কেন বেশি খেতে চায় মন?
কোনো কারণ ছাড়াই অনেকের ক্ষুধা লাগে বেশি। খাবার কিছুক্ষণ পর আবারও খেতে ইচ্ছে করে। বেশি বেশি খাওয়ার পরেও খেতে ইচ্ছে করে। এর একটি কারণ খুঁজে বের করেছেন গবেষকেরা। তাঁরা বলছেন, ঘুম কম হলে ক্ষুধা লাগে বেশি।
‘স্লিপ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
দ্য হকের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের স্বল্পতার কারণে শরীরে এক ধরনের রাসায়নিকের পরিমাণ বেড়ে যায় যা ক্ষুধাকে আরও বেশি তীব্র করে তোলে। এর ফলে একজন মানুষ বেশি বেশি খায়, আর ওই ব্যক্তির ক্ষেত্রে খাবারের পছন্দের বিবেচনাও দুর্বল হয়ে পড়ে।
গবেষকেরা বলেন, এন্ডোক্যানাবিনয়েডের মাত্রা বেড়ে যাওয়ার ঘটনাটি এমন একটি পদ্ধতি যা স্বল্প ঘুমের ফলে অতিরিক্ত খাবার খাওয়ার যোগসূত্র গড়ে দেয়। বিশেষ করে শরীরে শক্তির পরিমাণ কম অনুভূত হলেও বিভিন্ন রকম হালকা-মুখোরোচক খাবারে আগ্রহ বাড়ে।
গবেষকদের পরামর্শ হচ্ছে পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। তাহলেই খাবার কিছুক্ষণ পর আবারও খাওয়ার ইচ্ছায় রাশ টানা সম্ভব হবে।