যখন ছোট ছিলাম, তখন সারাক্ষণ একটা কথাই মনে হতো, কখন বড় হব। বড়রা কত্ত মজায় থাকেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয় না। স্কুলে স্যার-ম্যাডামদের বকুনি শুনতে হয় না। বড়দের স্কুলে পরীক্ষা দিতে হয় না। পরীক্ষায় খারাপ করলে সবার কাছে কড়া কথা শুনতে হয় না। মা-বাবা আর বড় ভাইবোনদের শাসনে থাকতে হয় না। ছোটবেলায় ভাবতাম, আহ্! একবার যদি বড় হতে পারতাম! দোকানের সব লজেন্স আমি একাই কিনে খেতাম। আর আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিমের পুরো গাড়িটাই কিনে নিতাম। বড় হয়ে গেলে আর কারও কথা শুনতে হবে না; কতই না মজা হবে!আজ শৈশব থেকে অনেক দূরে এসে সেই ফেলে আসা ছেলেবেলায় বারবার ফিরে যেতে ইচ্ছে করে। মনে হয় সেই দিনগুলোই তো বেশি মধুর ছিল। ভবিষ্যতের কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্ব ছিল না। অনেক শাসনের মধ্যেও নিজের যা খুশি তা-ই করতাম। মনে পড়ে স্কুলের বার্ষিক পরীক্ষার পর পর নানিবাড়িতে বেড়াতে যাওয়ার কথা। নানিবাড়ি থেকে ফিরে অপেক্ষা করতাম খালার বাড়ি যাওয়ার জন্য। সেই সময় খালার বাড়ি যেতে হতো ট্রেনে চড়ে। সেটা ছিল সবচেয়ে বড় আকর্ষণ। আরেকটি মজার জায়গা ছিল ছোট মামার বাসা। দাদার বাড়ি খুব বেশি যাওয়া হয়নি, কিন্তু যখন যেতাম, সবাই এত্ত আদর করতেন! এসব জায়গায় যাওয়ার পর আর বাসায় ফিরতে ইচ্ছে করত না।এখন এই পূর্ণ যৌবনে দাঁড়িয়ে মনে হয়, সে দিনগুলোই তো বেশি ভালো ছিল। এখন পকেটের মানিব্যাগে টাকা থাকে; কিন্তু লজেন্স আর আইসক্রিম খেতে ইচ্ছে করে না। ক্যারিয়ার আর ভবিষ্যতের ভাবনায় চরম ব্যস্ততার কারণে কোনো আত্মীয়র বাসায় যাওয়া হয় না। এখন মনে হয়, থান্ডার ক্যাটস, ক্যাপ্টেন প্লানেট, উডি-উড পিকার, টম অ্যান্ড জেরি, টিনএজ মিউটেন্ট নিনজা টার্টেলস, পাপাই শো, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, টারজান, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, চাচা চৌধুরী, তিন গোয়েন্দা, ম্যাকগাইভার—এসব নিয়ে ভালোই তো ছিলাম। বড় হলাম কেন!মো. জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা।