কেন এই বিশ্ববিদ্যালয়
নারীর ক্ষমতায়নের মূলেই রয়েছে শিক্ষা। শিক্ষাব্যবস্থায় থাকবে স্বপ্ন দেখার, বাস্তবায়নের সুযোগ। তাই নারীর ক্ষমতায়নকে আমি দেখি দুভাবে: নারী তাঁর অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং অর্থনৈতিকভাবে সফল হবেন। আর শিক্ষা ছাড়া এ অর্জন সম্ভব নয়। আমাদের সমাজে তখনই পরিবর্তন আসবে, যখন নারীরা অর্থনৈতিক দিক দিয়ে সফল হবেন।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মধ্য দিয়ে আমাদের কোনো ব্যবসা নয়, আমরা চাই এশিয়ার নারীদের নেতৃত্ব গ্রহণের সুযোগকে ছড়িয়ে দিতে, তাঁদের আচরণ ও চিন্তাচেতনাকে গড়ে তুলতে। এশিয়ার এমন অনেক অঞ্চল থেকে আমাদের শিক্ষার্থীরা এসেছে, যাদের কেউ কোনো দিন বলেনি, জীবনে সে কী করতে চায়। আমরা তাদের নিয়েই গঠনমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। এশিয়ার বিভিন্ন দেশ যুদ্ধবিগ্রহ, জাতিগত বিদ্বেষ আর অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। এর কারণ কী? ভিন্ন ভিন্ন মতের মানুষ। তারা ধর্ম, জাতি, ভাষা ও সংস্কৃতির মধ্য দিয়ে পার্থক্য গড়ছে একে অন্যের সঙ্গে। আমাদের বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রাক্কালে আমাদের লক্ষ্য ছিল ধর্ম, বর্ণ, জাতিবিদ্বেষের দেয়াল ছাড়িয়ে সবাইকে এক সহাবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার। কারণ, একত্রে বসবাস এবং মতবিনিময়ের মধ্য দিয়ে তারা বুঝতে পারবে, নিজেদের সাধারণ বৈশিষ্ট্যটি কোথায়। আমি গত তিন বছরের অভিজ্ঞতায় দেখেছি, আমাদের শিক্ষার্থীরা কীভাবে বিভেদের দেয়াল ভেঙে দিয়েছে। হিন্দু-মুসলমান শিক্ষার্থীরা একসঙ্গে থাকছে। ভারত-পাকিস্তানের শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে মিশছে, বন্ধুত্ব করছে। সিংহলিরা পাশে এসে দাঁড়িয়েছে তামিলদের। তাদের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবারগুলোরও দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে। তারাও এসে যোগ দিচ্ছে। আমরা আমাদের শিক্ষার্থীদের দেখতে চাই, তারা এমনভাবে প্রস্তুত হচ্ছে যে দেশের প্রয়োজনে প্রতিকূল মুহূর্তে তারা সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করবে। তারা অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই ভূমিকা নেবে। সমস্যা দেখে এনজিও, সরকার কিংবা আন্তর্জাতিক সাহায্যের জন্য অপেক্ষা করবে না।এখন ছাত্রীদের সংখ্যা বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি। এখন পর্যন্ত এশিয়ার ১২টি দেশের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মূল ভবন হয়ে গেলে আশা রাখছি আরও ২০-২৫টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থী এসে যোগ দেবে এশিয়ার সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের প্রয়াসে। (অনুলিখিত) কামাল আহমেদ: প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন