কেন এই মামলাজট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক ও আইনজীবীরা জানান, বিচার বিভাগ পৃথক হওয়ার পর থেকে সিএমএম আদালতে বিচারকসংকট কমলেও দেওয়ানি আদালতে সংকট এখনো রয়েছে। মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম হওয়ায় মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে।
আদালত সূত্র জানায়, জেলায় জেলা ও দায়রা জজ আদালতের অধীনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ সহকারী আদালতসহ মোট দেওয়ানি আদালত রয়েছে ৪১টি। এর মধ্যে জেলা জজ আদালতের অধীন তিনজন অতিরিক্ত জেলা জজ, একজন যুগ্ম জেলা জজ ও নয় জন সহকারী জজের পদ খালি। এ ছাড়া, ছয় জন উচ্চমান সহকারী ও ৩১ জন নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটারের পদ শূন্য রয়েছে বিভিন্ন আদালতে। নগরের বাইরে সবচেয়ে বেশি বিচারকসংকট রয়েছে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। সেখানে একজন যুগ্ম জেলা ও দায়রা জজ ছাড়াও পাঁচ জন সিনিয়র সহকারী জজ থাকার কথা। কিন্তু এক যুগের বেশি সময় ধরে আছেন মাত্র একজন সিনিয়র সহকারী জজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুদিন সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সরকারি ছুটি বাদ দিলে আদালতের কার্যদিবস চলে মাসে ১৬-১৭ দিন। এর বাইরে হরতাল-অবরোধসহ অনাকাঙ্ক্ষিত কারণে কিছু কার্যদিবস নষ্ট হয়।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এ এফ মোস্তফা বলেন, ‘বিচারকের তুলনায় মামলার আধিক্য, ত্রুটিপূর্ণ মামলা দায়ের, অকারণে সময় চাওয়া, সমনজারি ও কাম্যমান বাদী-বিবাদী অন্তর্ভুক্তিতে সময়ক্ষেপণ ইত্যাদি কারণে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হয়। দেওয়ানি কার্যবিধিতে সামান্য কারণে উচ্চআদালতে রিভিশন আপিল করার সুযোগ থাকায় অনেকে তার সুযোগ নিয়ে মামলা দীর্ঘায়িত করেন। এ ছাড়া, সংশ্লিষ্ট আইনজীবী ও পক্ষগণের কারও কারও যথাসময়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণে ইচ্ছাকৃত সময়ক্ষেপণের কারণেও মামলা নিষ্পত্তিতে দেরি হয়।’ জেলা জজ বলেন, ‘দেওয়ানি কার্যবিধি সহজিকরণ, বিচারকের সংখ্যা বাড়ানো, এবং আইনজীবী ও পক্ষগণ আন্তরিক হলে মামলা আরও কম সময়ে নিষ্পত্তি করা সম্ভব।’