কেন শিখব দ্বিতীয় ভাষা
‘ইংরেজি ভাষা ভালো করে জানা থাকলে কখনো পিছিয়ে পড়তে হয় না। সমানতালে পাল্লা দেওয়া যায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে। স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে ইংরেজি শিখে তাই নিজেকে প্রস্তুত করে তুলছি আমি।’ বলছিলেন শিক্ষার্থী ফরিদুল ফাহিম। আরেক শিক্ষার্থী অর্পিতার উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়ার ইচ্ছা যুক্তরাষ্ট্রে। এ জন্য তাঁকে বসতে হচ্ছে টোয়েফল পরীক্ষায়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার যোগ্যতা শিক্ষার্থীদের আছে কি না, তা দেখার জন্যই মূলত বসতে হয় এ ধরনের পরীক্ষায়। পরীক্ষা খারাপ হলে সুযোগই পাওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তির।ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য এ ভাষা আয়ত্ত করা অনেকটা সহজ। অনুশীলনের মাধ্যমে সহজেই তাঁরা এ ভাষায় মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়ে ওঠেন। এ লেভেল এবং ও লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা সহজেই দেশের বাইরে গিয়ে মানিয়ে নিতে পারছেন নিজেকে। তুলনায় বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের একটু সময় লাগতে পারে।নিয়মিত চর্চার মাধ্যমে ইংরেজি ভাষা আয়ত্ত করা যায় সহজে। বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর জন্য। তারা সহজ পদ্ধতিতে ইংরেজি শিখিয়ে আগ্রহী করে তুলছে তরুণদের। দেশের বাইরে পড়াশোনা কিংবা কাজ করতে গেলে টোয়েফল বা আইএলটিএসে থাকতে হয় ভালো স্কোর। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্যাট, জিআরই, জিম্যাট এসব পরীক্ষার স্কোরও প্রয়োজন হয়। এসব পরীক্ষায় ভালো করতে হলে ভালো ইংরেজি জানা থাকা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘এমবিএ করার জন্য আমি যুক্তরাজ্যে যেতে চাই। তাই শুরু করে দিয়েছি ইংরেজি শেখা। ইংরেজিতে দক্ষ হলে নানা ক্ষেত্রে বৃত্তি পাওয়াও সহজ হয়ে যায়। তখন বাইরে পড়াশোনা করার খরচটাও কমে যায় অনেক।’শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও ইংরেজি শেখার রয়েছে নানা সুযোগ। ঢাকার ব্রিটিশ কাউন্সিল ও আমেরিকান সেন্টার ইংরেজি শেখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও মানসম্মত উপায়ে তারা চেষ্টা করে থাকে ইংরেজি শেখানোর। ইংরেজি ভাষার সঠিক প্রয়োগ, শুদ্ধ উচ্চারণ ও সহজ পদ্ধতিতে শেখানোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এ প্রতিষ্ঠানগুলো। ভিন্ন ভিন্ন বয়সের মানুষের উপযোগী করে তারা চালু করেছে নানা কোর্স। ব্রিটিশ কাউন্সিলের কোর্সগুলোর মধ্যে রয়েছে আইএলটিএস প্রিপারেশন কোর্স, সাধারণ ইংলিশ কোর্স, বিজনেস ইংলিশ কোর্স ও ফাউন্ডেশন কোর্স। উচ্চমাধ্যমিকের পর যুুক্তরাজ্যে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বেছে নিতে পারেন এক বছরের ফাউন্ডেশন কোর্স।ব্যবসায়ী, গৃহিণী, শিক্ষার্থী ও শিশুকিশোর কেউই বঞ্চিত নয় আজ ইংরেজি শেখার সুযোগ থেকে। নানা রকম বই পড়ে তারা বাড়াচ্ছে নিজেদের জ্ঞানভান্ডার। ইংরেজি চলচ্চিত্র দেখে, গান শুনে জানতে পারছে অনেক কিছু।ইংরেজি শিক্ষা প্রসারের জন্য বিবিসি জানালাও করে যাচ্ছে কাজ। সমাজের সর্বস্তরের মানুষ যাতে এ ভাষা সম্পর্কে জানতে পারে, সেদিকে রয়েছে তাদের সজাগ দৃষ্টি। প্রচারমাধ্যমগুলোর সাহায্য নিয়ে তারা পৌঁছে যাচ্ছে ইংরেজি শিখতে আগ্রহী মানুষের কাছে। নাটক কিংবা কমিকসের মাধ্যমে তারা আনন্দদায়ক করে তুলছে ইংরেজি শিক্ষাপাঠকে। মুঠোফোনে, অনলাইনে অথবা অডিও সিডি থেকে শুনে শুনে রয়েছে ইংরেজি শেখার সুযোগ। এসবের বাইরেও নানা প্রতিষ্ঠানে যোগ দিয়ে ইংরেজি শিখছেন শিক্ষার্থীরা। এ ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছেন প্রায় সবাই। শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থী, সবাইকে জানতে হচ্ছে এই ভাষা।আন্তর্জাতিক অঙ্গনে ভাব প্রকাশের জন্য ইংরেজি ভাষা খুব গুরুত্বপূর্ণ। দেশের বাইরে কাজ করতে গেলে এ ভাষাই বাঁচাতে পারে হাজারো বিপদ থেকে। তাই সবারই ইংরেজি ভাষায় দক্ষ হওয়া উচিত। সঠিকভাবে এই ভাষা জানা থাকলে শিক্ষা কিংবা কাজের জন্য দেশ-বিদেশে ছড়িয়ে যেতে তখন আর কোনো বাধা থাকবে না। ভাষাগত দিক থেকে তথ্যের আদান-প্রদান করাটাও হয়ে যাবে সহজ। মানুষের সামনে উন্মোচন হবে অন্য এক ভাষার অজানা সব দিক। বিচিত্র সব বিষয়ে জানতে পারবেন তাঁরা। এ জানাই জ্ঞানের দিক থেকে করে তুলবে সমৃদ্ধ। বেড়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের শিক্ষার্থীদের পদচারণ।