করেন জেরোনিমো। মেক্সিকান সেনারা জেরোনিমোর গ্রামে হানা দিয়ে তাঁর পরিবারের লোকজনকে হত্যা করে। অ্যাপাচি ওই বীর প্রতিজ্ঞা করেন যত বেশি সম্ভব মেক্সিকান সেনাকে মারবেন তিনি। পরবর্তী সময়ে মার্কিন সেনাবাহিনীর শত্রু হয়ে ওঠেন জেরোনিমো। সিয়েরা মাদ্রের বিশাল বিস্তারে আমেরিকান সেনাদের বহু ঘোল খাইয়েছেন তিনি। শেষ পর্যন্ত আ্যাাপাচি আদিবাসী স্কাউটরাই পথ দেখিয়ে মার্কিন সেনাদের জেরোনিমোর কাছে নিয়ে যায়। ১৯০৯ সালে জেলে বন্দি অবস্থায় মৃত্যু হয় জেরোনিমোর। তাঁর অসীম সাহসিকতা ক্রমে কিংবদন্তির বিষয় হয়ে ওঠে। ইতিহাসের তামাশাই বলতে হবে, মার্কিন বিশেষ বাহিনীর দুটি ইউনিটের রেজিমেন্টাল নিকনেম বা ডাকনাম জেরোনিমো! সর্বশেষ: যুক্তরাষ্ট্রের অ্যাপাচি আদিবাসীদের একটি সংগঠন লাদেনের সঙ্গে জেরোনিমোর তুলনা করার তীব্র প্রতিবাদ জানিয়েছে সুমন কায়সার